চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় অভিযোগ গঠনের শুনানির তারিখ পিছিয়ে আগামী ২৩ ডিসেম্বর ধার্য করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালত শুনানি শেষে নতুন এ তারিখ নির্ধারণ করেন।
এর আগে মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ বিচারাধীন ছিল। মঙ্গলবার সেখানে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। এ জন্য সকাল সাড়ে ১০টার দিকে আদালতে হাজির হন পরীমনি। তবে আদালতে গিয়ে তিনি জানতে পারেন, মামলাটি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে স্থানান্তর করা হয়েছে। পরে সিএমএম আদালতে হাজির হন তিনি। শুনানি শেষে আদালত অভিযোগ গঠনের পরবর্তী তারিখ ২৩ ডিসেম্বর নির্ধারণ করেন।
২০২১ সালে এক ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ তুলেছিলেন চিত্রনায়িকা পরীমনি। এর কয়েক দিন পর ওই বছরের ৪ আগস্ট তার বাসায় অভিযান চালায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। অভিযানকালে মদসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধারের কথা জানায় সংস্থাটি। পরে পরীমনিকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। প্রায় এক মাস কারাগারে থাকার পর জামিনে মুক্তি পান তিনি। ওই বছরের ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক কাজী গোলাম মোস্তফা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০২২ সালের ৫ জানুয়ারি পরীমনিসহ তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার অপর দুই আসামি হলেন পরীমনির ব্যবস্থাপক আশরাফুল ইসলাম দিপু ও তার খালু কবীর হোসেন হাওলাদার।
অভিযোগ গঠনের আদেশের পর মামলাটি বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন পরীমনি। ২০২২ সালের ১ মার্চ হাইকোর্ট রুল জারি করে তার ক্ষেত্রে মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন। পরবর্তী সময়ে উচ্চ আদালত পুনরায় অভিযোগ গঠনের আদেশ দেন। মামলার বাদী র্যাব-১-এর কর্মকর্তা মজিবর রহমান আদালতে সাক্ষ্য দেওয়া শুরু করেন। এর আগে গত ২৯ সেপ্টেম্বর অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য থাকলেও পায়ে ব্যথার কারণে পরীমনি আদালতে হাজির না হওয়ায় শুনানি পিছিয়ে ১৭ নভেম্বর নির্ধারণ করা হয়েছিল।
