সুনামগঞ্জের হাওরের পানি নির্ধারিত সময়ের আগেই শুকিয়ে যাচ্ছে। এতে বোরো ধানের বীজতলা তৈরি ও বীজ বপন নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন লাখো কৃষক। পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়া, ফসল রক্ষা বাঁধ কেটে পানি ছেড়ে দেয়া এবং সেচযন্ত্রের সাহায্যে পানি শুকিয়ে মাছ ধরার কারণে হাওরে পানির সংকট দেখা দিয়েছে। ফলে এবার লক্ষ্যমাত্রা অনুযায়ী বোরো ধান উৎপাদন নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। এদিকে যেসব কৃষক পানি সংগ্রহ করে বীজতলায় চারা উৎপাদন করেছেন, সেসব বীজতলায় দেখা দিয়েছে পোকার আক্রমণ। এতে ধানের চারার পাতা ঝলসে যাচ্ছে। ফলে বীজতলা নিয়ে নতুন করে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। সুনামগঞ্জের হাওরাঞ্চলে এবার ২ লাখ ২৩ হাজার ৫২১ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সাধারণত নভেম্বর মাস থেকে শুরু হয় বোরো আবাদ প্রস্তুতি। এ সময় হাওরের পানি কমতে থাকলে জমি জেগে ওঠে। কৃষকরা বীজতলা তৈরি করে বীজ বপন করেন। কিন্তু এবার নভেম্বরের মাঝামাঝি সময়েও হাওরের অনেক এলাকায় বীজতলা তৈরির মতো পর্যাপ্ত পানি নেই। কোথাও কোথাও শুকিয়ে গেছে বীজতলা ও ধান রোপণের জমি। ভাটি তাহিরপুর গ্রামের কৃষক রাসেল মিয়া জানান, তিনি যে পরিমাণ ধানের চারা বপন করেছেন, তা দিয়ে তার পাঁচ কিয়ার জমিতে ধান রোপণ করা যেতো। এক কিয়ার সমান ৩০ শতক। কিন্তু বর্তমানে জমিতে পোকার আক্রমণের কারণে ধানের চারার ঘাটতি দেখা দেয়ার আশঙ্কা রয়েছে। শাল্লার কৃষক বরকত মিয়া বলেন, বিশাল ছায়ার হাওরের পানি ধরে রাখা গেলে শাল্লা, নেত্রকোণা ও কিশোরগঞ্জের কিছু এলাকার কৃষকরাও উপকৃত হবেন।
তাহিরপুর উপজেলা কৃষি উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, গত কয়েকদিন ধরে ধানের চারার পাতা বিবর্ণ হয়ে যাচ্ছে। এ অবস্থায় কৃষকদের ছত্রাকনাশক ও কীটনাশক জমিতে স্প্রে করার পরামর্শ দেয়া হয়েছে। এ বিষয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের কয়েকটি দল নিয়মিত মাঠে কাজ করছে।
সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুক বলেন, হাওরে দ্রুত পানি কমে যাওয়ায় বীজতলা তৈরি করতে বিপাকে পড়েছেন কৃষকরা। এ পরিস্থিতিতে প্রাকৃতিক পানির উৎসের কাছাকাছি বীজতলা তৈরির পরামর্শ দেয়া হচ্ছে। পাশাপাশি হাওরের পানি ধরে রাখতে ভাঙা বাঁধগুলো মেরামতের জন্য মাসিক সমন্বয় সভায় প্রস্তাব দেয়া হয়েছে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. ইমদাদুল হক বলেন, যেসব এলাকায় দ্রুত পানি কমে যাচ্ছে, সেসব এলাকায় কৃষি বিভাগ ও স্থানীয় কৃষকদের সঙ্গে আলোচনা করে পানি নিষ্কাশনের রেগুলেটরগুলো বন্ধ রাখার ব্যবস্থা করা হচ্ছে।
