ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা রফিকের মৃত্যু

অভিযুক্তদের গ্রেপ্তার দাবিতে হবিগঞ্জে মানববন্ধন

ফন্ট সাইজ:

ভুল চিকিৎসায় হবিগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুর ঘটনায় করা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শহরের জেলা ও দায়রা জজ আদালতের সামনে মুক্তিযোদ্ধা সংসদ, নাগরিক সমাজ, সাংবাদিক ও সন্তান কমান্ডের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। গত ২৪শে অগাস্ট শহরের চাঁদের হাসি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হবিগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক হবিগঞ্জ সমাচারের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক। পরে এ ঘটনায় ভুল চিকিৎসার অভিযোগে মামলা করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, চাঁদের হাসি হাসপাতালের চিকিৎসক মো. সোলাইমান মিয়া ও মেডিকেল এসিস্ট্যান্ট আল-আমিনের অপচিকিৎসায় বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যু হয়। এ ঘটনায় মামলা করা হলেও এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আসামিরা। তাদের কেন আইনের আওতায় আনা হচ্ছে না- এমন প্রশ্ন সাধারণ জনগণের। অবিলম্বে আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা না হলে, আরও কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন বক্তারা।

মানববন্ধনে হবিগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক এনাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক জিয়াউল আহসান, হবিগঞ্জ জেলা বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাসুদ করিম আখঞ্জী, হবিগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি রাসেল চৌধুরী, আইনজীবী শামসু মিয়া চৌধুরী, মুরারী ধর, হবিগঞ্জ হাই স্কুলের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, মহসিন শিকদার, আব্দুল মোতালিব মমরাজ এবং বীর মুক্তিযোদ্ধা পাঠান বাবুল বক্তব্য দেন।