জবিতে ছাত্রদল ও ছাত্রশক্তির মারধর

৫ কর্মকর্তাকে প্রক্টর অফিসে স্থানান্তর

জবিতে ছাত্রদল ও ছাত্রশক্তির মারধর

ফন্ট সাইজ:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ৫ কর্মকর্তাকে ধরে প্রক্টর অফিসে হস্তান্তর করেছে ছাত্রদল ও ছাত্রশক্তির নেতাকর্মীরা। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরে অভিযান চালিয়ে তাদের ধরা হয়। পাঁচ কর্মকর্তা হলেন— পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের উপ-পরিচালক হিমাদ্রি শেখর মণ্ডল, অর্থ ও হিসাব দপ্তরের উপ-পরিচালক সঞ্জয় কুমার পাল, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের সহকারী রেজিস্ট্রার জুনায়েদ হোসেন, রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার নুরুল হুদা এবং ডেপুটি রেজিস্ট্রার সাইদুর রহমান রনি।

সূত্রমতে, জুলাই গণ-অভ্যুত্থানের পরও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীর পরিচয়ে ক্যাম্পাসে অবস্থান করছেন এবং বিভিন্ন অপতৎপরতায় জড়িত রয়েছেন— এমন অভিযোগ তুলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে আসছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। এরই ধারাবাহিকতায় গতকাল বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি, সক্রিয় কর্মী এবং কর্মকর্তা-কর্মচারীদের তালিকা জমা দেয়ার কর্মসূচি পালন করে।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরে অভিযান চালান ছাত্রদল ও ছাত্রশক্তির নেতাকর্মীরা। বিগত সময়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন— এমন ব্যক্তিরা বর্তমানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দায়িত্বে রয়েছেন বলে অভিযোগ তুলে তাদের শনাক্ত ও আটকের উদ্যোগ নেয়া হয়। অভিযানের একপর্যায়ে বাংলা বিভাগের চেয়ারম্যানের কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকার অভিযোগে কক্ষটি ঘেরাও করেন নেতাকর্মীরা। এ ছাড়া আটক ব্যক্তিদের বিভিন্ন বিভাগ থেকে ধরে প্রক্টর অফিসে নিয়ে আসা হয়।
ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়েছে। এজন্য সংগঠনটির কমিটি, সক্রিয় নেতাকর্মী এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের তালিকাও প্রশাসনের কাছে জমা দেয়া হচ্ছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. নাসির আহমেদ বলেন, বেশ কিছু অভিযোগ আমাদের কাছে রয়েছে। যারা ক্যাম্পাসে এ ধরনের নাশকতা বা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-সংশ্লিষ্ট তৎপরতার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। কাউকে ছাড় দেয়া হবে না। আমরা ইতিমধ্যে পুলিশ প্রশাসনকে জানিয়েছি। তারা প্রমাণের ভিত্তিতে তদন্ত করবে। তদন্তে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেন, কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে লিখিতভাবে অভিযোগ দাখিল করতে হবে। আমরা তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেবো। তবে ক্যাম্পাসের শৃঙ্খলা নষ্ট করা যাবে না। শিক্ষার্থী ও নেতাকর্মীদের প্রতি আমার আহ্বান, সবাই ক্যাম্পাসের স্থিতিশীলতা বজায় রাখবেন।

তিনি আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-সংশ্লিষ্ট কোনো তৎপরতার অভিযোগ থাকলে তা লিখিতভাবে দিতে হবে। এর আগেও বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ধরনের ঘটনায় কাউকে ছাড় দেয়া হবে না। তবে সবকিছু প্রমাণের ভিত্তিতে এবং আইন অনুযায়ী হতে হবে।