অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চনকে প্রাণনাশের হুমকি গ্যাংস্টারের

অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চনকে প্রাণনাশের হুমকি গ্যাংস্টারের

ফন্ট সাইজ:

অভিনেতা অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চনকে প্রাণনাশের হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোইয়ের সহযোগী গ্যাংস্টার গোল্ডি ধিলন। ধিলনের দাবি, সম্প্রতি দিল্লি পুলিশের হাতে তাদের দুই সহযোগীর গ্রেপ্তারের ঘটনায় মুম্বইয়ে এই প্রবীণ অভিনেতাকে লক্ষ্য করে প্রাণনাশের কথিত পরিকল্পনা ভেস্তে যায়নি। কিছুদিন ধরেই অমিতাভ বচ্চনকে প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে। সেজন্য মুম্বইয়ের জলসা থেকে রোববারের জনতা দর্শনে তিনি সতর্কতা হিসেবে বুলেটপ্রুফ কাঁচের আড়াল থেকে দর্শন দিতে শুরু করেছেন।

দিল্লি পুলিশের স্পেশাল সেল লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত দুই অভিযুক্ত শুটারকে গ্রেপ্তার করেছে। তদন্তকারীদের সন্দেহ, মুম্বইয়ে অমিতাভ বচ্চনের বাসভবন ‘জলসা’র বাইরে গুলি চালানোর ষড়যন্ত্রে এই শুটাররা জড়িত ছিল। এরা হলো—পাঞ্জাবের বাসিন্দা বিকাশ ঠাকুর ও দীপক সিং। এর পরেই সোশ্যাল মিডিয়ায় করা এক পোস্টে গ্যাংস্টারটি সতর্ক করে বলেছে যে, বিকাশ ঠাকুর ও দীপক সিংয়ের গ্রেপ্তারে তার পরিকল্পনায় কোনো পরিবর্তন আসবে না। তার দাবি, মুম্বইয়ে তার প্রায় ২০০ সহযোগী সক্রিয় ও প্রস্তুত রয়েছে। পোস্টটিতে শিখ সম্প্রদায়ের বিরুদ্ধে কথা বলা ব্যক্তিদেরও হুমকি দেয়া হয়েছে এবং বিশেষভাবে অমিতাভ বচ্চন ও তার ছেলে অভিষেকের নাম উল্লেখ করে সতর্ক করা হয়েছে যে, বুলেটপ্রুফ কাঁচও তাদের রক্ষা করতে পারবে না। দিল্লি পুলিশ দাবি করেছে, এই গ্রেপ্তার চাঁদাবাজির চেষ্টার অংশ হিসেবে দিল্লির এক ব্যবসায়ীকে গুলি করার একটি পৃথক ষড়যন্ত্র উন্মোচন করতেও সাহায্য করেছে। সোশ্যাল মিডিয়ার পোস্টে ধিলন ১৯৮৪ সালের শিখ-বিরোধী দাঙ্গার কথা উল্লেখ করে বলেছে, এই সহিংসতার জন্য দায়ীদের কখনো ক্ষমা করা হবে না। তিনি আরও দাবি করেন যে, বিশ্বের যেখানেই থাকুক না কেন, শিখ সম্প্রদায়ের বিরুদ্ধে মন্তব্যকারী ব্যক্তিদের জবাবদিহি করতে হবে। পোস্টটিতে বিশেষভাবে অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চনের নাম উল্লেখ করে হুমকি দেয়া হয় যে, তাদের নিরাপত্তা ব্যবস্থা যাই হোক না কেন, তাদের গুলি করা হবে।

পোস্টটিতে দাবি করা হয়েছে, “তারা যত বুলেটপ্রুফ কেবিনই তৈরি করুক না কেন, তাদের গুলি করা হবে।” এসব ঘটনার মাঝে, অমিতাভ বচ্চনও ১৫ই নভেম্বর ‘বাচ গয়ে’ শিরোনামে একটি সংক্ষিপ্ত বার্তা শেয়ার করেছেন। তবে, অভিনেতা কী বোঝাতে চেয়েছেন তা বলেননি বা পোস্টটিকে সরাসরি কথিত হুমকির সঙ্গে যুক্ত করেননি।