জমিয়তে উলামায়ে ইসলামের নারায়ণগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক ও হেফাজত নেতা মাওলানা ফেরদাউসুর রহমানকে গণধোলাই দিয়েছে ছাত্রদল। মারধরের একপর্যায়ে ফেরদাউসুর রহমানের পরিধেয় পাঞ্জাবি ও গেঞ্জি ছিঁড়ে ফেলা হয়। মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় হামলাকারীরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে শহরের জামতলায় হীরা কমিউনিটি সেন্টারের সামনে।
ভিডিওতে দেখা যায় ছাত্রদলের কয়েকজন কর্মী মাওলানা ফেরদাউসুর রহমানকে এলোপাতাড়ি মারধর করছে। এবং তাকে জিজ্ঞাসা করা হচ্ছে ‘তুই শামীম ওসমানের ছোট ভাই না’? একপর্যায়ে ফেরদাউসের পরিধেয় পাঞ্জাবি ও গেঞ্জি ছিঁড়ে নাজেহাল করা হয়। হামলায় আহত জমিয়তে উলামায়ে ইসলামের নেতা ফেরদাউসুর রহমান জানান, ‘ছাত্রদলকর্মী অনিক, তোফায়েলসহ ২০ থেকে ২৫ জন এসে আমার ওপর হামলা করে। এরা মূলত মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম রাজীবের নির্দেশনায় পরিকল্পিতভাবে হামলা করে।’
তিনি অভিযোগ করেন, জেলা পরিষদের একটি জায়গা লিজ নিয়ে কাজ শুরু করায় তার কাছে চাঁদা দাবি করা হয়। পাশাপাশি মার্কেটের অর্ধেক অংশও দাবি করা হয়। এতে রাজি না হওয়ায় তার ওপর হামলা চালানো হয়েছে।
এদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম রাজীব জানান, ‘ওনার সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো এবং তার সঙ্গে চাঁদা বা মার্কেটের বিষয়ে কখনো কোনো কথা হয়নি।
হামলার বিষয়ে তিনি বলেন, ‘আমি ঘুম থেকে উঠে শুনতে পেয়েছি যে, তার উপর হামলা হয়েছে। তবে কেন হয়েছে সেটি বলতে পারছি না।’
