শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামিদের জেল আপিলের রায়ে কিছু প্রশ্ন উত্থাপন করেছেন আদালত। মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চ এ প্রশ্ন উত্থাপন করেন।
এক দিনে ১৬ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ নিয়ে প্রশ্ন তুলে রায়ের শেষাংশে পর্যবেক্ষণ দেন হাইকোর্ট। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী বলেন, এ মামলায় এক দিনে ১৬ জন সাক্ষীর সাক্ষ্য নেয়া হয়েছে। বিচারক হয়তো দ্রুত বিচার শেষ করার বিষয়ে দক্ষ ছিলেন। তবে এত দ্রুত বিচার শেষ করার প্রচেষ্টা সমীচীন নয় বলে মন্তব্য করেন আদালত।
এমন পর্যবেক্ষণে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দ ইজাজ কবির মানবজমিনকে বলেন, মামলাটি দ্রুত নিষ্পত্তির মূল কারণ হচ্ছে, আসামিকে সহজে গ্রেপ্তার ও শনাক্ত করা গেছে এবং তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ফলে তদন্তে সময় বিলম্ব হয়নি। পুলিশও দ্রুত অভিযোগপত্র দিতে পেরেছে। আলামত শক্তিশালী ছিল এবং ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি থাকায় আদালতেরও মামলাটি পরিচালনা করতে বেশি বেগ পেতে হয়নি।
তিনি আরও বলেন, বাংলাদেশের পুলিশ পারে না এমন কিছুই নাই। যেহেতু অপরাধ সংগঠনের স্থানটি নির্দিষ্ট একটি জায়গায় ও দু'জন অপরাধী, তাই এ মামলার তদন্ত দ্রুত করতে সক্ষম হয়েছে পুলিশ। তিনি বলেন, এক দিনে ১৬ জন সাক্ষীর সাক্ষ্য নেয়ার বিষয়টি অস্বাভাবিক। সাধারণত এমনটি হয় না। তবে ওই দিন ১৬ জন সাক্ষীকে হাজির করা সম্ভব হয়েছিল বলেই তাদের সাক্ষ্য নেয়া হয়েছে। এতে কোনো পক্ষের ওপর বিরূপ প্রভাব পড়েনি। তবে সব মামলায় এমনটি করা যাবে, তা নয়। ভবিষ্যতে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানেরও মামলাটি দ্রুত নিষ্পত্তির বিষয়ে একটি ইঙ্গিত ছিল। আমার মনে হয়, সেটিও মামলাটি দ্রুত নিষ্পত্তিতে সহায়ক হয়েছে।
আদালতের পর্যবেক্ষণে বলা হয়, অপ্রাপ্তবয়স্ক শিশুকে নৃশংস ও অমানবিকভাবে হত্যার মতো মামলা দ্রুত নিষ্পত্তি করা প্রয়োজন। তবে এ ক্ষেত্রে ‘Justice hurried, justice buried’—অর্থাৎ তাড়াহুড়ো করে বিচার করতে গেলে ন্যায়বিচার ব্যাহত হয়—এই নীতির কথা মনে রাখতে হবে। এ ধরনের মামলার বিচার যুক্তিসংগত সময়ের মধ্যে শেষ করতে হবে, তবে তাড়াহুড়ো করে নয়।
একইসঙ্গে আদালত আরও বলেন, জাস্টিস ডিলেইড জাস্টিস ডিনাইড প্রবাদ উল্লেখ করে আদালত পর্যবেক্ষণে বলেন, যদিও এ মামলায় এর ফলে ন্যায়বিচারের ব্যত্যয় ঘটেনি, কিন্তু এক দিনে ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ অস্বাভাবিক (আনইউজুয়াল) মনে করে আদালত। এতে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ—উভয়ই ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি হতে পারে বলে মন্তব্য করেন আদালত।
