বাবা-মায়ের প্রথম দেখা হওয়া রেস্তোরাঁয় প্রেমিকাকে নিয়ে গিয়েছিলেন রাহুলও

বাবা-মায়ের প্রথম দেখা হওয়া রেস্তোরাঁয় প্রেমিকাকে নিয়ে গিয়েছিলেন রাহুলও

ফন্ট সাইজ:

রাজনীতির মঞ্চে সাধারণত গম্ভীর চেহারায় দেখা যায় ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীকে। তবে সোমবার মা সোনিয়া গান্ধীর স্মৃতিকথা প্রকাশনা অনুষ্ঠানে শোনালেন নিজের ব্যক্তিগত জীবনের এক মজার গল্প। জানালেন, বাবা-মা রাজীব ও সোনিয়া গান্ধীর প্রথম দেখা হয়েছিল যুক্তরাজ্যের কেমব্রিজের যে গ্রিক রেস্তোরাঁয়, বহু বছর পর তিনিও নিজের প্রেমিকাকে নিয়ে গিয়েছিলেন সেখানে।
ছোটবেলা থেকেই বাবা-মায়ের প্রথম পরিচয়ের গল্প শুনে আসছিলেন রাহুল। তাই একবার কেমব্রিজে যাওয়ার সুযোগ পেয়ে সেই রেস্তোরাঁটি দেখার সিদ্ধান্ত নেন। প্রেমিকাকে সঙ্গে নিয়ে সেখানে গেলেও শুরুতে তাকে রেস্তোরাঁটির সঙ্গে বাবা-মায়ের স্মৃতির সম্পর্কের কথা জানাননি। তবে জায়গাটি ঘিরে তার রোমাঞ্চকর পরিকল্পনায় কিছুটা ছেদ পড়ে খাবার খেয়ে। কারণ, রেস্তোরাঁর খাবার মোটেও পছন্দ হয়নি তাদের।

সোনিয়া গান্ধীর স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ প্রকাশনা অনুষ্ঠানে রাহুল বলেন, তার বাবা-মাকে ঘিরে অনেকটা রূপকথার মতো গল্প প্রচলিত রয়েছে। সেসবের মধ্যে কেমব্রিজের ওই রেস্তোরাঁয় প্রথম দেখা হওয়ার ঘটনাটিও একটি।
সেই স্মৃতি তুলে ধরে রাহুল বলেন, বহু বছর পর একবার কেমব্রিজে গিয়ে তিনি প্রেমিকাকে বলেছিলেন, ‘চলো ভার্সিটি রেস্তোরাঁয় যাই।’ জায়গাটি সম্পর্কে তার প্রেমিকার কোনো ধারণাই ছিল না। তবে রাহুল বেশ জোর দিয়েই তাকে সেখানে নিয়ে যান। কারণ, বাবা-মায়ের প্রথম দেখা হওয়ার জায়গাটি নিজের চোখে দেখতে চেয়েছিলেন তিনি।
রেস্তোরাঁটির হলুদ দরজার কথা এখনো স্পষ্ট মনে আছে রাহুলের। ভেতরে ঢোকার সময় দরজার কাছে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি তাদের জিজ্ঞেস করেন, তারা কয়জন। রাহুল জানান, দুজন। এরপর তাদের ভেতরে গিয়ে বসতে বলা হয়।
আসন গ্রহণের পর রেস্তোরাঁর কর্মীদের কাছে নিজের বাবা-মায়ের প্রথম পরিচয়ের গল্পের কথা উল্লেখ করেন রাহুল। তার কথা শুনে এক কর্মী বেশ স্বাভাবিকভাবেই বলেন, ‘ওহ, উনারা! আমি তাদের চিনি।’

বিষয়টি শুনে অবাক হয়ে যান রাহুল। এত বছর পরও রেস্তোরাঁর কর্মীর স্মৃতিতে তার বাবা-মায়ের পরিচয় রয়ে গেছে, তা ভাবেননি তিনি। কর্মীকে আরও জিজ্ঞেস করেন, তিনি তাদের সম্পর্কে কী জানেন। উত্তরে ওই ব্যক্তি বলেন, ‘ওহ, ওই দুজন। আমি বুঝতে পারছি আপনি কাদের কথা বলছেন।’
তবে স্মৃতিময় সেই সফরের সবচেয়ে মজার অংশ ছিল খাবার। রাহুল জানান, সেখানে তারা ‘চিকেন শাসুর’ অর্ডার করেছিলেন। কিন্তু খাবারটি তাদের একেবারেই ভালো লাগেনি।
এ নিয়ে অনুষ্ঠানে রসিকতা করে রাহুল বলেন, ‘কেউ যদি প্রেমে পড়তে চান, তাহলে ভার্সিটি রেস্তোরাঁয় যেতে পারেন। তবে সেখানে গিয়ে ভুলেও চিকেন শাসুর খাবেন না।’

তিনি আরও বলেন, তার বাবা-মায়ের কাছে খাবারটি অসাধারণ মনে হলেও তাদের দুজনের কাছে সেটি ছিল ‘জঘন্য’। রাহুলের এমন মন্তব্যে অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে হাসির রোল পড়ে যায়।
তবে তার সেই সময়ের প্রেমিকা এখন কোথায়Ñএমন প্রশ্নও স্বাভাবিকভাবেই ওঠে। রাহুল জানান, ওই নারী এখন তার বন্ধু।
সোনিয়া গান্ধী তার স্মৃতিকথায় স্বামী রাজীব গান্ধীর সঙ্গে প্রথম পরিচয়ের ঘটনাও তুলে ধরেছেন।
সেখানে তিনি জানিয়েছেন, ১৯৬৫ সালে কেমব্রিজের একটি ছোট গ্রিক রেস্তোরাঁয় তাদের প্রথম দেখা হয়েছিল। এক সাধারণ বন্ধুর মাধ্যমে পরিচয়ের পর ধীরে ধীরে বন্ধুত্ব গড়ায় প্রেমে। পরে ১৯৬৮ সালের ২৫ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন রাজীব ও সোনিয়া গান্ধী।