আসামি জিয়াউল আহসানের ‘গভীর ষড়যন্ত্র ও নাটকীয়তার’ কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম অন্তত দুই ঘণ্টা অকারণে বিলম্বিত হয়েছে বলে অভিযোগ করেছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। একইসঙ্গে জিয়াউল আহসান ও তার বোনের উচ্ছৃঙ্খল আচরণ এবং আসামিদের অসহযোগিতা রোধে ভার্চুয়াল পদ্ধতিতে বিচার কার্যক্রম চালানোর বিষয়ে আদালত একটি সাধারণ (জেনারেল) আদেশ দিতে পারেন বলে জানিয়েছেন তিনি।
সোমবার ট্রাইব্যুনালের কার্যক্রম শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে চিফ প্রসিকিউটর এসব কথা বলেন। এ সময় তিনি জিয়াউল আহসান ও তার বোনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেয়ার পাশাপাশি সাংবাদিক মোজাম্মেল হক বাবুর পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের আবেদনের বিরোধিতার আইনি ব্যাখ্যা এবং ইউটিউবারদের বিষয়ে কঠোর অবস্থানের কথা তুলে ধরেন।
জিয়াউল আহসানের ‘কুমতলব’ ও নাটকীয়তা প্রসঙ্গে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানান, ৭৭ হত্যা মামলার ধার্য তারিখে আসামিপক্ষ থেকে চার্জের ওপর শুনানির কথা ছিল এবং তারা সময় নিয়েছে। কিন্তু শুনানির প্রাক্কালে আসামি জিয়াউল আহসানকে ঘিরে সৃষ্ট নাটকীয়তার কারণে আদালতের কার্যক্রম প্রায় দুই ঘণ্টা লেট হয়।
তিনি বলেন, ‘এই আসামি (জিয়াউল আহসান) একটি উদ্ভট দাবি করেন যে, তিনি আলাদা প্রিজনভ্যানে আসবেন না, অন্যান্য আসামিদের সাথে একত্রে আসবেন। এটি তার একটি কুমতলব ও গভীর ষড়যন্ত্র। সকাল থেকেই জেল কর্তৃপক্ষ আমাদের রেজিস্ট্রি অফিসে জানাচ্ছিলেন যে, তিনি ট্রাইব্যুনালে আসবেন না, কখনো অসুস্থতার অভিনয় করছেন, কখনো হ্যান্ডকাফ পরতে চাচ্ছেন না এবং কর্তব্যরত পুলিশের সাথে দুর্ব্যবহার করছেন। অথচ আজকে তিনি সম্পূর্ণ সুস্থ।’
মো. আমিনুল ইসলাম আরও বলেন, ‘প্রিজনার্স অ্যাক্টের ৫৬, ৫৭ ও ৫৮ ধারা অনুযায়ী নিরাপত্তার স্বার্থে কোনো আসামিকে কীভাবে আনা হবে, তা জেল কর্তৃপক্ষের একচ্ছত্র এখতিয়ার। জিয়াউল আহসানকে যে প্রিজনভ্যানে আনা হয়েছে, একই ভ্যানে অন্যান্য আসামিদেরও আনা হয়েছে এবং নিরাপত্তার স্বার্থে জেল কর্তৃপক্ষ সকল আসামিকেই হ্যান্ডকাফ পরিয়ে আদালতে এনেছে।’ অন্যান্য আসামিদের ক্ষতি করা বা কোনো দুর্ঘটনা ঘটানোর পরিকল্পনা থাকতে পারে—এমন বিবেচনা থেকেই জেল কর্তৃপক্ষ সকলকে হ্যান্ডকাফ পরিয়ে এনেছে বলে ধারণা করেন তিনি।
জিয়াউল আহসানের বোনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি
জিয়াউল আহসানের বোন নাজনীন আক্তার ও তার আইনজীবীর আচরণের সমালোচনা করে চিফ প্রসিকিউটর বলেন, ‘গত তারিখে তারা কর্তব্যরত পুলিশদের হুমকি দিয়েছেন এবং অযথা সিন ক্রিয়েট করেছেন। ফেরত নেয়ার সময় প্রিজনভ্যানের সামনে পুলিশকে সম্পূর্ণ আনপ্রফেশনালভাবে ভিডিও করে তিনি ধমক দিয়ে বলেন, ‘আমি সবার চেহারা চিনে রাখতেছি, কোনো কিছু হইলে আমি দেখে নেব।’
তিনি অভিযোগ করেন, ‘জিয়াউল আহসানের বোনের সাথে থাকা এক অ্যাসিস্ট্যান্ট অবৈধভাবে ট্রাইব্যুনালে ঢুকে এসব ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে আপলোড ও ভাইরাল করে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে। জিয়াউল আহসান ও তার বোন পরিকল্পনা করে বিচারকার্য বাধাগ্রস্ত করছেন। ভবিষ্যতে তারা এ ধরনের আচরণ অব্যাহত রাখলে তার বোনের বিরুদ্ধে লিখিত আবেদন ও আইনগত ব্যবস্থা নেয়া ছাড়া কোনো বিকল্প থাকবে না।’
ভার্চুয়াল শুনানির সাধারণ আদেশ
চিফ প্রসিকিউটর জানান, আদালত কর্তৃক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০২০, ট্রাইব্যুনালের নিজস্ব আইনের সেকশন ৯(এ) এবং রুল ৪৫, ৪৬(এ) ও ৫৭ অনুযায়ী অডিও-ভিডিও বা ভার্চুয়াল হিয়ারিংয়ের স্পষ্ট বিধান রয়েছে। কোনো আসামি যদি ইচ্ছাকৃতভাবে আদালতে আসতে অস্বীকৃতি জানান, দীর্ঘ অসুস্থতার অজুহাত তোলেন, ঔদ্ধত্যপূর্ণ বা আনরুলি আচরণ করেন, আদালতের কার্যক্রমে ব্যাঘাত ঘটান বা রাস্তায় নিরাপত্তার ঝুঁকি থাকে, তবে তিনি যেখানে থাকবেন সেখান থেকেই ভার্চুয়াল পদ্ধতিতে তার বিরুদ্ধে বিচার কার্যক্রম চলবে। এ বিষয়ে মাননীয় ট্রাইব্যুনাল একটি জেনারেল আদেশ দেবেন বলে প্রকাশ্য আদালতে জানিয়েছেন।
বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন ও আইনি ব্যাখ্যা
এদিন সাংবাদিক মোজাম্মেল হক বাবুর পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের আবেদনের বিরোধিতা করে চিফ প্রসিকিউটর বলেন, ‘আইনের ১১(৮) অনুযায়ী বাংলাদেশ বার কাউন্সিলের অনুমতি ছাড়া ট্রাইব্যুনাল সরাসরি কোনো বিদেশি আইনজীবী নিয়োগ দিতে পারে না। তবে বিদেশি আইনজীবী, বিদেশের প্রতিনিধি বা ইউএন মিশনের কোনো ব্যক্তি কার্যক্রম পর্যবেক্ষণ করতে এবং আসামিপক্ষের আইনজীবীদের সহযোগী হিসেবে কাজ করতে পারেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইন সংশোধনের বিষয়ে তিনি বলেন, ‘১৯৭৩ সালের মূল আইনের পরিপ্রেক্ষিতে ২০১০ সালে আওয়ামী লীগ সরকারের সময়ে প্রণীত রুলসেই বিদেশি আইনজীবী নিয়োগে বার কাউন্সিলের অনুমোদনের কথা বলা ছিল। ২৪ বা ২৫ সালের সংশোধনীতে সেই রুলসটিই মূল আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং আইনটিকে ২০০৯ সাল থেকে রেট্রোস্পেক্টিভ ইফেক্ট (ভূতাপেক্ষ কার্যকারিতা) দেয়া হয়েছে। তাছাড়া ১৯৭৩ সালে সংবিধানের আর্টিকেল ৪৭ সংশোধনের মাধ্যমে এই ট্রাইব্যুনালের কোনো কার্যক্রমকে কোনো আদালতে চ্যালেঞ্জ করার পথ বন্ধ রাখা হয়েছে। সুতরাং এটি তাদেরই প্রণীত আইন।’
ইউটিউবারদের বিষয়ে সতর্কতা ও পরবর্তী তারিখ
ট্রাইব্যুনালের ভাবমূর্তি রক্ষার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে মো. আমিনুল ইসলাম বলেন, ‘মেইনস্ট্রিমের সাংবাদিকদের বাইরে ভবিষ্যতে কোনো ইউটিউবার সাংবাদিককে আর অ্যালাউ নাও করতে পারি। কিছু ইউটিউব সাংবাদিক খণ্ডিত চিত্র ধারণ ও ভাইরাল করে ট্রাইব্যুনালের ভাবমূর্তি বিনষ্ট করছেন। আমরা এদেরকে চিহ্নিত করছি এবং অনেকজনের নামও পেয়েছি। ভবিষ্যতে কেউ ট্রাইব্যুনালের ভাবমূর্তি নষ্ট করলে তিনি যেই হোন না কেন, তাকে আর স্পেয়ার করা হবে না।’
এসব আলোচনা ও শুনানি শেষে আগামী ২৩ নভেম্বর পর্যন্ত এই মামলার কার্যক্রম মুলতবি ঘোষণা করা হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর।
