আন্তর্জাতিক অর্থায়ন কমে যাওয়ায় শরণার্থীরা, বিশেষ করে শিশুরা মানব পাচার, শোষণ ও নির্যাতনের বড় ঝুঁকিতে পড়ছে। বাংলাদেশ ও ইথিওপিয়াকে কেন্দ্র করে পরিচালিত গবেষণা দু’টিতে দেখা গেছে, সুরক্ষামূলক সেবা ও জরুরি সহায়তায় অর্থায়ন কমে যাওয়ায় শরণার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্বপূর্ণ ব্যবস্থাগুলো দুর্বল হয়ে পড়ছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) এবং বৃটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নাফিল্ড কলেজের যৌথ উদ্যোগে প্রকাশিত দু’টি নতুন গবেষণায় এ বিষয়ে সতর্ক করা হয়েছে। সোমবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে এই তথ্য দেন মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের ডেপুটি সহকারী ফারহান হক। বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলোতে শনাক্ত হওয়া মানব পাচারের ঘটনা ২০২৪ থেকে ২০২৫ সালের মধ্যে ২৮ শতাংশ বেড়েছে। এসব ঘটনার শিকার ব্যক্তিদের মধ্যে শিশুদের সংখ্যা ক্রমেই বাড়ছে।
অন্যদিকে, ইথিওপিয়ায় অর্থায়ন কমে যাওয়ায় শিশু সুরক্ষা কার্যক্রম ব্যাপকভাবে সংকুচিত হয়েছে। এর মধ্যে অভিভাবকহীন ও পরিবার থেকে বিচ্ছিন্ন শিশুদের সহায়তা কার্যক্রমও রয়েছে। ইউএনএইচসিআর সতর্ক করে বলেছে, আইনি সহায়তা, নিরাপদ আশ্রয়স্থল এবং শিশু সুরক্ষার মতো সেবাগুলো শোষণ ও নির্যাতন থেকে শরণার্থীদের রক্ষার অন্যতম কার্যকর ব্যবস্থা। সংস্থাটির বৈশ্বিক শিশু সুরক্ষা কর্মসূচির জন্য প্রয়োজনীয় অর্থের মাত্র ২৫ শতাংশ পাওয়া গেছে। এ অবস্থায় শরণার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি, নমনীয় ও পূর্বানুমানযোগ্য অর্থায়নের আহ্বান জানিয়েছে সংস্থাটি। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কো এবং ইউনিভার্সিটি কলেজ লন্ডনের (ইউসিএল) যৌথভাবে তৈরি করা নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্যবহারকারীর সামান্য বিরোধিতার মুখেই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলগুলো জলবায়ু পরিবর্তনসংক্রান্ত বৈজ্ঞানিক তথ্য থেকে সরে আসে। সোমবার তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত কপ-৩১ উপলক্ষে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনে কয়েকটি এআই মডেল পরীক্ষা করে দেখা গেছে, জলবায়ু পরিবর্তন নিয়ে বৈজ্ঞানিক তথ্যের ক্ষেত্রে এসব মডেলের ওপর সব সময় নির্ভর করা যায় না। ব্যবহারকারী কোনো তথ্য নিয়ে প্রশ্ন তুললেই মডেলগুলো দ্রুত নিজেদের অবস্থান পরিবর্তন করে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, নতুন তথ্য বিশ্লেষণের ক্ষেত্রেও এআই মডেলগুলো দুর্বল। বিশেষ করে তুলনামূলক কম প্রচলিত ভাষায় প্রশ্নের উত্তর দেয়ার সময় এগুলো বেশি ভুল করে। উদাহরণ হিসেবে প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি ১০টি পরীক্ষার মধ্যে আটটিতেই ব্যবহারকারী সামান্য দ্বিমত প্রকাশ করার সঙ্গে সঙ্গে এআই মডেলগুলো তাদের আগের অবস্থান থেকে সরে গেছে। এমনকি ‘জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ কার্বন ডাই-অক্সাইড (সিও২) নয়’-এমন উদ্বেগজনক ভুল তথ্যও নিশ্চিত করেছে মডেলগুলো।
