হাসিনা ইস্যুতে ঢাকার সঙ্গে দিল্লির কোনো শর্ত নিয়ে আলোচনা হয়নি

হাসিনা ইস্যুতে ঢাকার সঙ্গে দিল্লির কোনো শর্ত নিয়ে আলোচনা হয়নি

ফন্ট সাইজ:

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের পক্ষ থেকে যে দু’টি শর্তের কথা প্রচার করা হচ্ছে, তা ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি জানিয়েছেন, কথিত ওই দুই শর্ত নিয়ে ঢাকা- দিল্লির মধ্যে কোনো পর্যায়েই আলোচনা হয়নি। ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে এ ধরনের কোনো শর্ত বা প্রস্তাবও দেয়া হয়নি। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে বিবিসি বাংলার সাম্প্র্রতিক একটি প্রতিবেদনে ভারতের দু’টি শর্তের কথা উল্লেখ করা হয়। একটি হলো, শেখ হাসিনা যেহেতু বাংলাদেশ সামরিক বাহিনীর উড়োজাহাজে ভারতে গিয়েছিলেন, তাই তাকে ফিরিয়ে নেয়ার দায়িত্বও বাংলাদেশের সেনাবাহিনীকে নিতে হবে। অন্য শর্তটি হলো, দেশে ফেরার পর মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ দিতে হবে এবং জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের বিচার নতুন করে শুরু করতে হবে।

এ বিষয়ে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশের আইনে প্রতিবেদনটার কোনো ভিত্তি নাই। এটা ভারত সরকারের কোনো রেসপনসিবল জায়গা থেকে আসেনি। এরকম প্রতিবেদন তো আপনিও ছাপাতে পারেন প্রতিদিন একটা। তো এই প্রতিবেদন ডাজেন্ট মিন এনিথিং। তিনি বলেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা দেশটির সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু এলে বাংলাদেশ তা গ্রহণ করবে এবং জবাব দেবে। এর বাইরে ভারতের কোথায় কী প্রতিবেদন প্রকাশিত হচ্ছে, তা দেখার সময় সরকারের নেই।

ভারতের পক্ষ থেকে কথিত দু’টি শর্ত নিয়ে বাংলাদেশের সঙ্গে কোনো পর্যায়ে যোগাযোগ করা হয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কোনো লেভেলেই না। আমাদের সঙ্গে এই ব্যাপারে তাদের কোনো কথাই হয় নাই। বিবিসি বাংলার প্রতিবেদনে দিল্লির সরকারি কর্মকর্তা ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার বক্তব্যের বরাত দিয়ে কথিত শর্ত দু’টির কথা বলা হয়েছিল। তবে তাদের কারও নাম প্রকাশ করা হয়নি। প্রতিবেদনে ভারতের একজন সামরিক সূত্রের বক্তব্যও তুলে ধরা হয়।

শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, সাজাপ্রাপ্ত আসামিদের বিদেশ থেকে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্দি বিনিময় বা প্রত্যর্পণ চুক্তি রয়েছে। ওই চুক্তির আওতায় পররাষ্ট্র মন্ত্রণালয় একাধিকবার ভারতকে চিঠি দিয়েছে। বিষয়টি আইন মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় খতিয়ে দেখছে। তিনি বলেন, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকেও অন্য আসামিদের মতো বাংলাদেশে ফিরিয়ে এনে সাজা ভোগ করানো হবে বলে সরকার আশা করে।

শেখ হাসিনার পাসপোর্ট পাওয়ার অধিকার এবং তাকে দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া নিয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশের নাগরিক হলেই যে কেউ পাসপোর্ট পাওয়ার নিশ্চয়তা পান না। কেউ সাজাপ্রাপ্ত আসামি হলে বা তার বিরুদ্ধে মামলা থাকলে সরকার তাকে পাসপোর্ট দিতে বাধ্য নয়। এ প্রসঙ্গে তিনি জানান, একটি আইন প্রতিষ্ঠান বাংলাদেশের মিশনের কাছে এ বিষয়ে প্রশ্ন পাঠিয়েছে। মিশন সেটি পেয়েছে এবং সরকার বিষয়টি পর্যালোচনা করছে।

ভারত-বাংলাদেশ সম্পর্কের উপর শেখ হাসিনা ইস্যুর প্রভাব নিয়ে প্রশ্ন করা হলে শামা ওবায়েদ বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক শেখ হাসিনার চেয়ে অনেক বড়। মুক্তিযুদ্ধের আগ থেকেই দুই দেশের সম্পর্কের সূচনা উল্লেখ করে তিনি বলেন, এই সম্পর্ক একটি বিষয়ে সীমাবদ্ধ নয়। দুই দেশের বিভিন্ন ইস্যু কূটনীতির মাধ্যমে সমাধান করা হবে।