লক্ষাধিক পদ শূন্য, শিক্ষক নিয়োগে বড় জট

ফন্ট সাইজ:

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক সংকট প্রকট আকার ধারণ করেছে। বর্তমানে লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য রয়েছে। কোথাও প্রধান শিক্ষক নেই, কোথাও বিজ্ঞান, গণিত ও তথ্যপ্রযুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষক নেই। দীর্ঘদিন ধরে শূন্য পদ পূরণ না হওয়ায় ব্যাহত হচ্ছে পাঠদান। একজন শিক্ষককে একাধিক শ্রেণির ক্লাস নিতে হচ্ছে। এতে শিক্ষার্থীদের শিখন ঘাটতি বাড়ছে, ব্যাহত হচ্ছে শিক্ষার স্বাভাবিক পরিবেশ। শিক্ষক সংকটের বিপরীতে নিয়োগপ্রক্রিয়াতেও তৈরি হয়েছে নানা জটিলতা। কোথাও নিয়োগের জন্য পর্যাপ্ত যোগ্য প্রার্থী পাওয়া যাচ্ছে না, কোথাও চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও চাকরি পাচ্ছেন না প্রার্থীরা। আবার নিয়োগের সুপারিশ পাওয়ার পরও নানা প্রশাসনিক জটিলতায় আটকে আছে অনেকের নিয়োগ।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশের ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুমোদিত শিক্ষক পদ চার লাখ ২৯ হাজার ৫৩১টি। গত সেপ্টেম্বর পর্যন্ত এসব পদে কর্মরত ছিলেন পৌনে চার লাখ শিক্ষক। তখন শূন্য পদ ছিল প্রায় ৫৬ হাজার। এর মধ্যে প্রধান শিক্ষকের পদ ৩৬ হাজার ২৩৫টি এবং সহকারী শিক্ষকের পদ প্রায় ২০ হাজার। তবে নতুন করে ১৪ হাজার সহকারী শিক্ষক যোগদান করায় বর্তমানে শূন্য পদ কমে প্রায় ৪৩ হাজারে দাঁড়িয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরের তথ্যানুযায়ী, দেশের ৬৯৩টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ৩৮৩টিতে প্রধান শিক্ষকের পদ শূন্য। এ ছাড়া সহকারী প্রধান ও সহকারী শিক্ষকের মোট ১৬ হাজার ৬০১টি পদের বিপরীতে গত সেপ্টেম্বর পর্যন্ত কর্মরত ছিলেন ১৩ হাজার ১৯২ জন। অর্থাৎ শূন্য পদ রয়েছে তিন হাজার ৪০৯টি। এদিকে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট আরও বড়। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সপ্তম বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তিতে ৬৭ হাজার ৮৭টি শূন্য পদের বিপরীতে আবেদন জমা পড়ে মাত্র ১৮ হাজার ৩৯৯টি। যাচাই বাছাই শেষে নিয়োগের সুপারিশ পান ১১ হাজার ৭১৩ জন। ফলে ওই নিয়োগপ্রক্রিয়াতেই ৫৫ হাজার ৪৯৫টি পদ শূন্য থেকে যায়। পরবর্তী সময়ে আরও কিছু পদ খালি হওয়ায় বর্তমানে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কমপক্ষে ৬০ হাজার শিক্ষকের পদ শূন্য রয়েছে।

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের সংকটও প্রকট। ৬৯৩টি বিদ্যালয়ের মধ্যে ৩৮৩টিতে প্রধান শিক্ষকের পদ খালি রয়েছে। অন্যদিকে, পুরনো সরকারি ও জাতীয়করণ করা ৬৫৩টি কলেজে প্রায় পৌনে চার হাজার শিক্ষকের পদ শূন্য। এর মধ্যে পুরনো সরকারি কলেজগুলোতে বিসিএস শিক্ষা ক্যাডারভুক্ত প্রভাষকের ৬৫৬টি পদ খালি। সরকারি ও সদ্য জাতীয়করণ করা কলেজগুলোতে প্রভাষক পর্যায়ে তিন হাজারের বেশি পদ শূন্য রয়েছে। শিক্ষক না থাকায় এসব কলেজের অনেক বিষয়ে নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে। উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ে এক বিষয়ের শিক্ষক দিয়ে অন্য বিষয়ের ক্লাস নেয়াও কঠিন হয়ে পড়ছে।

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানেও শিক্ষক সংকটের চিত্র উদ্বেগজনক। অনুমোদিত ১৫ হাজার ৮৪৪টি শিক্ষক পদের মধ্যে আট হাজার ৪৮৬টি শূন্য। অর্ধেকের বেশি পদে শিক্ষক নেই। শূন্য পদের মধ্যে দুই হাজার ২০৪টিতে নিয়োগের সুপারিশ চেয়ে সরকারি কর্ম কমিশনে (পিএসসি) চাহিদা পাঠানো হয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠানে বিপুলসংখ্যক শিক্ষক পদ শূন্য থাকলেও নিয়োগপ্রক্রিয়ার বিভিন্ন ধাপে আটকে রয়েছেন অনেক যোগ্য প্রার্থী। ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও নিয়োগের সুপারিশ পাননি ৯ হাজার ৮৪২ জন। তাদের দ্রুত নিয়োগের দাবিতে রোববার রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেন প্রার্থীরা। প্রার্থীরা জানান, প্রায় ১৯ লাখ আবেদনকারীর সঙ্গে প্রতিযোগিতা করে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৮তম শিক্ষক নিবন্ধনে মোট ৬০ হাজার ৬৩৪ জন চূড়ান্তভাবে উত্তীর্ণ হন। তাদের মধ্যে ১৭তম, ষষ্ঠ ও সপ্তম গণবিজ্ঞপ্তির মাধ্যমে ৫৩ হাজার ৩৪০ জন নিয়োগের সুপারিশ পেয়েছেন। বাকি ৯ হাজার ৮৪২ জন এখনো সুপারিশবঞ্চিত। তাদের অভিযোগ, গণবিজ্ঞপ্তিতে বিষয়ভিত্তিক সব শূন্যপদ অন্তর্ভুক্ত না করা এবং আগে সুপারিশ পাওয়া প্রার্থীদের পুনরায় আবেদনের সুযোগ দেয়ায় তারা নিয়োগ থেকে বঞ্চিত হয়েছেন। প্রার্থীরা আগামী ডিসেম্বর অথবা জানুয়ারির মধ্যে বিষয়ভিত্তিক পর্যাপ্ত শূন্যপদ যুক্ত করে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে নিয়োগের দাবি জানিয়েছেন।

এদিকে ১ম থেকে ১২তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ প্রার্থীরাও নিয়োগের দাবিতে আন্দোলন করছেন। গতকাল জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ দ্রুত বাস্তবায়নের দাবি জানান তারা। গত ৮ই নভেম্বর সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে ১ম থেকে ১২তম নিবন্ধনধারীদের নির্বাহী আদেশে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করার সুপারিশ করা হয়। প্রার্থীরা এ সুপারিশ বাস্তবায়নে সরকারকে সাতদিনের সময়সীমা বেঁধে দিয়েছেন। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকটের মধ্যেও চূড়ান্তভাবে নিয়োগের সুপারিশ পাওয়া ৮৩ জন সহকারী শিক্ষক এখনো নিয়োগপত্র পাননি। তাদের অভিযোগ, কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা কিংবা মামলা না থাকা সত্ত্বেও অসত্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের নিয়োগ আটকে রাখা হয়েছে। দ্রুত পুনরায় যাচাই বাছাই করে নিয়োগপত্র দেয়ার দাবিতে রোববার রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

এদিকে সরকারি চাকরিতে বিপুলসংখ্যক শূন্যপদ পূরণে বড় পরিকল্পনা নিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৩০শে জুন পর্যন্ত সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে অনুমোদিত পদের সংখ্যা ছিল ১৯ লাখ ৮৬ হাজার ২৭২টি। এর বিপরীতে কর্মরত ছিলেন ১৪ লাখ ৬৪ হাজার ৩৫০ জন। অর্থাৎ পাঁচ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য। এদিকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেও রয়েছে শিক্ষক সংকট। বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) বাংলাদেশ শিক্ষা পরিসংখ্যান-২০২৫ অনুযায়ী, দেশের ৫৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ৭ লাখ ১৬ হাজার ৩৯০ শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক রয়েছেন ১৬ হাজার ৫৭২ জন। অর্থাৎ একজন শিক্ষকের বিপরীতে শিক্ষার্থী ৪৩ জন। আন্তর্জাতিক মানদণ্ডে এই অনুপাত ১:২০। অন্যদিকে ১১৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ৩ লাখ ৯৩ হাজার ৪৭৩ শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক ১৭ হাজার ৭৯৩ জন। সেখানে শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত ১:২২। তবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষকের প্রায় ২৭ শতাংশই খণ্ডকালীন। ফলে বিশ্ববিদ্যালয় পর্যায়েও প্রয়োজনীয় শিক্ষক নিশ্চিত করা এবং মানসম্মত পাঠদান অব্যাহত রাখা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

সম্প্রতি জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জাতীয় সংসদে জানিয়েছেন, সরকারি বিভিন্ন দপ্তরে স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে পাঁচ লাখ কর্মচারী নিয়োগের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, এই শিক্ষক সংকটটা গত ১৫ বছর ধরে চলে আসছে। বিপুলসংখ্যক নিয়োগের একটা প্রশাসনিক প্রক্রিয়া রয়েছে। আমরা শিক্ষক নিয়োগের লক্ষ্যে কাজ করছি। ধাপে ধাপে এই শিক্ষক সংকট দূরীকরণে নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নেয়া হবে।