বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডির জিগাতলায় আবদুল মোতালিব নামে এক কিশোর নিহতের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত এ রিমান্ড আবেদন মঞ্জুর করেন। এদিন সন্ধ্যা ৬ টার দিকে সাঈদ খোকনকে কড়া পাহারায় আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা জোনাল টিমের পরিদর্শক মো. সুজন হক সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ঠা আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে জিগাতলা বাস স্ট্যান্ড এলাকায় ছাত্র-জনতার মিছিলে থাকা আবদুল মোতালিব নামের এক কিশোর গুলিবিদ্ধ হয়ে মারা যায়। পরবর্তীতে ২৬শে আগস্ট তার বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়। মামলায় সাঈদ খোকন এজাহার নামীয় ২৯ নম্বর আসামি।
রিমান্ড আবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার ঘটনায় সাঈদ খোকনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। আন্দোলন দমনে তিনি কঠোর পদক্ষেপ নিয়েছিলেন, তার নির্দেশে ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা হামলা চালান এবং তিনি অর্থ ও অস্ত্র জোগান দিয়েছেন। এতে আরও বলা হয়, সরকার পতনের পরও তিনি ঢাকার বিভিন্ন স্থানে আত্মগোপনে থেকে ঝটিকা মিছিলের আয়োজন করেছেন এবং পলাতক শীর্ষ নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পরিকল্পনা করছিলেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
শুনানিকালে সন্ধ্যা ৬টার দিকে সাঈদ খোকনকে আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে রিমান্ডে চাওয়ার কারণ তুলে ধরেন। রাষ্ট্র পক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যৌক্তিকতা তুলে ধরেন। আসামি পক্ষের আইনজীবী আবু সাইদ সাগর তার রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। পরে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে রিমান্ডের এ আদেশ দেন।
