গুপ্তচরবৃত্তি-যৌন কেলেঙ্কারির বাইরেও এনভিডিয়ার বড় সংকট

গুপ্তচরবৃত্তি-যৌন কেলেঙ্কারির বাইরেও এনভিডিয়ার বড় সংকট

ফন্ট সাইজ:

এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের একাধিক নারীর সঙ্গে সম্পর্কের খবর ঘিরে তোলপাড় চলছে। এর মধ্যে একজন ছিলেন তার অধীনস্থ কর্মী, অন্যজন এমন এক নারী, যাকে চীনা গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত থাকতে পারেন বলে আশঙ্কা করেছিলেন মার্কিন কর্মকর্তারা। এসব খবরের পর চলতি সপ্তাহে নিজের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান থেকে পদত্যাগ করেছেন হুয়াং। তবে গুপ্তচরবৃত্তি, মিথ্যাচার ও যৌন সম্পর্ক নিয়ে চাঞ্চল্যকর খবরের আড়ালে হারিয়ে যেতে বসেছে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ মূল্যবান কোম্পানি এনভিডিয়াকে ঘিরে আরও গুরুতর কিছু বিষয়। এসব ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা, চীনের সঙ্গে প্রযুক্তি প্রতিযোগিতা, ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে বিপুল অঙ্কের বিনিয়োগ।
চীনে চিপ বিক্রির পক্ষে দীর্ঘদিন ধরে অবস্থান নিয়ে আসছেন জেনসেন হুয়াং। ২০২৫ সালে মিলকেন ইনস্টিটিউটের বার্ষিক সম্মেলনে তিনি বলেছিলেন, চীনে এআই চিপের বাজার একসময় ৫০ বিলিয়ন ডলারে পৌঁছাবে। বাজারটির আকার বোঝাতে তিনি বলেছিলেন, এই অর্থের পরিমাণ ‘কোনো একটি উড়োজাহাজ নয়, পুরো বোয়িং কোম্পানির সমান’।

তবে ওয়াশিংটনের অবস্থান ছিল ভিন্ন। চীনের হাতে উন্নত প্রযুক্তি পৌঁছানো ঠেকাতে বাইডেন প্রশাসন এনভিডিয়ার চিপ রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করেছিল। যুক্তরাষ্ট্রের আশঙ্কা ছিল, এসব প্রযুক্তি ব্যবহার করে বেইজিং নিজেদের সামরিক সক্ষমতা ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা আরও উন্নত করতে পারে। এমনকি মার্কিন রপ্তানি বিধিনিষেধ মেনে চীনে বিক্রির উপযোগী অপেক্ষাকৃত কম ক্ষমতাসম্পন্ন একটি চিপ বিশেষভাবে তৈরি করেছিল এনভিডিয়া। কিন্তু এরপরও ট্রাম্প প্রশাসন সেটি বিক্রির ওপর বিধিনিষেধ আরোপ করে। তখন এনভিডিয়া জানিয়েছিল, এর ফলে তাদের আয় থেকে ৫৫০ কোটি ডলারের ক্ষতি হতে পারে। এসব বাধা সত্ত্বেও হুয়াংয়ের সঙ্গে বর্তমান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক বজায় ছিল।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের শুরুর দিকে মার্কিন সরকার চীনের ১০টি কোম্পানিকে এনভিডিয়ার শক্তিশালী এইচ২০০ চিপ কেনার অনুমতি দিয়েছিল।

মেগাস্পিড নিয়ে প্রশ্ন তুলেছে যুক্তরাষ্ট্র
এনভিডিয়ার গ্রাহক সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান মেগাস্পিডের একজন নির্বাহী ছিলেন অ্যালিস হুয়াং। মার্কিন সরকারের পক্ষ থেকে তাকে জেনসেন হুয়াংয়ের সঙ্গে সম্পর্কে জড়িত বলে চিহ্নিত করা হয়েছে। একই সঙ্গে তাকে চীনা গোয়েন্দা সংস্থার সম্ভাব্য সহযোগী হিসেবেও সন্দেহ করা হয়েছে। মেগাস্পিডের বিরুদ্ধে তদন্ত চলছে। অভিযোগ, প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী চিপ চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে সরিয়ে দিয়েছে, যা মার্কিন রপ্তানি নিয়ন্ত্রণ আইনের লঙ্ঘন। কয়েকজন বিশ্লেষকের হিসাব অনুযায়ী, মেগাস্পিড এনভিডিয়ার কাছ থেকে ৪০০ কোটি ডলারের বেশি মূল্যের চিপ কিনেছে। তবে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা কয়েক মাস ধরেই মেগাস্পিডের কর্মকাণ্ডের ওপর নজর রাখছিলেন। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা মনে করতেন, প্রতিষ্ঠানটিকে বাণিজ্য মন্ত্রণালয়ের কালো তালিকায় অন্তর্ভুক্ত করা উচিত।

তাদের আশঙ্কা ছিল, মেগাস্পিডের মাধ্যমে উন্নত প্রযুক্তির চিপ চীনে পৌঁছে যাচ্ছে। সিএনএনকে বিষয়টি সম্পর্কে অবগত কয়েকজন জানিয়েছেন, বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক কয়েক মাস আগেই অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের সম্পর্কের বিষয়ে অবহিত হয়েছিলেন। এরপরও মেগাস্পিডকে তথাকথিত ‘এনটিটি লিস্টে’ বা নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয় ধীরগতিতে এগিয়েছে। তবে মেগাস্পিড সব ধরনের অভিযোগ অস্বীকার করেছে।

বাণিজ্যমন্ত্রী লুটনিকও তদন্তের মুখে
মেগাস্পিডকে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের ভেতরে প্রকাশ্য বিরোধের জন্ম দিয়েছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট প্রকাশ্যে অভিযোগ করেছেন, জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে মেগাস্পিডকে চিহ্নিত করার ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয় বিলম্ব করেছে। এ বিরোধের জেরে লুটনিককে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া উচিত কিনা, তা নিয়েও প্রশাসনের ভেতরে আলোচনা হয়েছে বলে বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিরা জানিয়েছেন।

তবে দীর্ঘদিনের বন্ধু লুটনিকের প্রতি এখনো সমর্থন রয়েছে ট্রাম্পের। হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আধুনিক ইতিহাসের সবচেয়ে রূপান্তরকারী বাণিজ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সক্ষমতা এবং মন্ত্রীর প্রতি প্রেসিডেন্টের পূর্ণ আস্থা রয়েছে।’ শুক্রবার লুটনিক স্বেচ্ছায় সিনেটের ব্যাংকিং কমিটির সামনে সাক্ষ্য দিতে সম্মত হয়েছেন।

শুধু মেগাস্পিড নয়, নজরদারিতে আরও প্রতিষ্ঠান
এই ঘটনায় আলোচনায় এসেছে সুপার মাইক্রো কম্পিউটারের নামও। গত মার্চে ক্যালিফোর্নিয়াভিত্তিক এই কোম্পানির প্রতিষ্ঠাতার বিরুদ্ধে এনভিডিয়ার চিপযুক্ত ২৫০ কোটি ডলারের সার্ভার চীনে পাচারের অভিযোগ আনা হয়। এটি যুক্তরাষ্ট্রের রপ্তানি আইন লঙ্ঘনের শামিল। অভিযোগপত্রে কোম্পানিটির নাম উল্লেখ করা হয়নি।
তবে তখন প্রতিষ্ঠানটি জানিয়েছিল, অভিযুক্ত তিন ব্যক্তির বিরুদ্ধে চলমান তদন্তে তারা পূর্ণ সহযোগিতা করছে।

পরিচালনা পর্ষদ ও বিনিয়োগকারীদের কাছে মিথ্যা বলেছিলেন হুয়াং?
এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর একটি হলো, অ্যালিস হুয়াংয়ের সঙ্গে সম্পর্কের বিষয়ে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ ও বিনিয়োগকারীদের কাছে জেনসেন হুয়াং মিথ্যা বলেছিলেন কি না।
ইতিমধ্যে কেউ কেউ মনে করছেন, তিনি সত্য গোপন করেছেন। সোমবার দায়ের করা এক শেয়ারহোল্ডার মামলায় অভিযোগ করা হয়েছে, অ্যালিস হুয়াংয়ের সঙ্গে সম্পর্কের বিষয়ে প্রশ্ন করা হলে জেনসেন হুয়াং বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছিলেন।

সাবেক এই সিইওকে অন্যভাবেও জবাবদিহির মুখে পড়তে হতে পারে। মার্কিন কংগ্রেসও তার কাছ থেকে এসব বিষয়ে ব্যাখ্যা চাইছে। সিনেটের ব্যাংকিং কমিটির চেয়ারম্যান জানিয়েছেন, জেনসেন হুয়াং স্বেচ্ছায় সাক্ষ্য দিতে রাজি না হলে তাকে তলব করার প্রস্তুতি রয়েছে।

অর্থাৎ, এনভিডিয়ার এই ঘটনা শুধু একজন শীর্ষ নির্বাহীর ব্যক্তিগত সম্পর্ক কিংবা গুপ্তচরবৃত্তির সন্দেহে সীমাবদ্ধ নেই। এর সঙ্গে যুক্ত হয়েছে চীনে প্রযুক্তি রপ্তানি, মার্কিন জাতীয় নিরাপত্তা, ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং এআই শিল্পে শত শত বিলিয়ন ডলারের বিনিয়োগের ভবিষ্যৎ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন