সোনিয়া গান্ধীর স্মৃতিকথার বাজিমাত, এক সপ্তাহে বিক্রি ২ লাখের বেশি কপি

সোনিয়া গান্ধীর স্মৃতিকথার বাজিমাত, এক সপ্তাহে বিক্রি ২ লাখের বেশি কপি

ফন্ট সাইজ:

কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর স্মৃতিকথা ‘বিলংগিং : আ জার্নি অব লাভ’ আগস্ট মাসে ঘোষণার পর থেকেই সংবাদ শিরোনামে জায়গা করে নিয়েছিল। আর বইটি প্রকাশের পর থেকে বইয়ের দোকানগুলোতে দ্রুত বিক্রি হয়ে যাওয়ার অভাবনীয় সাফল্য পেয়েছে।
বইটির প্রকাশক হার্পারকলিন্স ইন্ডিয়া-র সিইও অনন্ত পদ্মনাভন জানিয়েছেন, এক সপ্তাহেরও কম সময়ে বইটির “দুই লাখেরও বেশি কপি” বিক্রি হয়েছে। এটি প্রকাশনার একাধিক রেকর্ড ভেঙে দিয়েছে এবং স্বাধীন ভারতের ইতিহাসে অন্যতম “বৃহত্তম স্মৃতিকথা” হিসেবে আত্মপ্রকাশ করেছে।

বইটির অভূতপূর্ব বিক্রির বিষয়টি তুলে ধরে পদ্মনাভন জানিয়েছেন, এটি ইতোমধ্যেই বেশ কয়েকটি প্রকাশনা রেকর্ড গড়েছেÑএবং তা কেবল একটি নয়, বরং একসঙ্গে কয়েকটি। গত মঙ্গলবার সকাল ১০টায় বিক্রির জন্য উন্মুক্ত হওয়ার পর এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে বইটির দুই লাখেরও বেশি কপি বিক্রি হয়েছে।
তিনি বলেছেন, এক সপ্তাহেরও কম সময়ে দুই লাখেরও বেশি কপি বিক্রি হওয়ার মাধ্যমে বইটি ইতোমধ্যেই অনেক রেকর্ড ভেঙে ফেলেছে: দ্রুততম সময়ে বিক্রিত বই, কোনো লেখকের প্রথম বই হিসেবে দ্রুততম সময়ে বিক্রিত বই, দ্রুততম সময়ে বিক্রিত নন-ফিকশন বা তথ্যমূলক বই এবং দ্রুততম সময়ে বিক্রিত স্মৃতিকথা।
তিনি জানিয়েছেন, প্রকাশের দিন ১০ মিনিটেরও কম সময়ের মধ্যে ১৫ হাজারেরও বেশি কপি পৌঁছে দেয়া হয়েছে, যা দেশের প্রকাশনার ইতিহাসে দ্রুততম সময়ে বই পৌঁছে দেয়ার রেকর্ড।

প্রকাশনা শিল্পের সঙ্গে সংশ্লিষ্টদের মতে, কোনো বইকে ‘বেস্টসেলার’ বা সর্বাধিক বিক্রিত বই হিসেবে গণ্য করার মানদণ্ড লেখক, বিষয়বস্তু এবং প্রকাশকের ওপর নির্ভর করে ভিন্ন হতে পারে। তবে ভারতে সাধারণত কোনো বই ১০ হাজার কপির বেশি বিক্রি হলেই সেটিকে ‘বেস্টসেলার’ হিসেবে বিবেচনা করা হয়।
বইটির প্রতি এই অভাবনীয় সাড়া স্বয়ং সোনিয়া গান্ধীকেও অবাক করে দিয়েছে। গান্ধী নিজেই স্বীকার করেছেন যে, পাঠকদের কাছ থেকে পাওয়া ভালোবাসা ও স্নেহ দেখে তিনি রীতিমতো অভিভূত।
তিনি বলেন, আমি ভেবেছিলাম কয়েক সপ্তাহের মধ্যে হয়তো পাঠকরা বইটি পছন্দ করবেন, কিন্তু যে সাড়া পেয়েছি তা অভাবনীয়, অপ্রত্যাশিত এবং সত্যিই অভিভূত করার মতো।