হবিগঞ্জ হাসপাতালে অভিযান, ৫ দালালের কারাদণ্ড

ফন্ট সাইজ:

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত ও এসআরবি’র সদস্যরা। গতকাল সকালে হাসপাতাল এলাকায় চালানো হয় ঝটিকা অভিযান। অভিযানে আটক করা হয় ৫ চিহ্নিত দালালকে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ ছাড়াও প্রত্যেককে ১শ’ টাকা করে জরিমানা আদায় করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলো- সাকিব মিয়া তালুকদার, কামাল শাহ, জনাব আলী, আরফান মিয়া ও টেনু মিয়া। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিয়াজ মাহমুদ জানান, ভ্রাম্যমাণ আদালত ও এসআরবি’র সদস্যরা হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে ৫ দালালকে আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা প্রত্যেকেই দালালি সঙ্গে যুক্ত বলে নিজেদের দোষ স্বীকার করে। এ ছাড়াও আটককৃতদের মধ্যে কয়েকজন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে বেশ কয়েকবার আটক হয়েছে।

তিনি বলেন, তাদের প্রত্যেককে ৭ দিন করে কারাদণ্ড দেয়া হয়েছে।
এসআরবি-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের ক্যাপ্টেন মো. মোশাররফ হোসেন সাগর বলেন, জেলা সদর হাসপাতালে যেহেতু সাধারণত গ্রামগঞ্জ থেকে সহজ-সরল মানুষজন চিকিৎসা নিতে আসেন- তাই তাদের ফাঁদে ফেলে দালালরা টাকা-পয়সা হাতিয়ে নেয়। তিনি বলেন, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৫ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেয়া হয়েছে। জনস্বার্থে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।