ইফার ১৩ কর্মকর্তার হঠাৎ চাকরিচ্যুতি নিয়ে বিতর্ক

ফন্ট সাইজ:

ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের একজন সহকারী পরিচালকসহ ও ১২ জন ফিল্ড অফিসারের আকস্মিক চাকরি থেকে অব্যাহতি দেয়ার আদেশ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। চাকরিচ্যুতদের অধিকাংশই জুলাইযোদ্ধা বলে জানা গেছে। সোমবার প্রকল্প পরিচালক তরিকুল ইসলাম এক আদেশে ১৩ কর্মকর্তাকে অব্যাহতি দেন।
দীর্ঘদিন চাকরিতে বহাল রেখে বেতন-ভাতা দেয়ার পর প্রকল্পের মাঝপথে তাদের অব্যাহতি দেয়ায় বৈষম্য ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ উঠেছে।

সংশ্লিষ্টদের দাবি, কারণ দর্শানোর নোটিশ বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছাড়াই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। চাকরিচ্যুত ফিল্ড অফিসার ফোরকান হোসাইন জানান, ১২ বছর আগে নেয়া ১২ হাজার ৩৫০ টাকার অগ্রিম তিনি পরিশোধ করেছেন এবং এ-সংক্রান্ত প্রত্যয়নপত্রও রয়েছে। কিন্তু বিষয়টি মন্ত্রণালয়ে যথাযথভাবে উপস্থাপন না করেই তাকে চাকরিচ্যুত করা হয়েছে। অন্যদিকে, প্রকল্পে অন্তত এক ডজন মাস্টার ট্রেইনারের সরকার স্বীকৃত শিক্ষাগত সনদ না থাকার অভিযোগ থাকলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়নি। সাবেক মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজালের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আব্দুল আজিজের বিরুদ্ধেও সনদসংক্রান্ত অভিযোগ রয়েছে। তবু তিনি স্বপদে বহাল রয়েছেন বলে জানা গেছে।
এ ছাড়া প্রকল্পের প্রায় আট কোটি টাকার আর্থিক অনিয়মের তদন্তে আহসান হাবীব ও আলমান হোসেন নামে দুই কর্মকর্তাকে দায়ী করা হলেও কেবল আহসান হাবীবকে চাকরিচ্যুত করা হয়েছে।

আলমান হোসেন বহাল থাকায় একই ঘটনায় ভিন্ন সিদ্ধান্তের কারণ নিয়েও প্রশ্ন উঠেছে।
সংশ্লিষ্টদের অভিযোগ, চাকরিচ্যুতির সিদ্ধান্ত গ্রহণে মন্ত্রণালয়ে পাঠানো তথ্য যথাযথভাবে যাচাই করা হয়নি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন নারী যুগ্ম সচিবের ভূমিকা নিয়েও তারা প্রশ্ন তুলেছেন। এদিকে, ১২ জন ফিল্ড অফিসারকে একযোগে অব্যাহতি দেয়ায় ৬৪ জেলার মাঠপর্যায়ের গণশিক্ষা কার্যক্রমে জনবল সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা চাকরিচ্যুতির সিদ্ধান্তের নিরপেক্ষ তদন্ত, প্রশাসনিক ও আর্থিক ভিত্তি প্রকাশ এবং ক্ষতিগ্রস্তদের বক্তব্য শুনে সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন। এ ব্যাপারে প্রকল্প পরিচালক তরিকুল ইসলাম বলেন, ধর্ম মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে এ সংক্রান্ত যাচাই-বাছাই কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে এ পদক্ষেপ নেয়া হয়েছে। এতে প্রকল্পের বিধিমালা পরিপূর্ণভাবে অনুসরণ করা হয়েছে।