সোনিয়ার বই প্রকাশনা অনুষ্ঠানে বিজেপি’র অমরিন্দর, অতঃপর...

সোনিয়ার বই প্রকাশনা অনুষ্ঠানে বিজেপি’র অমরিন্দর, অতঃপর...

ফন্ট সাইজ:

সোনিয়া গান্ধীর সঙ্গে সাত পৃষ্ঠার পদত্যাগপত্রে ‘মধ্যরাতের ষড়যন্ত্রের’ অভিযোগ তুলে কংগ্রেস ছাড়ার ঠিক পাঁচ বছর পর, সেই সোনিয়ারই স্মৃতিকথা প্রকাশনা অনুষ্ঠানে সামনের সারিতে দেখা গেল বিজেপি নেতা ক্যাপ্টেন অমরিন্দর সিংকে। ২০২১ সালের নভেম্বরে কংগ্রেস ছাড়ার পর এখন তিনি বিজেপিতে। সোমবার দিল্লিতে সোনিয়া গান্ধীর স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত একমাত্র বিজেপি নেতা ছিলেন তিনি। মঞ্চ থেকে অমরিন্দরকে দেখে তাকে গান্ধী পরিবারের একটি ব্যক্তিগত গল্পের কেন্দ্রে নিয়ে আসেন রাহুল গান্ধী। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। অনুষ্ঠানের পর ৮৪ বছর বয়সী অমরিন্দর সিংকে ঘিরে নতুন করে প্রশ্ন ওঠে, ২০২৭ সালের পাঞ্জাব বিধানসভা নির্বাচনের আগে তিনি আবার কংগ্রেসে ফিরতে পারেন কিনা।

তবে এমন সম্ভাবনা নাকচ করে দেন তিনি। বলেন, আমরা এখানে একটি সামাজিক অনুষ্ঠানে এসেছি। এর মধ্যে রাজনৈতিক বিষয় আসবে কেন?
লোকসভার বিরোধীদলীয় নেতা ৫৬ বছর বয়সী রাহুল গান্ধী তখন তার বাবা-মায়ের বিয়ে নিয়ে কথা বলছিলেন। একপর্যায়ে তিনি অমরিন্দর সিংয়ের প্রসঙ্গ টেনে আনেন। ১৯৮০-এর দশকের কোনো এক সময়ে বাবা রাজীব গান্ধী ও মা সোনিয়া গান্ধীর মধ্যে হওয়া একমাত্র ‘ঝগড়া’র গল্প শোনান তিনি। রাহুল বলেন, ‘আমি দেখছি, অমরিন্দর সিংজি এখানে উপস্থিত আছেন।’ এরপর গল্পের সূত্র ধরে বলেন, ‘আমরা তাদের (রাজীব ও সোনিয়া) মধ্যে তর্ক হতে দেখেছি। কিন্তু তাদের মাত্র একবারই ঝগড়া করতে দেখেছিলাম।’ তিনি জানান, বাবা-মায়ের মধ্যে মাঝেমধ্যে মতবিরোধ হলেও সেটিকে প্রকৃত অর্থে ঝগড়া বলা যায়, এমন ঘটনা ছিল মাত্র একবার। সেটিও ছিল উত্তপ্ত বাক্যবিনিময়, অনেকটা প্রেমিক-প্রেমিকার মান-অভিমানের মতো।

রাহুল বলেন, ‘সবচেয়ে বড় কাকতালীয় ঘটনা হলো, ঘটনাটি যখন ঘটেছিল, তখন আমার বাবা ফোনে অমরিন্দর সিংয়ের সঙ্গে কথা বলছিলেন।’ এরপর অমরিন্দরকে প্রশ্ন করেন, ‘মনে আছে?’ প্রবীণ এই নেতা তখন মুচকি হাসেন। এরপর রাহুল তাদের পারিবারিক জীবনের স্মৃতিচারণা করে বলেন, বাড়িতে প্রতিবার খাবার টেবিলে বাবা থাকতেন, আর বাবার কাছাকাছি থাকতেন মা। পরে তিনি পরিবারের ওপর নেমে আসা দুই বড় শোকের কথা বলেন। প্রথমে ১৯৮৪ সালে আততায়ীর হাতে তার দাদি, তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নিহত হন। এরপর ১৯৯১ সালে লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে বিস্ফোরণে প্রাণ হারান সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। রাহুলের ভাষায়, বাবাকে হারানোর পর তাদের পরিবারের সহায়তার পুরো ব্যবস্থাটিই ‘তছনছ হয়ে গিয়েছিল’।
পাতিয়ালার সাবেক রাজপরিবারের সদস্য অমরিন্দর সিংয়ের সঙ্গে গান্ধী পরিবারের সম্পর্কের সূত্রপাত রাজীব গান্ধীর মাধ্যমে। তারা একই স্কুলে পড়েছেন এবং বন্ধু ছিলেন। রাজীবই তাকে কংগ্রেসে নিয়ে এসেছিলেন। সম্প্রতি ইনস্টাগ্রামে ‘আস্ক মি এনিথিং’ (এএমএ) পর্বে রাহুল গান্ধী অমরিন্দরকে তার ‘প্রিয়’ নেতা বলেও উল্লেখ করেন।

সোমবার রাহুলের বলা গল্প প্রসঙ্গে পরে অমরিন্দর বলেন, ঠিক কোন সময়ের কথা রাহুল বলছিলেন, তা তার স্পষ্ট মনে নেই। তিনি বলেন, ‘রাজীব গান্ধীর সঙ্গে আমার অনেক কথোপকথন হয়েছে।’ কংগ্রেসে ফেরার বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা, জানতে চাইলে অমরিন্দর বলেন, ‘এই পরিবারকে আমি বহু বছর ধরে চিনি। আমাদের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তাদের দলে যোগ দেয়া উচিত কি না, সে বিষয়ে কেউ কখনো আমাকে জিজ্ঞাসা করেননি। তাদের সঙ্গে আমার যোগাযোগ পুরোপুরি সামাজিক পর্যায়ের। তারা কখনো আমাকে দলে যোগ দিতে বলেননি, আবার যোগ না দেয়ার পরামর্শও দেননি।’

অনুষ্ঠানে আমন্ত্রণ পাওয়ার পর সেখানে গিয়ে তিনি সৌজন্য ফিরিয়ে দিয়েছেন বলেও জানান। অমরিন্দর বলেন, ‘আমি যখন আমার বই প্রকাশ করেছি, তখন সোনিয়াজি তিনটি প্রকাশনা অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন।’ তিনি আরও বলেন, ‘অনেক দেশে রাজনৈতিক পরিচয় যা-ই হোক না কেন, মানুষ সামাজিকভাবে একে অপরের সঙ্গে যোগাযোগ বজায় রাখেন।’ কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা সালমান খুরশিদ অমরিন্দরের দলে ফেরার বিষয়ে নিজের আগ্রহ গোপন করেননি। তবে এ নিয়ে বিস্তারিত কিছু বলতে চাননি তিনি। খুরশিদ বলেন, ‘আমি তাকে ভালোভাবে চিনি। তিনি আমাদের সঙ্গে থাকলে খুব ভালো লাগতো। তবে এর বাইরে আমি কিছু বলতে পারবো না।’

আরেক জ্যেষ্ঠ নেতা অম্বিকা সোনি, যিনি অতীতে পাঞ্জাবে সক্রিয় ছিলেন, তিনি বলেন, অনুষ্ঠানটির সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। তার ভাষায়, ‘সোনিয়া গান্ধীর সঙ্গে ব্যক্তিগতভাবে সম্পর্ক রয়েছে এবং যারা ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছেন, তারাই অনুষ্ঠানে এসেছিলেন। অমরিন্দর সিং প্রায়ই বলেছেন, এই পরিবারের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তাই তার উপস্থিতি ছিল স্বাভাবিক।’ অমরিন্দরের বর্তমান দল কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি পাঞ্জাবে নিজেদের রাজনৈতিক অবস্থান শক্ত করতে চাইছে। সোনিয়ার বই প্রকাশের পর দলটি মূলত বইয়ের বক্তব্য নিয়ে কটাক্ষ করেছে। বিজেপি’র নেতারা দাবি করেছেন, কংগ্রেস সংসদীয় দলের নেতা সোনিয়া গান্ধী হয় কংগ্রেসের ‘পাপ’ আড়াল করছেন, নয়তো সেগুলো স্বীকার করছেন।