কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সশস্ত্র মহড়া, বিক্ষোভ-সহিংসতার পরদিন থমথমে পরিস্থিতি ছিল গোপালগঞ্জে। পুলিশ, বিজিবি, এসআরবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জোরালো টহল ও নজরদারি ছিল জেলা জুড়ে। এদিন টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধির ফটক ও দলীয় কার্যালয় খোলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেখানে তারা জাতীয় পতাকা উত্তোলন করে এবং শপথ নেন।
গতকাল জেলা শহরে নতুন করে কোনো ধরনের বিক্ষোভ-সহিংসতার ঘটনা না ঘটলেও গোপালগঞ্জ জেলা পুরোপুরি স্বাভাবিক হয়নি, জেলা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, সড়ক ও সরকারি অফিস ভবনগুলোয় পুলিশ, এসআরবি ও বিজিবি’র সংখ্যা বাড়ানো হয়েছে। পাশাপাশি পুরো জেলায় বিজিবি বডি ওর্ন ক্যামেরা ও ড্রোন ব্যবহার করে পুলিশের সঙ্গে যৌথ টহল অব্যাহত রেখেছে। এমন অবস্থার মধ্যে প্রয়োজন ছাড়া সাধারণ মানুষদের খুব একটা বাইরে বের হতে দেখা যায়নি।
রোববার নিষিদ্ধ সংগঠনের তাণ্ডবে বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। এ ছাড়াও আওয়ামী লীগের তাণ্ডবের পর থেকে এখন পর্যন্ত গোপালগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনের কোনো সংসদ সদস্য (এমপি) কাউকে প্রকাশ্যে দেখা যায়নি।
এদিকে সোমবার বিকালে গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি নিয়ে লঞ্চঘাট ট্রাফিক পুলিশ বক্সের সামনে সংবাদ সম্মেলনে ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান জানান, গতকালের (রোববার) সশস্ত্র মহড়া, বিক্ষোভ-সহিংসতার সঙ্গে যারা জড়িত ছিল কেবলমাত্র তাদের আইনের আওতায় আনা হচ্ছে। তিনি বলেন, এপর্যন্ত উল্লেখযোগ্য সংখ্যক অপরাধীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ছাড়াও গোপালগঞ্জের কোনো নিরপরাধ মানুষকে পুলিশ হয়রানি করবে না। বলেও সাংবাদিকদের অবহিত করেন।
দুই বছর পর খুললো সমাধি ও আওয়ামী লীগের কার্যালয়
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি জানান, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দুই বছর পর খুলেছে শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ ও কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়। গতকাল সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দলীয় পতাকা উত্তোলন করা হয়। এ ছাড়া সমাধি সৌধে শপথ নেন দলটির নেতাকর্মীরা। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে নিষিদ্ধ পৌর ছাত্রলীগের সভাপতি শেখ ইফতি জামান পল্লবের নেতৃত্বে উপজেলা থেকে একটি মিছিল বের হয়। পরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খুলে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় আওয়ামী লীগ কার্যালয়ে বিভিন্ন রকম স্লোগান দেন নেতাকর্মীরা। এরপর মিছিলটি সমাধি সৌধে প্রবেশ করে তিনটি গেট খুলে দিয়ে শপথবাক্য পাঠ করেন তারা।
উল্লেখ্য, রোববার জেলা শহরে লাঠিসোটা ও বিভিন্ন দেশীয় অস্ত্র হাতে মিছিল করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা পুলিশ বক্স ও সাঁজোয়া যানে হামলা চালান। রাতে উপজেলা বিএনপি’র কার্যালয় ও এক নেতার বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া একজন পুলিশ সদস্যকেও কুপিয়ে আহত করা হয়। আওয়ামী লীগের নেতাকর্মীদের এই মহড়ার দিনে জেলা প্রশাসন ও পুলিশ সুপারকে সরিয়ে দেয়া হয়। এদিন বিকাল থেকেই জেলা শহরে বিজিবি, এসআরবি ও পুলিশের টহল বাড়ানো হয়।
