বকেয়া বেতন, গ্র্যাচুইটিসহ বিভিন্ন আর্থিক পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চিটাগং কনটেইনার টার্মিনালের (সিসিটি)'র শ্রমিকরা ।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সাইফ পাওয়ারটেকের পাঁচ শতাধিক শ্রমিক কাজ বন্ধ রেখে জেটিতে বিক্ষোভ শুরু করেন। পরে বেলা ১১টার দিকে তারা কাজে ফিরে গেলে টার্মিনাল দু’টিতে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়।
এর আগে সকালে কাজ বন্ধ রেখে জেটিতে জড়ো হয়ে বিক্ষোভ করেন শ্রমিকরা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এনসিটি ও সিসিটিতে কাজ করলেও এখনো বিভিন্ন আর্থিক পাওনা বুঝে পাননি তারা। চলতি মাসের ১৭ তারিখ পর্যন্ত তাদের বেতনও পরিশোধ করা হয়নি।
শ্রমিকরা জানান, এনসিটি শুরু থেকে পরিচালনা করে আসছিল সাইফ পাওয়ারটেক। প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর টার্মিনালটির দায়িত্ব নেয় চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড। সর্বশেষ এনসিটি পরিচালনার জন্য দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি করেছে সরকার। অন্যদিকে সিসিটি পরিচালনায় সাইফ পাওয়ারটেকের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়েছে নভেম্বরের শুরুতে। এখনো নতুন অপারেটর চূড়ান্ত না হলেও টার্মিনালটি পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগের প্রক্রিয়া চলছে।
তবে টার্মিনাল দুটিতে এখনো সাইফ পাওয়ারটেকের নিয়োগ করা শ্রমিকরা কাজ করছেন। এনসিটির দায়িত্ব ছেড়ে দিলেও প্রতিষ্ঠানটি শ্রমিকদের গ্র্যাচুইটি ও অন্যান্য আর্থিক সুবিধা পরিশোধ করেনি বলে অভিযোগ তাদের।
আন্দোলনরত শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে বকেয়া বেতন, বোনাস, গ্র্যাচুইটি, করোনাকালীন বোনাস, সরকারি ছুটির দিনে কাজের পারিশ্রমিক এবং দুই ঈদের বোনাসসহ যাবতীয় আর্থিক পাওনা পরিশোধ। এসব দাবি জানিয়ে কয়েক মাস ধরে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও কার্যকর সমাধান পাননি বলে জানান তারা।
সাইফ পাওয়ারটেকে কর্মরত শ্রমিক মো. ফারুক জানান, তাদের সাতটি বার্থে কাজ বন্ধ ছিল। এসব বার্থে পণ্যবাহী সাতটি জাহাজ অবস্থান করছিল। ফলে জাহাজ থেকে পণ্য ওঠানামা বন্ধ হয়ে যায়।
আন্দোলনরত আরেক শ্রমিক সোহেল জানান, বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে শ্রমিকদের সঙ্গে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে বন্দর চেয়ারম্যান ঘটনাস্থলে না আসা পর্যন্ত আলোচনায় বসতে রাজি ছিলেন না শ্রমিকরা।
শেষ পর্যন্ত বেলা ১১টার দিকে শ্রমিকরা কাজে ফিরে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে বকেয়া বেতন, গ্র্যাচুইটিসহ অন্যান্য পাওনা পরিশোধের বিষয়ে এখনো কোনো স্থায়ী সমাধান হয়নি। ফলে দাবি পূরণ না হলে আবারও কর্মবিরতিতে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে দেশের প্রধান সমুদ্রবন্দরের পণ্য ওঠানামা ও সরবরাহ কার্যক্রম ব্যাহত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।
চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, সকালে শ্রমিকরা সাময়িকভাবে এনসিটি ও সিসিটিতে কাজ বন্ধ রেখেছিলেন। বেলা ১১টার পর তারা কাজে ফিরেছেন। কী কারণে শ্রমিকরা কর্মবিরতি পালন করেছেন, তা নিয়ে আলোচনা চলছে। বিস্তারিত পরে জানানো সম্ভব হবে।
