‘কাফনের কাপড় কিনে রাখিস’

চট্টগ্রামে চাঁদা না পেয়ে বাড়িতে গুলি

‘কাফনের কাপড় কিনে রাখিস’

ফন্ট সাইজ:

চট্টগ্রাম নগরে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ রায়হান ও তার সহযোগীদের বিরুদ্ধে। গুলি চালানোর পর ওই ব্যবসায়ীকে মুঠোফোনে কল করে প্রাণনাশের হুমকি দেয়ারও অভিযোগ উঠেছে। ফোনে তাকে বলা হয়, ‘আজ বাড়িতে গুলি করেছি, কাল শরীরে গুলি করবো। কাফনের কাপড় কিনে রাখিস।’

রোববার রাত সাড়ে ১২টার দিকে নগরের বায়েজিদ বোস্তামী থানার শহীদনগর কমিশনার বাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। দু’টি মোটরসাইকেলে আসা কয়েকজন যুবক ভূমি ব্যবসায়ী জাফর আহমদের বাড়ি লক্ষ্য করে পাঁচ থেকে ছয় রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। এতে বাড়ির একটি জানালার কাঁচ ভেঙে গেলেও কেউ হতাহত হননি। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভুক্তভোগী জাফর আহমদ জানান, প্রায় ১০ মাস আগে বিদেশি একটি নম্বর থেকে ফোন করে তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। ফোনে নিজেকে সন্ত্রাসী রায়হান পরিচয় দেয়া হয়। ওই সময় তিনি নিজের ও স্ত্রীর চিকিৎসার জন্য ভারতে অবস্থান করছিলেন। তার স্ত্রী ক্যান্সারে আক্রান্ত। বিষয়টি তিনি পুলিশকে জানান। এরপর দীর্ঘদিন কোনো ফোন না এলেও বুধবার আবারো একই পরিচয়ে ফোন করে চাঁদা দাবি ও হুমকি দেয়া হয়।

জাফর আহমদ বলেন, ‘আমি তাকে জানিয়েছি, আমার স্ত্রী ক্যান্সারে আক্রান্ত। আমিও ব্রেইন স্ট্রোক করেছি। কিন্তু তিনি এসব কোনো কথাই শুনতে চাননি। ২০ লাখ টাকা দিতেই হবে।’ তিনি বলেন, রোববার রাতে কয়েকজন যুবক দু’টি মোটরসাইকেলে এসে তার বাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়েন। এরপর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন তারা। যে জানালায় গুলি লেগেছে, ওই কক্ষে তিনি থাকেন না। ঘটনার সময়ও পরিবারের কোনো সদস্য সেখানে ছিলেন না। ফলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন তারা। জাফর আহমদের অভিযোগ, গুলির ঘটনার পরপরই তার মুঠোফোনে কল করেন কথিত রায়হান। এ সময় তাকে হুমকি দিয়ে বলা হয়, ‘টাকা দিসনি তো, আজ বাড়িতে গুলি করলাম, কাল তোদের শরীরে গুলি করবো। কাফনের কাপড়চোপড় কিনে রাখিস।’ স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি নিজে ছয় রাউন্ড গুলির শব্দ শুনেছেন।