রাশিয়ার সঙ্গে অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপের সংযোগকারী গুরুত্বপূর্ণ সেতুতে বড় ধরনের হামলা চালিয়েছে ইউক্রেন। এতে সেতুটির একটি বড় অংশ ধসে পানিতে পড়ে গেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাকে ‘নজিরবিহীন অভিযান’ হিসেবে অভিহিত করেছেন। তার দাবি, কয়েক সপ্তাহ ধরে পরিকল্পনা করে এই অভিযান চালানো হয়েছে। খবর বিবিসির।
ইউক্রেনের কর্মকর্তাদের প্রকাশ করা ছবিতে দেখা গেছে, ক্রিমিয়া সেতু নামে পরিচিত কের্চ সেতুর একটি অংশ পানিতে ধসে পড়েছে। রাশিয়ার সামরিক সরবরাহব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেতুতে হামলাকে দেশটির যুদ্ধ প্রচেষ্টার জন্য বড় ধরনের আঘাত হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে এটি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য রাজনৈতিক ও প্রতীকী ধাক্কা হিসেবেও বিবেচিত হচ্ছে।
ক্রেমলিন জানিয়েছে, সেতুটি আগের চেয়েও উন্নতভাবে পুনর্র্নিমাণ করা হবে। রুশ প্রেসিডেন্ট পুতিনকে হামলার বিষয়ে অবহিত করা হয়েছে। তবে এ বিষয়ে তিনি এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।
এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর রুশ হামলার পর দনিপ্রো নদীর ওপর অবস্থিত গুরুত্বপূর্ণ নর্দার্ন ও সাউদার্ন সেতু বন্ধ করে দেয়া হয়েছে বলে জানিয়েছেন শহরটির মেয়র ভিতালি ক্লিচকো।
ক্রিমিয়া সেতু দীর্ঘদিন ধরেই ইউক্রেনের হামলার লক্ষ্যবস্তু। রাশিয়ার মূল ভূখণ্ড থেকে অধিকৃত ক্রিমিয়ায় সেনা ও সামরিক সরঞ্জাম পরিবহনের জন্য সড়ক ও রেলপথ হিসেবে ব্যবহৃত হয় সেতুটি। তবে এর আগে ইউক্রেনের হামলায় সেতুটিকে পুরোপুরি অচল করা সম্ভব হয়নি।
মঙ্গলবারের হামলায় ক্ষয়ক্ষতির মাত্রা আগের যেকোনো সময়ের তুলনায় বেশি বলে মনে হচ্ছে। সেতুর বিশাল খিলানযুক্ত একটি অংশ ধ্বংস হয়ে যাওয়ার ছবি প্রকাশ পেয়েছে।
ভিডিও ফুটেজে দেখা গেছে, সেতুর সড়ক অংশে গুরুতর ক্ষতি হয়েছে। এর কাঠামোগত খিলান ও সড়কের কিছু অংশ পানির ওপর ভেঙে পড়ে থাকতে দেখা যায়।
জেলেনস্কি জানান, ইউক্রেনের সামরিক বাহিনী ও নিরাপত্তা সংস্থাগুলো সাতটি ধাপে এই অভিযান পরিচালনা করেছে। অভিযানের চূড়ান্ত লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগে রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার, ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম এবং অন্যান্য নির্দিষ্ট স্থাপনা ধাপে ধাপে ধ্বংস করা হয়েছে।
তিনি আরও বলেন, সেতুর সড়ক অংশের পাশাপাশি সমান্তরাল রেলপথেও ড্রোনের ঢেউ দিয়ে হামলা চালানো হয়েছে। তবে প্রকাশিত ছবিতে রেলপথের খিলান কাঠামো দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
রাশিয়ার নিয়ন্ত্রণাধীন এক কর্মকর্তা জানিয়েছেন, কিছু রেল চলাচল এখনো চালু রয়েছে।
ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ জানিয়েছে, গত এক মাস ধরে পরিকল্পিতভাবে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলো দুর্বল করা হয়েছে।
সংস্থাটি বলেছে, ‘দখলদারদের অবৈধভাবে দখল করা স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করার ক্ষমতা রাশিয়ার কোনো প্রতিরক্ষা ব্যবস্থারই নেই।’
২০১৪ সালে ক্রিমিয়া আক্রমণ করে উপদ্বীপটি দখল ও নিজেদের সঙ্গে যুক্ত করার পর রাশিয়া সেতুটি নির্মাণ করে। ২০১৮ সালে পুতিন নিজে সেতুটির উদ্বোধন করেন।
