নেত্রকোণার পূর্বধলা উপজেলার ইচুলিয়া বাজারে ক্রয়কৃত দোকানঘর দখল করে তালাবদ্ধ করে রাখার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী আকলিমা আকন্দ। সোমবার বিকালে ইচুলিয়া বাজারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মূল বক্তব্য পাঠ করেন আকলিমা আকন্দ।
তিনি অভিযোগ করেন, ২০১৩ সালে মোসা. আছিয়া খাতুনের কাছ থেকে ২ শতাংশ জমি ৬ লাখ টাকায় ক্রয়ের কথা হয়। ২০১৪ সালে ৫ লাখ ৮০ হাজার টাকা বায়না দিয়ে তার স্বামী আব্দুল জব্বার খান (রমজান) সেখানে দোকানঘর নির্মাণ করে ‘এমএ হাই খান মেডিকেল হল’- নামে ফার্মেসি ব্যবসা শুরু করেন। পরে ২০২৩ সালে বায়নাপত্র দলিল হয়। কিন্তু ২০২৬ সালে আছিয়া খাতুনের ছেলে রনি মিয়া জমি বিক্রির কথা অস্বীকার করে দোকান ছেড়ে দিতে চাপ দিতে থাকেন বলে অভিযোগ করেন তিনি। এ নিয়ে বাজার কমিটিতে দরবার বসলে সেখানে উপস্থিত খলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আলী খান লিটন মাস্টার দোকানে তালা মারার নির্দেশ দেন বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, থানায় অভিযোগের পর ওসি’র সামনে তালা খুলে দেয়ার কথা দিলেও তা রাখা হয়নি। উল্টো লিগ্যাল নোটিশ ও মামলা করা হয়। তার করা মামলায় আছিয়া খাতুন ও রনি মিয়া বর্তমানে হাজতে আছেন। এরপরও দোকানটি তালাবদ্ধ রয়েছে। সংবাদ সম্মেলনে তিনি দোকানটি দখলমুক্ত করে ক্রয়কৃত সম্পত্তি সাফ কবলা করে দেয়া এবং সুষ্ঠু বিচার দাবি করেন। এ বিষয়ে খলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আলী খান লিটন বলেন, সংবাদ সম্মেলনে আমাকে জড়িয়ে যা বলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, দুই পক্ষকে ডেকে দোকান খোলা রেখে সমঝোতার কথা বলেছিলাম। না হলে আদালতে যেতে বলেছিলাম। পরে কী হয়েছে জানি না।
