যে কারণে মজুরি বোর্ডের সভা স্থগিত

যে কারণে মজুরি বোর্ডের সভা স্থগিত

ফন্ট সাইজ:

তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের তৃতীয় সভায় গতকাল সকাল ১১টায় মালিকপক্ষের মজুরির প্রস্তাব জমা দেয়ার কথা থাকলেও হঠাৎ করে তা স্থগিত করা হয়। সভাটি স্থগিতের ব্যাখ্যায় মজুরি বোর্ডের সচিব রাইসা আফরোজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, তৃতীয় সভাটি অনিবার্যকারণবশত আদিষ্ট হয়ে স্থগিত করা হলো। মালিকপক্ষের দাবি, সভায় মজুরি প্রস্তাব দেয়ার জন্য আমরা শতভাগ প্রস্তুত ছিলাম।

তবে সভা স্থগিতের পেছনে রাজনৈতিক অস্থিরতা ও নতুন করে শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ার আশঙ্কা কাজ করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে গোপালগঞ্জে চলমান রাজনৈতিক উত্তেজনার প্রভাব পোশাকশিল্পের শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়তে পারে— এমন আশঙ্কা থেকে শেষ মুহূর্তে সভা স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয় বলে জানা গেছে। পাশাপাশি মালিকপক্ষের সম্ভাব্য মজুরি প্রস্তাব নিয়েও উদ্বেগ ছিল। কারণ, মালিকদের অধিকাংশই ১৫ হাজার ৫০০ থেকে ১৬ হাজার টাকার মধ্যে ন্যূনতম মজুরি নির্ধারণের পক্ষে। অন্যদিকে শ্রমিকপক্ষের প্রস্তাব ৩২ হাজার টাকা। সংশ্লিষ্টদের আশঙ্কা, বর্তমান পরিস্থিতিতে মালিকপক্ষের তুলনামূলক কম মজুরির প্রস্তাব বোর্ডে জমা পড়লে শ্রমিকদের মধ্যে অসন্তোষ আরও বাড়তে পারে।

পোশাকশিল্পের একাধিক উদ্যোক্তার সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার মালিকপক্ষের মতবিনিময় সভার পর কয়েকজন শিল্পমালিক অনানুষ্ঠানিকভাবে বিজিএমইএ’র সভাপতিকে সতর্ক করেছিলেন। তাদের বক্তব্য ছিল, বর্তমান পরিস্থিতিতে মজুরি প্রস্তাব জমা দেয়া হলে সেটিকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে নতুন করে ক্ষোভ তৈরি হতে পারে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রস্তাব জমা না দেয়ার পরামর্শও দেন তারা। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিতে গুরুত্ব দেন।
এরপর রোববার একাধিক গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে রাজনৈতিক পরিস্থিতি ও শ্রমিক অসন্তোষের বিষয়টি উঠে আসে। মালিকপক্ষের মজুরি প্রস্তাবকে কেন্দ্র করে পরিস্থিতি আরও নাজুক হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়। সংশ্লিষ্ট সূত্রের দাবি, এসব বিষয় বিবেচনায় নিয়ে রোববার রাতেই সরকারের উচ্চপর্যায়ে সভা স্থগিতের সিদ্ধান্ত হয়। সোমবার সকালে মজুরি বোর্ডের পক্ষ থেকে সদস্যদের সভা স্থগিতের কথা জানানো হয়।

সোমবার সকাল সোয়া ৯টার দিকে মজুরি বোর্ডের সদস্যদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সভা স্থগিতের বার্তা দেয়া হয়। এর আগে সকাল ৮টার দিকে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতারকে ফোন করে বিষয়টি জানান।
মজুরি বোর্ডের সচিব রাইসা আফরোজ স্বাক্ষরিত নোটিশে বলা হয়, ‘অনিবার্যকারণবশত আদিষ্ট হয়ে’ বোর্ডের তৃতীয় সভা স্থগিত করা হয়েছে।

সভা স্থগিতের কারণ হিসেবে শ্রমিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আনোয়ার হোসাইনের অসুস্থতার কথাও সামনে এসেছে। তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তবে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার জানান, বোর্ডের চেয়ারম্যান তাকে ফোনে আনোয়ার হোসাইনের অসুস্থতার পাশাপাশি চলমান রাজনৈতিক অস্থিরতা ও শ্রমিক অসন্তোষের বিষয়টিও সভা স্থগিতের কারণ হিসেবে উল্লেখ করেছেন।

বিজিএমইএ’র সাবেক পরিচালক শোভন ইসলাম মনে করেন, বর্তমান পরিস্থিতিতে মজুরি বোর্ডের সভা স্থগিতের সিদ্ধান্ত বিচক্ষণতাপূর্ণ। তার মতে, শিল্পাঞ্চলে আগে থেকেই উত্তেজনা চলছে। এমন পরিস্থিতিতে মালিকপক্ষের প্রস্তাবকে কেন্দ্র করে নতুন করে শ্রমিকদের ক্ষোভ তৈরি হলে সেটি রাজনৈতিক স্বার্থে ব্যবহারের আশঙ্কা ছিল। তবে দ্রুত বোর্ডের বৈঠক করে অর্থবহ মজুরি বৃদ্ধির বিষয়ে সমঝোতায় পৌঁছানো প্রয়োজন।

বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপতি তাসলিমা আখতার বলেন, আমরা শুনেছি, বোর্ডের একজন সদস্য অসুস্থ হয়ে পড়ায় সভা স্থগিত করা হয়েছে। আমরা চাই, নির্ধারিত সময়ের মধ্যে মালিকপক্ষের প্রস্তাব গ্রহণ করে মজুরি নির্ধারণের আলোচনা এগিয়ে নেয়া হোক।

এর আগে ২০২৩ সালের নভেম্বরে পোশাক শ্রমিকদের সর্বশেষ ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়। ওই কাঠামোয় সর্বনিম্ন মজুরি ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল।