ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়ার কূটনৈতিক প্রচেষ্টা থমকে আছে। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে তৃতীয় বিমানবাহী রণতরি মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এতে প্রশ্ন উঠেছে, ইরানের সঙ্গে কি আবারও বড় ধরনের যুদ্ধে জড়াতে যাচ্ছে ওয়াশিংটন? এনিয়ে সোমবার আলজাজিরাকে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস থিওডর রুজভেল্ট মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) দায়িত্বাধীন এলাকায় মোতায়েন বিমানবাহী রণতরির সংখ্যা দাঁড়াল তিনটিতে।
গত এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। পরে জুনে দুই পক্ষ একটি বিস্তৃত সমঝোতা স্মারক ঘোষণাও করে। কিন্তু জুলাইয়ের শুরুতেই সেই সমঝোতা ভেঙে পড়ে। এরপর থেকে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতাকারীরা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পূর্ণমাত্রার হামলা-পাল্টা হামলা আবার শুরু হওয়া ঠেকানোর চেষ্টা করছেন। মার্চে দুই দেশের সংঘাতের প্রভাব উপসাগরীয় অঞ্চলের বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়ে।
গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার সম্ভাবনা ‘খুবই কম’। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানির সঙ্গে আলোচনার পর তিনি দাবি করেন, সামরিক দিক থেকে যুদ্ধ ‘কার্যত শেষ’। তবে পরিস্থিতির পরিবর্তন হলে মার্কিন সামরিক বাহিনী ‘যেকোনো পদক্ষেপ নিতে প্রস্তুত’ বলেও সতর্ক করেন তিনি। তাহলে মধ্যপ্রাচ্যে আরও একটি বিমানবাহী রণতরি পাঠানোর অর্থ কি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধ আবার শুরু হতে যাচ্ছে? এ নিয়ে এখন পর্যন্ত যা জানা গেছে, তা তুলে ধরেছে আলজাজিরা।
কী এই ইউএসএস থিওডর রুজভেল্ট?
যুক্তরাষ্ট্রের ২৬তম প্রেসিডেন্ট থিওডর রুজভেল্টের নামে নামকরণ করা হয়েছে এই রণতরির। এটি পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী যুদ্ধজাহাজ। ১৯৮৬ সালে মার্কিন নৌবাহিনীতে যুক্ত হওয়া এই জাহাজে পাঁচ হাজারের বেশি নৌসেনা ও কর্মকর্তা এবং ৬০টির বেশি যুদ্ধবিমান বহন করা যায়। এসব বিমানের মধ্যে রয়েছে এফ-১৮ যুদ্ধবিমান। এটি দুই ইঞ্জিনবিশিষ্ট, শব্দের চেয়ে দ্রুতগতির এবং সব ধরনের আবহাওয়ায় পরিচালনাযোগ্য বহুমুখী যুদ্ধবিমান।
মার্কিন নৌবাহিনীর ভাষ্য অনুযায়ী, বিমানবাহী রণতরিটির দায়িত্ব হলো বিমানবাহী যুদ্ধ পরিচালনা করা এবং এ ধরনের অভিযানে বিমানবাহিনীর স্কোয়াড্রনগুলোর পরিকল্পনা, নিয়ন্ত্রণ, সমন্বয় ও পরিচালনায় সহায়তা করা।
যুদ্ধ পরিচালনার পাশাপাশি সমুদ্রে অন্যান্য জাহাজে রসদ সরবরাহ এবং শরণার্থীসহ বিপদে পড়া মানুষকে উদ্ধার করার কাজেও ব্যবহৃত হয় এই রণতরি।
নৌবাহিনীতে যুক্ত হওয়ার পর থেকে ইউএসএস থিওডর রুজভেল্ট সামরিক অভিযান ও মানবিক কার্যক্রমে অংশ নিয়েছে। ১৯৯০-৯১ সালের উপসাগরীয় যুদ্ধের সময় এটি ভূমধ্যসাগর ও লোহিত সাগরে মোতায়েন করা হয়েছিল। ২০০৩ সালে ইরাক যুদ্ধের সময়ও যুক্তরাষ্ট্রের হামলায় সহায়তা করে জাহাজটি। ২০২০ থেকে ২০২১ সাল পর্যন্ত এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও মোতায়েন ছিল এটি। ওই সময় ভারত, জাপান, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়ার সঙ্গে সামরিক মহড়ায় অংশ নেয়। গত অক্টোবরে আলজাজিরাকে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছিলেন, ইউএসএস থিওডর রুজভেল্ট সেপ্টেম্বর মাসে ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো ঘাঁটি ছেড়ে মধ্যপ্রাচ্যের উদ্দেশে যাত্রা করে। আরেক কর্মকর্তার তথ্য অনুযায়ী, ১৫ নভেম্বর এটি মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। ইউএসএস থিওডর রুজভেল্ট পৌঁছানোর ফলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি স্ট্রাইক গ্রুপের সংখ্যা দাঁড়িয়েছে তিনটিতে। সেখানে আগে থেকেই মোতায়েন রয়েছে ইউএসএস জর্জ ওয়াশিংটন এবং ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ।
ইরান কীভাবে প্রতিক্রিয়া জানিয়েছে?
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেছেন, যুক্তরাষ্ট্রের আগে হামলা করার অপেক্ষায় থাকবে না তার দেশ। তিনি বলেন, ‘কূটনীতির অপব্যবহার করে যুক্তরাষ্ট্র হয়তো সময় কেনার চেষ্টা করছে, যাতে আরেকটি হামলার প্রস্তুতি নেয়ার সুযোগ তৈরি হয়।’ ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ প্রকাশিত এক ভিডিওতে রাষ্ট্রীয় টেলিভিশনের সঙ্গে কথা বলার সময় ঘারিবাবাদি আরও বলেন, ‘ইরান কিউবা নয় যে দেশটিকে অবরুদ্ধ করা যাবে, কিংবা ভেনেজুয়েলা নয় যে আত্মসমর্পণে বাধ্য করা যাবে।’ তিনি দাবি করেন, ইরানে এখন পর্যন্ত আকাশপথে বা স্থলপথে অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র কোনো সাফল্য পায়নি। অন্যদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বর্তমানে নতুন পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও আঞ্চলিক জ্বালানি সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন। তার সতর্কবার্তা, যুক্তরাষ্ট্রের হামলা পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করছে। সোমবার পাকিস্তানের ইসলামাবাদে অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (ইসিও) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে আরাঘচি বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসনের ফলে এই অঞ্চলের জ্বালানি নিরাপত্তার ওপর প্রভাব ক্রমেই বাড়ছে। এ অবস্থায় জ্বালানি সহযোগিতা জোরদার করা এখন জরুরি ও কৌশলগত প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে।’ ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে তিনি আরও বলেন, ‘জ্বালানির প্রবাহ সুরক্ষিত রাখা, স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করা, বাইরের প্রভাবজনিত ঝুঁকি কমানো এবং ভূরাজনৈতিক ধাক্কা ও বিঘ্ন মোকাবিলায় সম্মিলিত সক্ষমতা বাড়ানোর জন্য আমাদের অঞ্চলের শুধু একটি স্বাধীন নিরাপত্তাকাঠামোই নয়, বরং নির্ভরযোগ্য ও টেকসই আঞ্চলিক জ্বালানি ব্যবস্থাও প্রয়োজন।’
যুদ্ধ আবার শুরু করা নিয়ে মার্কিন সরকারের বক্তব্য কী?
চলতি মাসের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় ধরনের পরাজয়ের পর ইরান নিয়ে পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে ট্রাম্প প্রশাসনের মধ্যে মতপার্থক্য ক্রমেই স্পষ্ট হচ্ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের বিরুদ্ধে ওয়াশিংটনের অর্থনৈতিক চাপের অভিযান কার্যকর হচ্ছে। তাই বড় আকারের সামরিক অভিযান আবার শুরু করার প্রয়োজন সম্ভবত হবে না। তিনি আরও বলেন, ‘ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়বে।’
তবে যুদ্ধের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ডনাল্ড ট্রাম্প বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বার্তা দিয়েছেন। গত সপ্তাহে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকের পর ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এবং আকস্মিক এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, সংঘাত বন্ধের বিষয়ে ‘ইতিবাচক অগ্রগতি’ হচ্ছে। নতুন করে হামলা শুরুর সম্ভাবনাও ‘খুবই কম’ বলে জানান তিনি। সামরিক দিক থেকে যুক্তরাষ্ট্র-ইসরাইলের ইরান যুদ্ধ ‘কার্যত শেষ’ বলেও ঘোষণা দেন। তবে একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ অব্যাহত থাকবে। এর মধ্যে হরমুজ প্রণালিতে নৌ অবরোধ এবং ইরানের স্থলপথ ও কাস্পিয়ান সাগর দিয়ে বাণিজ্য বন্ধ করার লক্ষ্যে সাম্প্রতিক সময়ে গঠিত টাস্কফোর্সও রয়েছে।
অন্যদিকে, যুদ্ধ বন্ধে ইরানের শর্তগুলোর মধ্যে রয়েছে দেশটির বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার, অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেয়া, জব্দ করা ইরানি অর্থ ছাড়, সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ এবং আনুষ্ঠানিকভাবে যুদ্ধের সমাপ্তি ঘোষণা। সাম্প্রতিক দিনগুলোতে ইরানি কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন, ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—এমন বর্তমান পরিস্থিতি মেনে নেবে না তেহরান। কূটনৈতিক প্রচেষ্টা থমকে যাওয়ায় ইরানের বিষয়ে ধৈর্য হারাচ্ছেন বলেও ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। গত সপ্তাহে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রধান আলোচক ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে তিনি জানিয়েছেন, ‘ইরানের সঙ্গে আমাদের কোনো চুক্তির প্রয়োজন নেই।’ ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, ‘সেই দিন অনেক আগেই পেরিয়ে গেছে। আমরা তাদের অর্থ—শত শত বিলিয়ন ডলার—পেয়েছি, আর পেয়েছি তাদের প্রণালিও!’
কূটনীতি কি সফল হবে, নাকি উত্তেজনা আরও বাড়বে?
ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা কর্মসূচির উপপরিচালক আলি ভায়েজ আলজাজিরাকে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষই এখন বিপজ্জনক এক শক্তি পরীক্ষার খেলায় আটকে গেছে। দুই পক্ষই মনে করছে, প্রতিপক্ষের হামলার অপেক্ষায় থাকার চেয়ে আগে আঘাত হানাই হয়তো নিরাপদ। তিনি বলেন, ‘বিপদ হলো, আরেকটি যুদ্ধ ঠেকানোর জন্য তাদের নেয়া পদক্ষেপই অনিচ্ছাকৃতভাবে এমন একটি যুদ্ধের সূচনা করতে পারে, যা কোনো পক্ষই জিততে, নিয়ন্ত্রণে রাখতে কিংবা সহজে শেষ করতে পারবে না।’ হামলা বন্ধ এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়ার কূটনৈতিক প্রচেষ্টাও এখনো থমকে রয়েছে।
গত সপ্তাহে আলজাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—এমন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চায় তেহরান। তিনি জানান, কাতারের একজন মধ্যস্থতাকারীর মাধ্যমে চুক্তির জন্য সাতটি শর্ত যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে। এখন ওয়াশিংটনের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছে তেহরান। শর্তগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ করা ইরানি অর্থ ছাড়, সব ফ্রন্টে শত্রুতা বন্ধ এবং আনুষ্ঠানিকভাবে যুদ্ধের সমাপ্তি ঘোষণা।
অন্যদিকে ট্রাম্প প্রশাসন নিষেধাজ্ঞা আরও কঠোর করেছে এবং ইরানের বন্দরগুলোতে অবরোধ অব্যাহত রেখেছে।
আলি ভায়েজ বলেন, ‘কূটনীতির প্রাণ এখনো আছে, কিন্তু পারস্পরিক অবিশ্বাস ও সর্বোচ্চ দাবি-দাওয়ার চাপে তা দম বন্ধ হওয়ার অবস্থায় রয়েছে। উভয় পক্ষ যদি নিজেদের মুখরক্ষা করে বেরিয়ে আসার পথ খুঁজে না পায়, তাহলে আলোচনাগুলো একের পর এক যুদ্ধের মধ্যবর্তী বিরতি ছাড়া আর কিছু হবে না।’
সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসি রিসার্চের ভাইস প্রেসিডেন্ট রশিদ আল-মোহানাদির মতে, ইরান যুদ্ধের বর্তমান পর্যায়ে প্রধান প্রশ্ন হলো—কোন পক্ষ কখন কী পদক্ষেপ নেবে এবং কীভাবে নিজেদের দর-কষাকষির ক্ষমতা কাজে লাগাবে। আলজাজিরাকে তিনি বলেন, ‘কে কী করবে, কখন করবে এবং কীভাবে করবে—এ বিষয়গুলোই সংঘাতের সম্ভাব্য সমাপ্তি নির্ধারণ করবে।’
তিনি আরও বলেন, পূর্ণমাত্রার যুদ্ধ আবার শুরু হোক, তা আঞ্চলিক শক্তিগুলো চায় না। কারণ, মধ্যস্থতার উদ্যোগে তারাই নেতৃত্ব দিচ্ছে। তবে যুদ্ধের প্রধান পক্ষগুলোর মধ্যে নিজেদের দর-কষাকষির ক্ষমতা নিয়ে ভিন্ন ধারণা রয়েছে বলে সতর্ক করেন তিনি। আল-মোহানাদি বলেন, ‘ইরানিরা মনে করছে তাদের হাতে বেশি দর-কষাকষির ক্ষমতা রয়েছে। অন্যদিকে, আমেরিকানরাও মনে করছে তাদের হাতেই বেশি ক্ষমতা। এমন পরিস্থিতিতে কূটনৈতিক সমাধানে পৌঁছানো বেশ কঠিন।’
