রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ই মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে আসামিপক্ষের শুনানি শুরু হয়েছে। তবে এদিন আংশিক শুনানি সম্পন্ন হয়েছে। আসামিপক্ষের পরবর্তী শুনানির জন্য আগামী ২৩শে নভেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।
মানবতাবিরোধী অপরাধের এই মামলায় দু’টি চার্জে ৫২ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে। এতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদসহ ৪১ জনকে আসামি করা হয়েছে। এদের মধ্যে গ্রেপ্তার ১১ আসামি। বাকিরা পলাতক। এদিন, অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে দুই হাত পেছনে নিয়ে হাতকড়া পরানোর পাশাপাশি মাথায় হেলমেট ও বুকে ভেস্ট পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হয়। একইসঙ্গে অন্য কয়েকজন আসামিকেও হাতকড়া, হেলমেট ও ভেস্ট পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হয়। বেলা ১২টায় একে একে আসামিদের গারদ থেকে এজলাসে তোলা হয়। প্রথমেই হুইল চেয়ারে করে ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে নেয়া হয়।
অতঃপর সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, আবদুর রাজ্জাক, সাবেক প্রতিমন্ত্রী মো. শামসুল হক (টুকু), সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, সাবেক ডিআইজি মোহা. আবদুল জলিল মণ্ডল ও একাত্তর টিভি’র সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবুর হাতে হাতকড়া, মাথায় হেলমেট ও বুকে ভেস্ট পরিয়ে এজলাসে তোলা হয়। এ সময় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর দুই হাত পেছনে নিয়ে হাতকড়া পরানো ও মাথায় হেলমেট এবং বুকে ভেস্ট পরানো নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেন। তিনি বলেন, আমি এই নির্যাতনের তীব্র প্রতিবাদ করছি। এই অন্যায়ের প্রতিবাদ করছি। পরে, শুনানি চলার সময় সব আসামিদের হাতকড়া, হেলমেট ও ভেস্ট খুলে নেয়া হয়। শুনানিতে জিয়াউল আহসান কথা বলার জন্য ট্রাইব্যুনালের দৃষ্টি আকর্ষণ করলেও তার আবেদন গ্রহণ করেননি ট্রাইব্যুনাল। এদিকে শুনানি শেষে বেলা আড়াইটার দিকে এজলাসের কাঠগড়া থেকে আসামিদের ট্রাইব্যুনালের হাজতখানায় নেয়া হয়। সে সময় অন্য আসামিদের হাতে হাতকড়া, মাথায় হেলমেট ও বুকে ভেস্ট ছিল না। তবে জিয়াউল আহসানের দুই হাত পেছনে নিয়ে হাতকড়া পরিয়ে কাঠগড়া থেকে হাজতখানায় নেয়া হয়।
শুনানিতে লতিফ সিদ্দিকীকে নিয়ে বিভ্রান্তি: শুনানিতে ২০১৩ সালের ৫ই মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের ওপর হামলার দায় স্বীকার করেছেন সাবেক আওয়ামী লীগ নেতা ও মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। শুনানিতে হাত জোর করে ট্রাইব্যুনালের দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় তাকে আইনজীবীদের জন্য নির্ধারিত ডায়াসে ডেকে নেন ট্যাইব্যুনাল। এ সময় তিনি বলেন, ওই নৃশংসতা যখন ঘটেছিল, তখন তৎকালীন সরকারের একজন মন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর (প্রেসিডিয়াম) সদস্য হিসেবে তিনি এর দায় এড়াতে পারেন না। পরে এই মামলায় পুনরায় জামিন আবেদন করেন তিনি।
লতিফ সিদ্দিকী ট্রাইব্যুনালকে বলেন, আমার জামিন আবেদনের বিষয়ে ট্রাইব্যুনাল এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি। কিন্তু আমাকে এই মামলায় গ্রেপ্তার করা হতে পারে এটি জানার পরে নিজেই আত্মসমর্পণ করতে চেয়েছি। যদিও রাতে আমাকে পুলিশ গ্রেপ্তার করেছিল। এদিকে শুনানি শেষে লতিফ সিদ্দিকীর আইনজীবী মো. মনসুরুল হক চৌধুরী মানবজমিনকে বলেন, লতিফ সিদ্দিকী কোনো দায় স্বীকার করেননি। তিনি বলেছেন, ২০১৩ সালের ৫ই মে যেসব ঘটনা ঘটেছে এটি সত্য এবং এটিও সত্য যে তিনি তখন মন্ত্রী ও আওয়ামী লীগের রাজনীতি করতেন। কিন্তু এসব ঘটনার সঙ্গে তিনি জড়িত নন বলে ট্রাইব্যুনালকে জানিয়েছেন। তবে এদিন মো. মনসুরুল হক চৌধুরী ও মোস্তাফিজুর রহমান খান আসামিদের পক্ষে দু’টি জামিন আবেদনের উপর শুনানি করতে চাইলেও মামলার অভিযোগ থেকে অব্যাহতির বিষয়ে তারা কোনো শুনানি করেননি। মামলায় পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রীয় খরচে নিযুক্ত আইনজীবী আমির হোসেন শুনানি করেন। পরে মামলার কার্যক্রম মুলতবি করে বাকি আসামিদের পক্ষে শুনানির জন্য ২৩শে নভেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
জিয়াউল আহসানের জন্য আদালতের কার্যক্রমে ২ ঘণ্টা বিলম্ব: জিয়াউল আহসানের ‘গভীর ষড়যন্ত্র ও নাটকীয়তার’ কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম অন্তত দুই ঘণ্টা অকারণে বিলম্বিত হয়েছে বলে অভিযোগ করেছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। একইসঙ্গে জিয়াউল আহসান ও তার বোনের উচ্ছৃঙ্খল আচরণ এবং আসামিদের অসহযোগিতায় প্রয়োজনে বোধে ভার্চ্যুয়াল পদ্ধতিতে বিচার কার্যক্রম চালানোর বিষয়ে আদালত একটি সাধারণ (জেনারেল) আদেশের কথা জানান তিনি। গতকাল ট্রাইব্যুনালের কার্যক্রম শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে চিফ প্রসিকিউটর এসব কথা বলেন। এ সময় সাংবাদিক মোজাম্মেল হক বাবুর পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের আবেদনের বিরোধিতার আইনি ব্যাখ্যা এবং ইউটিউবারদের বিষয়ে কঠোর অবস্থানের কথা তুলে ধরেন।
