কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পাঁচ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার রাত ১০টার দিকে উপাচার্যের সম্মেলন কক্ষে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান ভিসি অধ্যাপক ড. রইছ উদ্দীন।
ভিসি জানান, প্রাথমিক তদন্তে ওই কর্মকর্তাদের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। এ কারণে তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি এ বিষয়ে তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সাময়িক বরখাস্ত হওয়া পাঁচ কর্মকর্তা হলেন—পরীক্ষা নিয়ন্ত্রক দফতরের উপপরিচালক হিমাদ্রী শেখর মণ্ডল, অর্থ ও হিসাব দফতরের উপপরিচালক সঞ্জয় কুমার পাল, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের সহকারী রেজিস্ট্রার জুনায়েদ হোসেন, রেজিস্ট্রার দফতরের সেকশন অফিসার (গ্রেড-২) নুরুল হুদা এবং উপ-রেজিস্ট্রার সৈয়দুর রহমান রনি।
এর আগে বিশ্ববিদ্যালয়ের শাখা জাতীয়তাবাদী ছাত্রদল ও ছাত্রশক্তির নেতাকর্মীরা বিভিন্ন দফতর ও বিভাগ থেকে ওই পাঁচ কর্মকর্তাকে আটক করেন। তাদের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তোলেন তারা।
ড. মো. রইছ উদ্দিন জানান, চার সদস্য বিশিষ্ট কমিটির মাধ্যমে তদন্ত করে সাময়িকভাবে বহিষ্কৃত কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। কমিটিকে আগামী এক সপ্তাহের মধ্যে বিস্তারিত প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর সংশ্লিষ্টদের সম্পৃক্ততার বিষয়টি পর্যালোচনা করা হবে। নৈরাজ্য ও নাশকতার সঙ্গে কারও জড়িত থাকার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন চূড়ান্ত ব্যবস্থা নেবে।
