মাগুরার মহম্মদপুর উপজেলার রাজাপুর এলাকা থেকে মা’কে অচেতন করে কোল থেকে রাশমিতা চক্রবর্তী নামে আট মাস বয়সী মেয়েকে ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে রাজাপুর এলাকায় এ ঘটনা ঘটে। রাতেই আহত মা নন্দীতা চক্রবর্তীকে উদ্ধার করা হয়েছে। শিশুটিকে উদ্ধার করতে কাজ করছে পুলিশ। পরিবারিক সূত্রে জানা যায়, উপজেলা সদরের রাধানগরের বাসিন্দা সমীর কুমার চক্রবর্তীর স্ত্রী শিশু রাশমিতা চক্রবর্তীকে নিয়ে ঘটনার দিন বিকালে শীতের কাপড় কিনতে অটোরিক্সাযোগে ন’হাটা যাচ্ছিল। যাওয়ার পথে তার পিতার বাড়ি রাজাপুর হওয়ায় আগে সেখানে যেতে থাকে। পথিমধ্যে নন্দীতা চক্রবর্তীকে অজ্ঞান করে শিশুটিকে মায়ের কোল থেকে নিয়ে মা’কে ধাক্কা দিয়ে অটো থেকে ফেলে চলে যায়। পরে অচেতন অবস্থায় স্থানীয়রা ওই নারীকে উদ্ধার করে।
পরে জ্ঞান ফিরলে তাকে পরিবারের কাছে দেয়া হয়। জ্ঞান ফিরলে শিশুটির মা নন্দীতা চক্রবর্তী জানান, রাজাপুরের দিকে যাওয়ার পথে রাস্তায় কেউ তাকে ফুল নাকের কাছে ধরে অচেতন করে শিশুকে ছিনতাই করে নিয়ে যায়। পরে পুলিশকে ঘটনাটি জানালে পুলিশ শিশুটি উদ্ধারে তৎপরতা শুরু করে। শিশুটির বাবা সমীর কুমার চক্রবর্তী বলেন, সন্তানের শোকে আমার স্ত্রী একেক সময়ে একেক কথা বলছে। তার কোনো কথার সঙ্গে কোনো কথার মিল খুঁজে পাচ্ছি না। আমি মেয়েকে ফেরত চাই। মহম্মদপুর থানার ওসি এম শামীম আহমেদ মানবজমিনকে বলেন, বিষয়টি নিয়ে কাজ করছি। বিভিন্নস্থানের সিসিটিভি’র ফুটেজ দেখার চেষ্টা করছি। শিশুটিকে উদ্ধারে চেষ্টা চলেছে। এছাড়া প্রকৃত ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।
