১০২৬ ইউপিতে ভোট ২১শে জানুয়ারি

পাঁচ ধাপে নির্বাচন

১০২৬ ইউপিতে ভোট ২১শে জানুয়ারি

ফন্ট সাইজ:

জাতীয় নির্বাচনের পর নির্বাচন কমিশন (ইসি) স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের তোড়জোড় শুরু করেছে। এবারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পাঁচ ধাপে শেষ করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে কমিশন। সম্ভাব্য সূচি অনুযায়ী, প্রথম ধাপে আগামী ২১শে জানুয়ারি ১৩১ উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়নে ভোট গ্রহণের পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে বাকি চার ধাপে আরও ৩ হাজার ২৬৪টি ইউনিয়নে ভোট হবে। সবমিলিয়ে পাঁচ ধাপে সাড়ে চার হাজারের বেশি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজন করতে চায় ইসি।

নির্বাচন আয়োজনের সময়সূচি চূড়ান্ত করার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের প্রস্তুতিও নিচ্ছে কমিশন। আগামী ১০ই ডিসেম্বরের আগেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষ করার পরিকল্পনা রয়েছে। তবে নির্বাচনের মাঠপর্যায়ের প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনী আইন এবং স্থানীয় রাজনৈতিক সমীকরণ— সবকিছু বিবেচনায় নিয়েই এগোতে চায় কমিশন। একই সময়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা ও স্মার্টকার্ড ছাপানোর সফটওয়্যার জটিলতা নতুন করে আলোচনায় এসেছে।
সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি জানান, আগামী বৃহস্পতিবারের মধ্যে কোন ইউনিয়নে কবে নির্বাচন হবে, তার বিস্তারিত তালিকা ইসি’র ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

কমিশনের পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে ১৩১ উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়নে ভোট হবে। দ্বিতীয় ধাপে ১২৯ উপজেলার ১ হাজার ১১৩টি, তৃতীয় ধাপে ১১৮ উপজেলার ১ হাজার ২টি, চতুর্থ ধাপে ৯৩ উপজেলার ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৭ উপজেলার ৩৫৬টি ইউনিয়নে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে। এ হিসাবে পাঁচ ধাপে মোট ৪ হাজার ২৯০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে কমিশন। বৃহস্পতিবারের মধ্যে বিস্তারিত তালিকা প্রকাশ করা হলে নির্বাচনী প্রস্তুতির পরবর্তী ধাপ স্পষ্ট হবে। কোন এলাকায় কখন ভোট, তা জানতে অপেক্ষায় রয়েছেন সম্ভাব্য প্রার্থী ও ভোটাররা।
১০ই ডিসেম্বর রাজনৈতিক সংলাপ: ইউপি নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। আগামী ১০ই ডিসেম্বরের আগেই সংলাপ শেষ করার পরিকল্পনা রয়েছে। স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য করতে দলগুলোর মতামত নেয়া হবে। রাজনৈতিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্নের জবাবে সানাউল্লাহ বলেন, ডিসেম্বরে ভারতে অবস্থানরত শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি আলোচনায় থাকলেও স্থানীয় সরকার নির্বাচনে এর কোনো প্রভাব পড়বে বলে মনে হয় না।

বরং স্থানীয় সরকার নির্বাচন কোনো কোনো ক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে সহায়তা করবে। নির্বাচন আইন সংশোধনের বিষয়ে কমিশনের সুপারিশ রয়েছে। তবে আসন্ন ইউপি নির্বাচন কোন আইনে হবে, সে বিষয়ে তিনি বলেন, তফসিল ঘোষণার দিন যে আইন কার্যকর থাকবে, সেই আইন অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে।
সানাউল্লাহ বলেন, জাতীয় নির্বাচন নিয়ে সেনা মোতায়েনের বিষয়ে আলোচনা হয়েছিল। তবে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা ও পর্যাপ্ততা বিবেচনা করেই নির্বাচনী নিরাপত্তার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।