ময়মনসিংহ নগরীতে বালু ব্যবসা দ্বন্দ্বে সুরুজ্জামান (৩৫) নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে হত্যা করা হয়েছে। পরে এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে মেহেদী হাসান (৩১) নামে এক যুবকের গণপিটুনিতে মৃত্যু হয়েছে। গতকাল ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেহেদীর মৃত্যু হয়। তিনি বাড়েরা মসজিদ মার্কেট এলাকার বাসিন্দা। তার বড় ভাই জাহাঙ্গীর আলম কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নগরীর ২৬ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি। সুরুজ্জামান হত্যাকাণ্ডে নিহত মেহেদীর ভাই জাহাঙ্গীরও জড়িত বলে অভিযোগ স্থানীয়দের।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার সন্ধ্যা ৭টার দিকে ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বারেরা মজিদ মার্কেট এলাকায় নিজ বাড়ি থেকে শিশু সন্তানকে নিয়ে মোটরসাইকেলে যাওয়ার পথে মজিদ মার্কেট সংলগ্ন রাস্তার মোড়ে স্বেচ্ছাসেবক দল নেতা সুরুজ্জামানের গতিরোধ করে মেহেদীসহ কয়েকজন। কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা তার বুকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সুরুজ্জামান ওই এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে। তিনি ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য ছিলেন। নিহতের বড় ভাই ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি রোমান কাউসার বলেন, এলাকায় বালু ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে আওয়ামীপন্থি অন্য একটি বালু ব্যবসায়ী গ্রুপের সঙ্গে তার ভাই জামানের দ্বন্দ্ব চলছিল। এই বিরোধের জের ধরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। নিহত সুরুজ জামানের চাচাতো ভাই সাদেক হোসেন অভিযোগ করেন, জাহাঙ্গীর আলম, তার ছোট ভাই মেহেদী হাসানসহ অন্য ভাইয়েরা মিলে সুরুজ্জামানকে ছুরিকাঘাতে হত্যা করেছেন।
স্থানীয় সূত্রমতে, সুরুজ্জামান হত্যার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ হয়ে ওঠেন এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীরা। একপর্যায়ে তারা ঢাকা বাইপাস মোড়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা। অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহনের যাত্রীরা ভোগান্তিতে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে।
হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন। পরে রাতেই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মেহেদী হাসানের বাড়ি ভাঙচুর করা হয়। একপর্যায়ে তাকে গণপিটুনি দেয়া হয়। গুরুতর আহত অবস্থায় মেহেদীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ভোরে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম বলেন, পৃথক হত্যাকাণ্ডের ঘটনায় কেউ থানায় কোনো অভিযোগ করেনি।
