এ মাসেই মক্কা প্রতিরক্ষা জোটের শীর্ষ সম্মেলন আয়োজক পাকিস্তান

এ মাসেই মক্কা প্রতিরক্ষা জোটের শীর্ষ সম্মেলন আয়োজক পাকিস্তান

ফন্ট সাইজ:

মক্কা প্রতিরক্ষা চুক্তির শীর্ষ নিরাপত্তা কমিটির বৈঠক এ মাসের শেষ দিকে ইসলামাবাদে হওয়ার কথা রয়েছে। এ তথ্য দিয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সোমবার ইসলামাবাদে অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (ইসিও) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি জানান, চুক্তির অন্য দুই স্বাক্ষরকারী সৌদি আরব ও তুরস্ককে সঙ্গে নিয়ে পরবর্তী বৈঠকের আয়োজন করবে পাকিস্তান। গত ৭ই আগস্ট মক্কায় চুক্তিটি স্বাক্ষরিত হয়। এতে তিন দেশ অঙ্গীকার করেছে, তাদের যেকোনো একটি দেশ সশস্ত্র হামলা বা সামরিক আগ্রাসনের শিকার হলে অন্য দু’টি দেশ তাকে সহায়তা করবে। তবে এরই মধ্যে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার মুখে সৌদি আরব। জুলাইয়ে ইয়েমেনের গৃহযুদ্ধের লড়াই তীব্র হওয়ার পর থেকে গোষ্ঠীটি দেশটির বিভিন্ন শহর, তেল স্থাপনা ও জাহাজ চলাচলকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার যে আশঙ্কা দেখা দিয়েছে, সে সময়ে এসব হামলা হচ্ছে। ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মধ্যদিয়ে এ যুদ্ধ শুরু হয়। পরে তা পুরো অঞ্চলের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। ইসহাক দার বলেন, পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি আত্মরক্ষার নীতির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। এটি জাতিসংঘ সনদের পরিপন্থি নয়। এ ক্ষেত্রে তিনি জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদের কথা উল্লেখ করেন, যেখানে ব্যক্তিগত ও সম্মিলিত আত্মরক্ষার অধিকার স্বীকৃত হয়েছে। তিনি বলেন, চুক্তির মূলনীতি হলো, তিন দেশের যেকোনো একটির ওপর হামলা হলে সেটিকে তিন দেশের সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। এর লক্ষ্য স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা ও সম্মিলিত নিরাপত্তা জোরদার করা।

অন্য কোনো দেশের সঙ্গে সংঘাতে জড়ানোর ইঙ্গিত হিসেবে এই চুক্তিকে ব্যাখ্যা করা উচিত নয়। দার বলেন, আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় এ অঞ্চলের দেশগুলোর নিজস্ব নিরাপত্তাব্যবস্থা ও কাঠামো গড়ে তোলা প্রয়োজন। শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে একটি সম্মিলিত নিরাপত্তাব্যবস্থা অপরিহার্য। তিনি জানান, চুক্তি বাস্তবায়নে প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার কাজ চলছে। গত ৩১শে আগস্ট ইস্তাম্বুলে এর প্রথম বৈঠক হয়। চুক্তি বাস্তবায়নের তদারকিতে একটি কার্যকরী কমিটিও গঠন করা হবে। এতে পররাষ্ট্র দপ্তরের একজন প্রতিনিধি, তিনজন সচিব এবং সামরিক বাহিনীর একজন প্রতিনিধি থাকবেন।