নাচের ভিডিও ভাইরালের পর ক্ষুব্ধ ঢাবি শিক্ষিকা মোনামি

নাচের ভিডিও ভাইরালের পর ক্ষুব্ধ ঢাবি শিক্ষিকা মোনামি

ফন্ট সাইজ:

দেশে চলমান পরিস্থিতিতে ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে ঢাবি শিক্ষিকা শেহরীন আমিন ভূঁইয়ার নাচের ভিডিও সংবাদমাধ্যমে আলোচনার বিষয় হয়ে উঠেছে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান জানিয়েছেন এই ঢাবি শিক্ষিকা। সোমবার নিজের ফেসবুক পোস্টে এসব কথা লেখেন তিনি। পোস্টে মোনামি লেখেন, এক বন্ধুর শেয়ার করা একটি ভিডিও কেবল বন্ধুদের জন্য উন্মুক্ত ছিল। সেই ভিডিও তিনি নিজের ওয়ালে শেয়ার করেছিলেন। তার ধারণা ছিল, বন্ধু তালিকার মানুষদের কাছে ব্যক্তিগত পোস্টটি নিরাপদ থাকবে। কিন্তু ভিডিওটি সংবাদমাধ্যমে পৌঁছে দেয়ায় তিনি বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেন।

ভিডিওটি সংবাদমাধ্যমে পাঠানো ব্যক্তির উদ্দেশ্যে মোনামি লেখেন, হয়তো কিছু অর্থ উপার্জনের জন্যই এমনটি করা হয়েছে। তবে আল্লাহর কাছে তার প্রার্থনা, তিনি যেন সম্মানজনক ও হালাল উপায়ে উপার্জনের পথ খুঁজে পান। নিজের নাচের বিষয়ে তিনি বলেন, তার বয়স বা শারীরিক গঠন নাচের জন্য আদর্শ কিনা, তা নিয়ে তিনি চিন্তিত নন। একজন নৃত্যশিল্পীর জন্য নির্দিষ্ট বয়স বা শারীরিক গঠন অপরিহার্য— এমন ধারণার ভিত্তি নিয়েও প্রশ্ন তোলেন তিনি। নাচের ভিডিও প্রকাশ পেলে রাজনৈতিকভাবে বিদ্বেষী ব্যক্তিদের ট্রলের শিকার হতে পারেন, সে আশঙ্কা তার ছিল।

তবে তাতে তিনি বিচলিত হননি। কারণ, এটি ছিল তার একমাত্র ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠান। ভাইয়ের বিশেষ দিনে নাচার ইচ্ছা তার অনেক দিনের। পোস্টে তিনি আরও লেখেন, ওই অনুষ্ঠানে নেচে তিনি কোনো লজ্জা বা বিব্রতবোধ করছেন না। নাচ ছিল তার আনন্দ প্রকাশের একটি মাধ্যম। পোস্টের শেষে তিনি লেখেন- একটার তো ভিডিও পেয়েছেন। ৫টায় নেচেছি। বেশ করেছি।