বেসরকারি স্কুল-কলেজ জাতীয়করণের জন্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠার বয়স কমপক্ষে ২৫ বছর হতে হবে। পাশাপাশি নিজস্ব মালিকানা ও দখলে খেলার মাঠসহ পর্যাপ্ত শর্তমুক্ত, অখণ্ড ও নিষ্কণ্টক জমি থাকতে হবে। থাকতে হবে প্রয়োজনীয় শ্রেণিকক্ষ, সুপেয় পানি, স্বাস্থ্যসম্মত শৌচাগার, সমৃদ্ধ গ্রন্থাগার ও বিজ্ঞানাগার। এসব শর্ত পূরণকারী প্রতিষ্ঠান জাতীয়করণের জন্য বিবেচিত হবে।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের খসড়া নীতিমালা নিয়ে আলোচনা হয়। সভায় নীতিমালাটি নীতিগতভাবে চূড়ান্ত করা হয়েছে। এতে আগের খসড়ার কয়েকটি শর্ত বাদ দেয়ার পাশাপাশি নতুন কিছু শর্ত যুক্ত করা হয়েছে।
নতুন খসড়া অনুযায়ী, জাতীয়করণের জন্য প্রস্তাবিত শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার বয়স ন্যূনতম ২৫ বছর হতে হবে। প্রতিষ্ঠানে প্রয়োজনীয়সংখ্যক শ্রেণিকক্ষ, সুপেয় পানি ও স্বাস্থ্যসম্মত শৌচাগারের ব্যবস্থা থাকতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে ভবনে র্যাম্পের ব্যবস্থাও রাখতে হবে।
এ ছাড়া প্রতিষ্ঠানের গ্রন্থাগারে বইয়ের নির্দিষ্ট সংখ্যা থাকতে হবে। নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে অন্তত ৩ হাজার, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ৫ হাজার এবং উচ্চ মাধ্যমিক ও স্নাতক কলেজে ১০ হাজার বই থাকতে হবে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য মানসম্মত পরীক্ষাগার এবং প্রয়োজনীয়সংখ্যক কম্পিউটারসহ অন্তত একটি স্বতন্ত্র আইসিটি ল্যাব থাকার শর্তও রাখা হয়েছে।
শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও নির্ধারিত জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুসরণের কথা বলা হয়েছে। প্রযোজ্য ক্ষেত্রে এনটিআরসিএ’র নিবন্ধনধারী ও নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত প্রয়োজনীয়সংখ্যক শিক্ষক ও প্রদর্শক থাকতে হবে।
তবে নতুন খসড়া নীতিমালায় শিক্ষাপ্রতিষ্ঠানের পাবলিক পরীক্ষার পাসের হারের নির্দিষ্ট বাধ্যবাধকতা বাদ দেয়া হয়েছে। আগের খসড়ায় মাধ্যমিক পর্যায়ে ৯০ শতাংশ, উচ্চ মাধ্যমিকে ৮০ শতাংশ এবং স্নাতক (পাস) পর্যায়ে ৭০ শতাংশ পাসের হার থাকার শর্ত ছিল। নতুন খসড়ায় পাঁচ বছরের পাবলিক পরীক্ষার ফলাফল ও শিক্ষার্থী সংখ্যার ভিত্তিতে এলাকাভিত্তিক প্রতিষ্ঠানের অবস্থান বিবেচনা করে অগ্রাধিকার দেয়ার কথা বলা হয়েছে। জাতীয়করণের ক্ষেত্রে আর্থসামাজিকভাবে অনগ্রসর, দুর্গম, দারিদ্র্যপীড়িত ও শিক্ষার হার কম এমন এলাকার প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দেয়া হবে। পাশাপাশি পুরনো ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানও গুরুত্ব পাবে। তবে সরকার বিশেষ বিবেচনায় নীতিমালার যেকোনো শর্ত শিথিল করে যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করতে পারবে।
খসড়া নীতিমালাটি শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিনের অনুমোদনের পর গেজেট আকারে জারি করা হবে।
