জৈন্তায় বেপরোয়া বালু লুট সিন্ডিকেট

জৈন্তায় বেপরোয়া বালু লুট সিন্ডিকেট

ফন্ট সাইজ:

সিলেটের জৈন্তাপুরের গোয়াবাড়ি হেওতি এলাকা বড়গাঙ নদীর তীর। অনেকটা লোক-চক্ষুর আড়ালে ওই স্থান। রোববার দুপুরে ওই এলাকায় দেখা গেল ভয়াবহ দৃশ্য। অন্তত ৫০০ নৌকা দিয়ে লুট করা হচ্ছে বালু। উৎসব করে হাজার হাজার শ্রমিক বালু লুট করছে। অথচ ভূমির মালিক দিদারুল আম্বিয়া চৌধুরী এ খবর জানেন না। সিলেট থেকে এলাকায় গিয়ে তিনি দৃশ্য দেখেই হতবাক। বাধা দিতে চাইলেও পারেননি। লাঠিসোটা নিয়ে মহড়া দিচ্ছিলো বাহিনী। চোখ রাঙাচ্ছে। কারা লুট করছে বালু, আর বালু যাচ্ছে কোথায়? এমন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা গেল আরও ভয়ঙ্কর তথ্য। এ লুটের সঙ্গে সবাই জড়িত। টাকা যায় প্রশাসনের সব টেবিলে। বাদ নেই স্থানীয় জনপ্রতিনিধিরা। শেল্টার দিচ্ছেন রাজনৈতিক নেতারা। মহরম উদ্দিন নামের এক শ্রমিক জানালেন-নৌকা দিয়ে বালু লুট করা হয়।

প্রতি নৌকা থেকে জমির দখলদার অংশ পায় এক হাজার টাকা। বড়গাঙ নদীর ইজারাদার পায় এক হাজার টাকা। পুলিশ, রাজনৈতিক নেতাদের নামে ৫০০ টাকা নেয়া হয়। সব মিলিয়ে আড়াই হাজার টাকা খরচ হয়। শেষে বড়গাঙ ব্রিজের কাছে প্রতি নৌকা বালু বিক্রি হয় তিন থেকে সাড়ে তিন হাজার টাকা দরে। মহরম সহ শ্রমিকদের দেয়া তথ্য মতে; প্রতিদিন হেওতি গ্রামের ওই স্থান থেকে ৩০ থেকে ৩৫ লাখ টাকার বালু লুট করা হয়। গত ৬ দিনে দেড় কোটি টাকার উপরে বালু লুট করা হয়েছে।

শ্রমিকরা জানায়- ভোররাত ৩টা থেকে বালু লুট শুরু হয় আর চলে বিকাল পর্যন্ত। প্রথম দুইদিন নদীর তীর থেকে বালু লুট করা হয়। পরের চারদিন লুট করা হচ্ছে বসতি থেকে। বালু লুটে বাগান ও কৃষিজমি ধ্বংস হয়ে যাচ্ছে। লুটের ঘটনায় ভূমির মালিক নিজপাট চুনাহাটি গ্রামের দিদারুল আম্বিয়া চৌধুরী প্রশাসনের কাছে লুটপাটকারী তিন ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। লুটপাটকারীরা হচ্ছে, গোয়াবাড়ি গ্রামের কালারাজ মজুমদারের ছেলে রুপা মিয়া, বাবুল মিয়ার ছেলে স্বপন মিয়া ও রিয়াজ মিয়ার ছেলে হান্নান মিয়া।

দিদার জানান, ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুশ শুকুর মেম্বার। মূলত শুকুর মেম্বারের নেতৃত্বে হঠাৎ করে গত ১২ই নভেম্বর থেকে ওই ভূমিতে বালু লুট শুরু হয়। ইউএনও বরাবর দেয়া অভিযোগে দিদারুল আম্বিয়া চৌধুরী জানিয়েছেন- রূপা ও তার সিন্ডিকেটের সদস্যরা সশস্ত্র সন্ত্রাসীদের দিয়ে হুমকি দেয়। বালু উত্তোলনে বাধা প্রদান করলে খুন করে ফেলবে বলে জানায়। স্থানীয়রা জানিয়েছেন- যে ভূমি থেকে বালু তোলা হচ্ছে সেটি লিজের নির্ধারিত জায়গা থেকে অনেক দূরে। অথচ ওখান থেকে লুটপাট করা বালু থেকে ইজারাদার অংশ প্রতি নৌকা থেকে ১ হাজার টাকা রয়্যালিটি আদায় করছে। লুট করা বালুকে বৈধতা দিতে ইজারাদার অংশ কৌশলে লুটের নেতৃত্বে রয়েছে। বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জৈন্তাপুর সদরের নিজপাট ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা ইন্তাজ আহমদ। তিনি জানিয়েছেন-লুটের বিষয়টি তারা ‘ট্যাকেল’ দিতে পারছেন না।

একই সঙ্গে চেয়ারম্যান প্রশাসনের ব্যর্থতার বিষয়েও অভিযোগ করেন। কয়েকজন স্থানীয় জনপ্রতিনিধি জানিয়েছেন- মূলত বালু লুটের শেল্টার দিচ্ছে পুলিশ। বড় অঙ্কের টাকা পুলিশ সদস্যদের পকেটেও যায়। এ কারণে লুটপাটকারীরা বেপরোয়া। কথা বললেই মামলার হুমকি দেয়া হচ্ছে। তবে বালু লুটের সঙ্গে পুলিশের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন জৈন্তাপুর থানার ওসি মাহবুবুর রহমান মোল্লা। তিনি জানিয়েছেন- প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালালে সেখানে পুলিশ যায়। বালু লুট সম্পর্কে পুলিশ অবগত নয় বলে দাবি করেন তিনি। এদিকে জৈন্তাপুরে ইউএনও আবুল হাসনাত গত ১লা নভেম্বর কর্মস্থলে যোগ দিয়েছেন।

গতকাল ইউএনও মানবজমিনকে জানিয়েছেন-তিনি কর্মস্থলে যোগ দেয়ার পর জৈন্তাপুরের যে বড় সমস্যাটি চিহ্নিত করেছেন সেটি হচ্ছে বালু লুট। প্রায় প্রতিদিনই প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হচ্ছে। গতকালও তিনি বালু লুটের অভিযোগে মিনা টিলা এলাকায় অভিযান চালিয়েছেন। হেওতির বালু লুটের বিষয়টি তার নজরে এসেছে। দ্রুত সেখানে অভিযান চালানো হবে বলে জানান। সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন- পাথর ও বালু লুটে প্রশাসনের জিরো টলারেন্স নীতি রয়েছে। কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুরে অভিযান জোরদার করতে যৌথ টাস্কফোর্স অভিযান চালাবে। তিনি বলেন- বালু লুট দমাতে গত অক্টোবর মাসে ১০টি অভিযান চালানোর পাশাপাশি ১৭টি মামলা করা হয়েছে। ৮ লাখ টাকা জরিমানা সহ ৫ জনকে কারাদণ্ড ও বালু উত্তোলনে ব্যবহৃত যন্ত্র ধ্বংস করা হয়েছে।