রাজধানীর ধানমন্ডি, খিলগাঁও ও রূপনগর এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, বঙ্গবন্ধু সৈনিক লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের ১০ জন নেতা–কর্মীকে আটক করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা থেকে আজ সোমবার ভোর পর্যন্ত এসব অভিযান চালানো হয় বলে জানিয়েছে পুলিশ।
ধানমন্ডির আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে গতকাল রাতে নিষিদ্ধ ছাত্রলীগের তিনজন নেতাকে আটক করা হয়। তারা হলেন—ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক আল আমিন এবং উপদপ্তর সম্পাদক জুবায়ের। ধানমন্ডি থানার ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকায় গতকাল সন্ধ্যা ছয়টার দিকে অভিযান চালিয়ে আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতা–কর্মীকে আটক করে পুলিশ। তারা হলেন—শওকত আলী (৪৫), জেহাদুল ইসলাম (৫১) এবং সুমন ওরফে মুরগি সুমন (২৮)। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
রাজধানীর রূপনগরে মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় নিষিদ্ধ ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ বঙ্গবন্ধু সৈনিক লীগের দুই নেতাসহ চারজনকে আটক করেছে পুলিশ।
আজ ভোর পাঁচটার পর রূপনগর টিনশেডের ৮ নম্বর সড়কের সামনে থেকে তাদের আটক করা হয়। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপি।
তারা হলেন—রূপনগর থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শাকিল হাসান আলিফ (২০), বঙ্গবন্ধু সৈনিক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ ইসলাম (৩১), ছাত্রলীগ কর্মী গোলাম রাব্বি (২২) ও মো. জাহিদ (২৬)।
