মালয়েশিয়ার রেয়ার আর্থ এলিমেন্টের দিকে নজর ফ্রান্সের

ফন্ট সাইজ:

মালয়েশিয়ার বিপুল পরিমাণ রেয়ার আর্থ এলিমেন্ট (বিরল মৃত্তিকা খনিজ) সম্পদের প্রতি আগ্রহ দেখাচ্ছে ফ্রান্স। দেশটির খনিজ সম্পদকে কেন্দ্র করে ফ্রান্সের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যেও প্রতিযোগিতা তৈরি হয়েছে। বিশেষ করে বৈদ্যুতিক গাড়ি, আধুনিক ইলেকট্রনিকস, বায়ুবিদ্যুৎ উৎপাদন এবং প্রতিরক্ষা সরঞ্জাম তৈরিতে গুরুত্বপূর্ণ কাঁচামাল হিসেবে রেয়ার আর্থ এলিমেন্টের (বিরল মৃত্তিকা খনিজ) চাহিদা বিশ্ববাজারে বাড়ছে। এ পরিস্থিতিতে মালয়েশিয়াকে গুরুত্বপূর্ণ সরবরাহকারী দেশ হিসেবে বিবেচনা করছে ইউরোপীয় দেশটি।

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর মালয়েশিয়া সফরের অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে রেয়ার আর্থ এলিমেন্ট (বিরল মৃত্তিকা খনিজ) সরবরাহের উৎস বহুমুখী করা। মাখোঁ সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, ফ্রান্সের শিল্পকারখানার উৎপাদন সচল রাখতে এবং সরবরাহ ব্যবস্থার ঝুঁকি কমাতে একাধিক দেশ থেকে এসব গুরুত্বপূর্ণ খনিজ সংগ্রহ করা প্রয়োজন। ১৭ নভেম্বর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তাঁর বৈঠকে দুই দেশের কৌশলগত সহযোগিতা এবং গুরুত্বপূর্ণ খনিজ খাত নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

মালয়েশিয়া সরকারের হিসাব অনুযায়ী, দেশটিতে আনুমানিক ১ কোটি ৬১ লাখ টন বিরল মৃত্তিকা খনিজের সম্ভাব্য মজুত রয়েছে বলে জানিয়েছে, সাউথ চায়না মর্নিং পোস্ট। দেশটির প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় চলতি বছরের জানুয়ারিতে সংসদকে জানিয়েছে, নয়টি রাজ্যের ১০৩ দশমিক ৯ বর্গকিলোমিটার এলাকায় বিস্তারিত জরিপে ২ লাখ ৭৪ হাজার ১৪৪ টন পরিমাপযোগ্য খনিজ সম্পদের সন্ধান পাওয়া গেছে। বিশেষজ্ঞদের মতে, মালয়েশিয়ায় ইট্রিয়ামের মতো ভারী বিরল মৃত্তিকা খনিজের উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে। সেমিকন্ডাক্টর, মহাকাশশিল্প এবং আধুনিক প্রযুক্তিপণ্য উৎপাদনে এসব খনিজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তবে মালয়েশিয়ার জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে, খনিজ উত্তোলনের পাশাপাশি উন্নত প্রযুক্তিতে সেগুলো পৃথকীকরণ ও পরিশোধন করা। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার তথ্য অনুযায়ী, গত বছর বিশ্বের প্রায় ৮৫ শতাংশ বিরল মৃত্তিকা পরিশোধন করেছে চীন। ফলে মালয়েশিয়া থেকে কাঁচামাল সংগ্রহ করলেও উন্নত প্রক্রিয়াজাতকরণের জন্য চীনের ওপর নির্ভরশীলতা থেকে যেতে পারে। বর্তমানে পাহাং রাজ্যে অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠান লাইন্যাসের একটি বড় প্রক্রিয়াজাতকরণ কারখানা রয়েছে। তবে সেখানে মূলত অস্ট্রেলিয়া থেকে উত্তোলিত খনিজ প্রক্রিয়াজাত করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের খনিজ খাতে আগ্রহ নতুন নয়। ২০২৫ সালের জুলাইয়ে আনোয়ার ইব্রাহিমের প্যারিস সফরের সময় ফরাসি বিরল মৃত্তিকা বিশেষজ্ঞ প্রতিষ্ঠান ক্যারেস্টার এবং মালয়েশিয়ার খনি প্রতিষ্ঠান মালাকোরের মধ্যে অংশীদারত্ব চুক্তি স্বাক্ষরিত হয়। এর আওতায় পেরাক রাজ্যে খনিজ পৃথকীকরণ ও প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপনের পরিকল্পনা রয়েছে। অন্যদিকে, পেরাকের গোপেংয়ে পরীক্ষামূলক একটি কারখানার বার্ষিক উৎপাদন সক্ষমতা ৩ হাজার টনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এছাড়া কেলান্তানের গুয়া মুসাংয়ে মালাকোরের খনি প্রকল্প ২০২৮ সালে চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে এসব প্রকল্পের বাস্তবায়ন পরিবেশগত ও নিয়ন্ত্রক অনুমোদনের ওপর নির্ভরশীল বলে লিখেছে সাউথ চায়না মর্নিং পোস্ট।

যদিও মালয়েশিয়া ২০২৪ সালে কাঁচা বিরল মৃত্তিকা খনিজ রপ্তানির ওপর স্থগিতাদেশ আরোপ করে। সেখানে সরকারের লক্ষ্য ছিলো কাঁচামাল বিদেশে পাঠানোর পরিবর্তে দেশে প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তোলা, প্রযুক্তি হস্তান্তর নিশ্চিত করা এবং স্থানীয় কর্মসংস্থান সৃষ্টি করা। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বিশেষজ্ঞরা বলেছেন, ফ্রান্সের সঙ্গে সহযোগিতার মাধ্যমে মালয়েশিয়া খনিজ উত্তোলনের পাশাপাশি পৃথকীকরণ ও পরিশোধন প্রযুক্তিতেও দক্ষতা অর্জন করতে পারে। তবে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে সমন্বয় নিশ্চিত করা জরুরি। শেষ পর্যন্ত এই খাতে মালয়েশিয়ার সাফল্য নির্ভর করবে দেশটির নিজস্ব শিল্প সক্ষমতা, প্রযুক্তিগত জ্ঞান, কর্মসংস্থান এবং খনিজ সম্পদের মূল্য সংযোজন কতটা দেশে ধরে রাখা সম্ভব তার ওপর।