খুলনার ডুমুরিয়ায় ব্যাঙের ছাতার মতো যত্রতত্র গজিয়ে উঠেছে বেসরকারি ক্লিনিক। দিচ্ছে ভুল চিকিৎসা ও ভুল রিপোর্ট। অন্যদিকে দিশাহারা হয়ে পড়েছে চিকিৎসা নিতে আসা রোগীরা। এসব বিষয়ে নেপথ্যে জেলা সিভিল সার্জন অফিসকে দায়ী করছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা। তথ্য নিলে জানা যায়, উপজেলাতে মোট ৪০টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। তবে চলতি বছরে একটিও ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের নবায়ন নেই বলে নিশ্চিত করেছেন স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত এক ব্যক্তি। সবগুলোর অনুমোদন রয়েছে কি না সে বিষয়েও নিশ্চিত করে কিছু বলতে পারেনি সংশ্লিষ্ট দপ্তর। যদিও নিয়ম রয়েছে ১০টি বেডের জন্য একজন রেজিস্ট্রার ডাক্তার থাকার। কয়েকটি ক্লিনিকে সরজমিন গেলেও ২৪ ঘণ্টার জন্য ডিউটিরত কোনো ডাক্তারের দেখা পাওয়া যায়নি। বেশির ভাগ ক্লিনিকেই সিজারিয়ান বা যে কোনো অপারেশনের পর ডাক্তার রেখে চলে যায়।
রাতে কোনো রোগীর অবস্থার অবনতি হলে সে ক্ষেত্রে অধিকাংশ হাসপাতালে পল্লী চিকিৎসক দিয়ে চিকিৎসা দেয়া হয়। সেজন্য অধিকাংশ রোগীর জীবন হুমকিতে পড়ে। এমনকি প্রশিক্ষণপ্রাপ্ত ৩ জন ডিপ্লোমা নার্স থাকার নিয়ম থাকলেও বেশির ভাগ ক্লিনিকে ১ জন এমনকি কোনো কোনো ক্লিনিকে ডিপ্লোমা নার্স পাওয়া যায়নি। সম্প্রতি ডুমুরিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নাকের ডোগায় গড়ে ওঠা ফাতেমা ক্লিনিকে একজন রোড এক্সিডেন্টের রোগীর বাম হাত ও বুকের হাড় ভাঙার রিপোর্ট নিয়ে শুরু হয়েছে তোলপাড়। ঢাকা বারডেম হাসপাতালের রেডিওলোজি বিভাগের ডাক্তার সুমি দত্ত স্বাক্ষরিত এক রিপোর্টে নরমাল লেখা রয়েছে। পরবর্তীতে একই এক্সরে প্লেট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত পলাশ কুমার মণ্ডলকে দেখালে বলেন, ভাঙা রয়েছে। পরবর্তীতে ব্যবস্থাপত্র দেন।
ভুক্তভোগী সঞ্জিত মণ্ডল বলেন, প্রথমে এক্সরে রিপোর্টে নরমাল দেখালে ও পরবর্তীতে নিজের সমস্যার কথা বললে দেখেশুনে পুনরায় ডাক্তার বলেন কয়েক জায়গায় ভাঙা রয়েছে বলে জানান। এ বিষয় নিয়ে কথা বলতে গেলে ক্লিনিক কর্তৃপক্ষ দুর্ব্যবহার করেন বলেও অভিযোগ করেন। পরবর্তীতে ঢাকা বারডেম হাসপাতালের রেডিওলজি বিভাগের ডাক্তার সুমি দত্তর সঙ্গে কথা বললে তিনি কিছু জানেন না বলে
জানান। পরে তার ব্যক্তিগত নাম্বারে ফোন করতে বলেন।
প্রতিবেদক সেই নাম্বারের সঙ্গে যোগাযোগ করতে গেলে নাম্বারটি বন্ধ পাওয়া যায়। কথা বললে ইউএইচ অ্যান্ড এফপিও ডা. মো. মনিরুজ্জামান বলেন, এই বেসরকারি ক্লিনিকগুলো সব নিয়ন্ত্রণ করে সিভিল সার্জন। এখানে আমার কিছু করার নেই। উপজেলা নির্বাহী অফিসার সবিতা সরকার বলেন, আমি বিষয়টি জেনেছি। ব্যবস্থা গ্রহণ করা হবে। কথা বললে সিভিল সার্জন ডা. মো. মনিরুজ্জামান বলেন, রোগীর রিপোর্টের গড়মিলের কেউ যদি লিখিত অভিযোগ দেয়, তখন ব্যবস্থা গ্রহণ করা হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শুধুমাত্র সিভিল সার্জনেরই দায়িত্ব না, সেখানকার স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারও দায়িত্ব রয়েছে।
