সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্ত্রীর খালাস

রামিসা ধর্ষণ ও হত্যা

সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্ত্রীর খালাস

ফন্ট সাইজ:

রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় করা মামলায় প্রধান আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। তবে তার স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দেয়া হয়েছে। মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করেন। ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামিদের জেল আপিলের ওপর শুনানি শেষে এ রায় দেন আদালত।
এদিন, রায় ঘোষণার সময় আদালতে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ ওসমান চৌধুরী ও সৈয়দ ইজাজ কবির উপস্থিত ছিলেন। অন্যদিকে, মেয়েকে হারানোর দীর্ঘ বিচারিক লড়াইয়ের পর আদালতের এ রায় শুনতে এজলাসে উপস্থিত ছিলেন নিহত শিশু রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা। এ ছাড়াও আসামি ও রাষ্ট্র পক্ষের অন্যান্য আইনজীবী এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

সাড়ে চার ঘণ্টায় ডেথ রেফরেন্স শুনানি শেষে রায় ঘোষণা: বিচারিক আদালতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার কাজ সম্পন্ন হয়েছিল চার কার্যদিবসে। আর সোমবার উচ্চ আদালতে ডেথ রেফান্সে ও আসামিদের আপিল শুনানি শেষ হলো মাত্র সাড়ে চার ঘণ্টায়। রাষ্ট্র ও আসামি পক্ষের কৌসুলিদের পূর্ব প্রস্তুতি থাকায় অতি দ্রুততম সময়ে শেষ হলো মামলার দ্বিতীয় ধাপের বিচার কাজ। আইনজীবীদের যুক্তি ও পাল্টা যুক্তি উপস্থাপন শেষ হলে গতকাল রায় ঘোষণার জন্য আজ দিন ধার্য করেন হাইকোর্ট। শুনানিতে রাষ্ট্রপক্ষের কৌসুলিরা মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের সর্বোচ্চ শাস্তি বহাল রাখার আবেদন জানিয়েছেন। তারা বলেছেন, মামলার মূল আসামি সোহেল রানা গ্রেপ্তারের পর রিমান্ডে নেওয়া ছাড়াই ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। যে জবানবন্দিতে পুরো ঘটনার নৃশংসতা ও বীভৎসতা ফুটে উঠেছে। রিমান্ড ছাড়াই আসামির দেওয়া এই জবানবন্দি সত্য ও স্বেচ্ছা প্রণোদিত। এই জবানবন্দিকে উপেক্ষা করার সুযোগ নাই। রাষ্ট্রপক্ষ বলেন, শিশু রামিসাকে যখন বাসার ভেতর ধর্ষণ ও হত্যা করা হয় তখন তার স্ত্রী স্বপ্না ঘটনাস্থলেই উপস্থিত ছিল। উপস্থিত থাকার পরেও এ ধরনের অপরাধ সংঘটন ও তার স্বামী সোহেল রানাকে পালিয়ে যাওয়ার ঘটনা প্রমাণ করে এতে তার সহয়তা ছিলো। অতএব স্বপ্না আক্তারের অপরাধকে লুঘু হিসেবে দেখার সুযোগ নাই। তারও মৃত্যুদণ্ডও বহাল রাখা হলে ন্যায় বিচার পাবে ভিকটিমের পরিবার।
জবাবে আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত কৌসুলি অ্যাডভোকেট হাফিজুর রহমান বলেন, আসামি গ্রেপ্তারের পর অনেক সময় পুলিশের ভয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে থাকেন। এক্ষেত্রেও সেরকম কিছু হয়েছে। এছাড়া যেসব এভিডেন্স রয়েছে সেগুলোতেও সোহেল রানার খালাস পাওয়ার সুযোগ রয়েছে। এছাড়া স্বপ্নার বিরুদ্ধে যেহেতু কোনো অপরাধ সংঘটনের অভিযোগ নাই সেহেতু তিনি খালাস পাওয়ার হকদার। হত্যার অপরাধে তাকে দোষী সাব্যস্ত করার সুযোগ নাই।
জবাবে রাষ্ট্রপক্ষ বলেছে, এটা সাধারণ কোনো হত্যাকাণ্ড নয়। এটি শিশু ধর্ষণ ও হত্যাকাণ্ডের মামলা। সোহেল ও স্বপ্নার মধ্যে বোঝাপড়াটা ভালো বিধায় এ ধরনের অপরাধ সংঘটিত হয়েছে বাসার মধ্যে। পরে স্বামীকে পালিয়ে যেতে সহায়তা করেছে। তাকে খালাস দেয়ার সুযোগ নেই।

মামলার বিবরণ: চাঞ্চল্যকর এ মামলার বিচারকাজ মাত্র ১৯ দিনে শেষ করে গত ৭ই জুন রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল। রায়ে মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেয়া হয়।

মামলার নথি ও এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ মে রাজধানীর পল্লবী এলাকায় প্রতিবেশী সোহেলের ঘর থেকে পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পরদিন (২০ মে) প্রতিবেশী সোহেল, তার স্ত্রী স্বপ্না ও অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে আসামি করে পল্লবী থানায় মামলা করেন নিহত শিশুর বাবা আব্দুল হান্নান মোল্লা।

মামলার বিবরণ ও তদন্তকারীদের তথ্য অনুযায়ী, সোহেল শিশু রামিসাকে নিজের ঘরে নিয়ে ধর্ষণ করে। এরপর শিশুটিকে গলা কেটে হত্যা করে এবং অপরাধ ধামাচাপা দিতে মরদেহ টুকরো করার চেষ্টা চালায়।

ঘটনার পর গত ২৪ মে পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা ওহিদুজ্জামান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন। চার্জশিটে প্রধান আসামি সোহেলের বিরুদ্ধে ধর্ষণ, হত্যা ও আলামত নষ্টের অভিযোগ আনা হয়। অন্যদিকে, তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে আলামত নষ্ট, মিথ্যা তথ্য প্রদান এবং স্বামীকে অপরাধে সহায়তার অভিযোগ আনা হয়। চার্জশিট দাখিলের কয়েক ঘণ্টা পরেই আদালত মামলাটি বিচারের জন্য ট্রাইব্যুনালে স্থানান্তরের নির্দেশ দেন।
উল্লেখ্য, বিচারিক আদালতে কোনো আসামির মৃত্যুদণ্ড হলে তা কার্যকরের জন্য হাইকোর্টের অনুমোদনের প্রয়োজন হয়, যা ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) হিসেবে পরিচিত। পাশাপাশি দণ্ডাদেশের বিরুদ্ধে আসামিরা জেল আপিল বা নিয়মিত আপিল করার সুযোগ পান। ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর একসঙ্গে শুনানি শেষে হাইকোর্ট চূড়ান্ত সিদ্ধান্ত জানান হাইকোর্ট।