মন্ত্রীর প্রচেষ্টায় পৌরসভার অনুমোদন পেলো জৈন্তাপুর আনন্দ মিছিল

মন্ত্রীর প্রচেষ্টায় পৌরসভার অনুমোদন পেলো জৈন্তাপুর আনন্দ মিছিল

ফন্ট সাইজ:

প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে সিলেটের জৈন্তাপুরকে পৌরসভা গঠনের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। জৈন্তাপুর ছাড়া আরও একটি পৌরসভা ও দু’টি থানারও অনুমোদন দিয়েছে সরকার। গতকাল প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশের প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) এক সভায় এই অনুমোদন দেয়া হয়।

জৈন্তাপুরকে পৌরসভা করার জন্য দায়িত্ব নেয়ার পর থেকে স্থানীয় এমপি ও প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী তৎপরতা চালিয়ে আসছিলেন। গতকাল আনুষ্ঠানিক অনুমোদনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে ধন্যবাদ জানিয়েছেন জৈন্তাপুরের সকল স্তরের বাসিন্দারা। এ সময় একটি আনন্দ মিছিল করেছে জৈন্তাপুর উপজেলা বিএনপি ও স্থানীয় সুশীল সমাজের মানুষজন।

সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট, জৈন্তাপুরের ইউনিয়নের বিভিন্ন এলাকাকে সংযুক্ত করে জৈন্তাপুর পৌরসভার গেজেট প্রকাশ করা হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ, পৌর-২ শাখা থেকে চলতি বছরের ১৭ই অক্টোবর এসংক্রান্ত প্রজ্ঞাপন বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় জৈন্তাপুর পৌরসভা বাস্তবায়নের সরকারি গেজেট প্রকাশিত হয়।

নিজপাট ইউনিয়ন, জৈন্তাপুর ইউনিয়ন, চারিকাটা ইউনিয়ন, দরবস্ত ইউনিয়ন, ফতেহপুর ইউনিয়ন ও চিকনাগুল ইউনিয়নসহ ৬টি ইউনিয়ন নিয়ে জৈন্তাপুর পৌরসভা গঠিত হচ্ছে। সরকারি গেজেটের তফসিল অনুযায়ী ১নং নিজপাট ইউনিয়নের অন্তর্ভুক্ত ৬টি মৌজা, নিজপাট, ঘিলাতৈল, গৌরীশংকর, পূর্ব লক্ষ্মীপ্রসাদ, গুয়াবাড়ী ও ডিবি হাওর এবং ২নং জৈন্তাপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত ৬টি মৌজা মোয়াখাই, লামনীগ্রাম, মুক্তাপুর, ভিত্রিখেল, কেন্দ্রী হাওর বিরাইমারা হাওরকে পৌরসভার অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রবাসীকল্যাণ ও শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী মানবজমিনকে বলেন, সরকার দায়িত্ব নেয়ার নয় মাসের মধ্যে জৈন্তাপুর পৌরসভার অনুমোদন পেয়েছে এটি বড় সফলতা। প্রশাসনিক কার্যক্রমসহ নানা দিক থেকে এখন এগিয়ে যাবে জৈন্তাপুর। আমার নির্বাচনী এলাকার মধ্যে জৈন্তাপুরও একটি অংশ। পৌরসভার অনুমোদনে তারা আনন্দ উৎসব করছে। আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই জৈন্তাপুরকে পৌরসভায় অনুমোদন দেয়ার জন্য।