দীপুর তিনদিন জ্বর। সন্ধ্যার পর জ্বর আরও বাড়তে থাকে। দীপুর মায়ের দুশ্চিন্তা। আশপাশের প্রতিবেশীরা সকলেই শিশু হাসপাতালে নেয়ার কথা বলছিল। গেন্ডারিয়ায় বাসা। এখান থেকে শ্যামলী যেতে অনেকটা সময় লেগে যেতে পারে। তারপর রাত বাড়ছেই। এক প্রতিবেশী জানালেন, এই এলাকাতেই শিশু হাসপাতালের একজন ভালো চিকিৎসক বসেন। তিনি শিশু বিশেষজ্ঞ চিকিৎসক। তার কাছে এখনই নিয়ে যান। তিনি সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এখানকার মিলেনিয়াম স্পেশালাইজড হাসপাতালে রোগী দেখেন।
অধ্যাপক ডা. রিয়াজ মোবারক। তারা বাবাও ছিলেন এই এলাকার খ্যাতনামা একজন চিকিৎসক। বলছি, ডা. মোবারক আলীর কথা। বাবার হাত ধরে সন্তানও এই মহান পেশায়। ডা. রিয়াজ মোবারক দীর্ঘদিন প্র্যাকটিস করছেন শ্যামলী বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে। তিনি এই হাসপাতালের হাই ডিপেনডেন্সি ইউনিটের প্রধান হিসেবে যুক্ত আছেন। তার পরামর্শে অনেক শিশু ফিরে পেয়েছেন প্রাণচঞ্চলতা আর হাসি। অধ্যাপক ডা. রিয়াজ মোবারক শিশু চিকিৎসায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে উচ্চতর পড়াশোনা করেছেন। একজন শিশুবান্ধব চিকিৎসক হিসেবেই খ্যাত পুরনো ঢাকায়। তার চেম্বারে গেলে যে কেউ অবাক হবেন রোগীদের ভিড় দেখে। অনেক অভিভাবকের সঙ্গে কথা বলে ডাক্তারের মহানুভবতার পরিচয় পাওয়া যায়। প্রচুর রোগীর ভিড়ে ডাক্তার হাসিমুখে শিশুদের সেবা দিয়ে চলেছেন। তাকে ঘিরে ধরে আছেন একদল উদ্বিগ্ন অভিভাবক। যারা তাদের সন্তানের রোগ সমস্যায় ছুটছেন। দেখা গেছে একজন অভিভাবকের আর্থিক সঙ্গতি নেই তাতে তার কাছ থেকে কোনো শিশু বিনা চিকিৎসায় ফেরেনি। ডাক্তারের ফি কেউ দিতে পারছে কি পারছে না সেটি মুখ্য বিষয় নয়। সেই শিশুটির রোগমুক্তিই বড় বিষয়।
শিশু ও নবজাতকের স্বাস্থ্যসেবায় আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে রাজধানীর সূত্রাপুরে মিলেনিয়াম হাসপাতাল নিয়ে এসেছে নতুন বিশেষায়িত চিকিৎসাসেবা। হাসপাতালটিতে যাত্রা শুরু করেছে অধ্যাপক ডা. রিয়াজ মোবারক চাইল্ড কেয়ার সেন্টার। এনআইসিইউ, পিআইসিইউ থেকে এই সেন্টারে শিশুদের জন্য করা পৃথক বিনোদনকেন্দ্র। এই পরিচর্যাকেন্দ্রে শিশুদের জন্য বিশেষ ব্যবস্থার বাইরে রয়েছে জেনারেল ওয়ার্ড। সবচেয়ে দৃষ্টিনন্দন বিষয় হচ্ছে শিশুদের জন্য করা কিডস জোন। মায়েদের জন্য রয়েছে পৃথক ব্রেস্ট ফিডিং জোন।
মিলেনিয়াম হাসপাতালের পঞ্চম তলায় সুবিশাল এই অধ্যাপক ডা. রিয়াজ মোবারক শিশু পরিচর্যাকেন্দ্রের শুভ সূচনা হয় ৭ই নভেম্বর। প্রধান অতিথি হিসেবে এই সেন্টারটির উদ্বোধন করেন হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ নবী উল্লাহ। উদ্বোধনী বক্তব্যে তিনি হাসপাতালটিকে ভবিষ্যতে মেডিকেলে রূপান্তরের ঘোষণা দেন। সূচনা বক্তব্যে অধ্যাপক ডা. রিয়াজ মোবারক কৃতজ্ঞচিত্তে পুরনো ঢাকার মানুষের তাকে কাছে টেনে নেয়ার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তার বাবাও ছিলেন এই এলাকার একজন জনপ্রিয় শিশু চিকিৎসক। যিনি পুরো জীবন কাটিয়ে দিয়েছেন এলাকার শিশুদের নিস্বার্থ সেবায়। তিনিও হাজারও শিশুর কল্যাণে শেষদিন পর্যন্ত স্বাস্থ্যসেবা দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক ডা. মীর্জা মোহাম্মদ জিয়াউল ইসলাম। তিনি অধ্যাপক ডা. রিয়াজ মোবারক চাইল্ড কেয়ার সেন্টারের সাফল্য কামনা করে বলেন, শিশু স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছাতে এবং শিশুদের যত্ন নিতে এই কেন্দ্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, পুরনো ঢাকা থেকে একটি শিশু অসুস্থ অবস্থায় শিশু হাসপাতালে নেয়ার পথে পরিস্থিতির অবনতি হতে পারে বিধায় এমন সব সংকটাপন্ন শিশুদের সেবায় এই সেন্টারটি আগামীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ রেজাউল হক রনি মানুষের আস্থা ধরে রাখতে সকলকে নিরলসভাবে কাজ করে যাওয়ার জন্য অঙ্গীকার ব্যক্ত করেন।
