যুক্তরাষ্ট্রের হাতে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী, বিপুল প্রতিরক্ষা বাজেট, অত্যাধুনিক অস্ত্রব্যবস্থা এবং বিশ্বজুড়ে সামরিক জোট রয়েছে। কিন্তু যুদ্ধের পরিবর্তিত ধরন প্রচলিত সামরিক শ্রেষ্ঠত্ব এবং নতুন হুমকির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতার মধ্যে ক্রমবর্ধমান ব্যবধান প্রকাশ করছে। ইউক্রেন দেখিয়েছে, তুলনামূলক কম খরচের ড্রোন, যুদ্ধক্ষেত্রে দ্রুত উদ্ভাবন এবং বিকেন্দ্রীভূত প্রযুক্তিগত উদ্যোগ কীভাবে অত্যাধুনিক সামরিক শক্তিকেও চ্যালেঞ্জ জানাতে পারে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের সময় ইরানি ড্রোন হামলা মোকাবিলায় পেন্টাগনের ভূমিকা নিয়ে সাম্প্রতিক অনুসন্ধান এই চ্যালেঞ্জের একটি উদ্বেগজনক উদাহরণ তুলে ধরেছে: যুক্তরাষ্ট্রের সামরিক শ্রেষ্ঠত্ব মানেই যুদ্ধক্ষেত্রে কার্যকর প্রস্তুতি নয়।
১৫ নভেম্বর ২০২৬-এ প্রকাশিত দ্য আটলান্টিক-এর সাংবাদিক সাইমন শুস্টারের এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরুর আগেই জ্যেষ্ঠ মার্কিন সামরিক কর্মকর্তারা ইরানের শাহেদ ড্রোনের বিপদ সম্পর্কে পেন্টাগনের কমান্ডারদের বারবার সতর্ক করেছিলেন। তাঁদের সুপারিশের মধ্যে ছিল ইউক্রেনের তৈরি স্বল্পমূল্যের ইন্টারসেপ্টর ড্রোন বা আকাশে শত্রু ড্রোন ধ্বংসকারী ড্রোন ব্যবহার করা, যা রাশিয়ার ব্যবহৃত একই ধরনের ড্রোন মোকাবিলায় কার্যকর প্রমাণিত হয়েছিল। রাশিয়ার ধারাবাহিক আকাশপথের হামলার জবাবে ইউক্রেন কয়েক বছর ধরে এসব প্রতিরোধব্যবস্থা তৈরি করেছে। কিন্তু প্রতিবেদন অনুযায়ী, এসব সতর্কবার্তাকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। ১ মার্চ, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের দ্বিতীয় দিনে, শাহেদ ড্রোনের একটি সংস্করণ কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক লজিস্টিক কেন্দ্রে আঘাত হানে। এতে ছয়জন মার্কিন সেনাসদস্য নিহত এবং দুই ডজনের বেশি আহত হন। মার্কিন বাহিনী প্রস্তুত ছিল না—এমন বক্তব্য পেন্টাগন প্রত্যাখ্যান করেছে। তবে সতর্কবার্তা, সিদ্ধান্ত গ্রহণ এবং যুদ্ধক্ষেত্রের পরিণতির ধারাবাহিকতা সামরিক পরিকল্পনা ও প্রাতিষ্ঠানিক সাড়াদানের সক্ষমতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি উঠেছে।
এই ঘটনা আধুনিক যুদ্ধের একটি মৌলিক সমস্যা সামনে এনেছে: আক্রমণাত্মক অস্ত্র ও প্রতিরক্ষাব্যবস্থার ব্যয়ের মধ্যে ক্রমবর্ধমান অসামঞ্জস্য। ইরানের শাহেদ ড্রোন তুলনামূলক সস্তা, বিপুল পরিমাণে উৎপাদনযোগ্য এবং সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে একযোগে ছোড়া যায়। বিপরীতে, মার্কিন প্যাট্রিয়ট প্রতিরক্ষাব্যবস্থার প্রতিটি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের দাম কয়েক মিলিয়ন ডলার। সস্তা ড্রোনের বিরুদ্ধে ব্যয়বহুল ক্ষেপণাস্ত্র ব্যবহার করলে প্রতিরক্ষার অর্থনৈতিক হিসাব প্রতিকূল হয়ে পড়ে, বিশেষ করে যখন প্রতিপক্ষ বারবার বড় আকারে হামলা চালাতে পারে। প্রচলিত সামরিক শক্তির গুরুত্ব এখনো রয়েছে, কিন্তু স্বল্পমূল্যের ব্যাপক উৎপাদিত অস্ত্রের মোকাবিলায় শুধু তার ওপর নির্ভর করা সম্ভব নয়।
ইউক্রেনের অভিজ্ঞতা এর বিকল্প পথ দেখিয়েছে। রাশিয়ার ধারাবাহিক শাহেদ ড্রোন হামলার মুখে ইউক্রেনীয় প্রকৌশলীরা স্টিংসহ তুলনামূলক কম খরচের ইন্টারসেপ্টর ড্রোন তৈরি করেছেন। এসব ড্রোন শব্দ শনাক্তকারী সেন্সর, রাডার, ইলেকট্রনিক যুদ্ধপ্রযুক্তি এবং ডিজিটাল কমান্ড নেটওয়ার্কের সহায়তায় কাজ করে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) নভেম্বর ২০২৬-এর এক বিশ্লেষণ অনুযায়ী, প্রায় ৮০০ থেকে ৩ হাজার ডলার মূল্যের ইউক্রেনীয় ইন্টারসেপ্টর ড্রোন ২০২৬ সালের ফেব্রুয়ারি নাগাদ কিয়েভ এলাকায় প্রায় ৭০ শতাংশ শাহেদ ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছিল। এর শিক্ষা হলো, প্রচলিত আকাশ প্রতিরক্ষার ক্ষেপণাস্ত্র অপ্রয়োজনীয় হয়ে যায়নি; বরং তার পাশাপাশি সাশ্রয়ী ও বহুস্তরবিশিষ্ট প্রতিরক্ষাব্যবস্থা গড়ে তোলা জরুরি।
ইউক্রেনের সাফল্য শুধু ইন্টারসেপ্টর ড্রোনের ওপর নির্ভরশীল নয়। প্রযুক্তি, গোয়েন্দা তথ্য, যোগাযোগব্যবস্থা এবং প্রশিক্ষিত জনবলকে সমন্বিত করার মধ্যেই তাদের মূল সক্ষমতা। শব্দ শনাক্তকারী সেন্সর, রাডার ও অপটিক্যাল প্রযুক্তি আসন্ন হুমকি শনাক্ত করে; আর কমান্ড ও নিয়ন্ত্রণব্যবস্থা দ্রুত তথ্য সরবরাহ ও প্রতিরোধমূলক পদক্ষেপ সমন্বয় করে। ইউক্রেনের ডেল্টা যুদ্ধক্ষেত্র ব্যবস্থাপনা পথ দেখিয়েছে, কীভাবে ডিজিটাল নেটওয়ার্কের মাধ্যমে বিভিন্ন সামরিক ইউনিটের তথ্য ও গোয়েন্দা সক্ষমতাকে যুক্ত করা যায়। অর্থাৎ, মূল উদ্ভাবন শুধু ড্রোন নয়; বরং প্রযুক্তি, তথ্য ও জনবলকে একটি কার্যকর প্রতিরক্ষাব্যবস্থায় যুক্ত করার সক্ষমতা।
ইরান যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্যে প্রায় ১৩ হাজার ইন্টারসেপ্টর ড্রোন মোতায়েনের মার্কিন প্রচেষ্টায় এই পার্থক্য বিশেষভাবে স্পষ্ট হয়ে ওঠে। দ্য আটলান্টিক-এর প্রতিবেদন অনুযায়ী, জরুরি ভিত্তিতে এসব ড্রোন পাঠানোর পরও বর্ণিত অভিযানে মাত্র একটি ইরানি শাহেদ ড্রোন ধ্বংস করা সম্ভব হয়েছিল। সমস্যাটি যে ইন্টারসেপ্টর প্রযুক্তির মধ্যেই ছিল, তা নয়। প্রয়োজনীয় ড্রোন শনাক্তকরণ নেটওয়ার্ক, কার্যকর সমন্বয়, স্বাগতিক দেশগুলোর প্রস্তুতি এবং প্রশিক্ষিত জনবলের অভাব ছিল। এই ঘটনা দেখায়, অত্যাধুনিক সরঞ্জাম সংগ্রহ করলেই সামরিক সক্ষমতা তৈরি হয় না। কার্যকর প্রতিরক্ষার জন্য প্রয়োজন সুনির্দিষ্ট সামরিক কৌশল ও নীতিমালা, অবকাঠামো, প্রশিক্ষণ, রসদ সরবরাহ, গোয়েন্দা তথ্য বিনিময় এবং বিভিন্ন ব্যবস্থাকে সমন্বিতভাবে পরিচালনার উপযোগী কমান্ড কাঠামো। আধুনিক যুদ্ধে প্রযুক্তির মালিক হওয়া এবং সেটিকে কার্যকর সামরিক সক্ষমতায় রূপান্তর করার মধ্যকার পার্থক্যই অনেক সময় ফলাফল নির্ধারণ করে।
এই বৃহত্তর বাস্তবতা ২০২৫ সালে এস্তোনিয়ায় অনুষ্ঠিত ন্যাটোর সামরিক মহড়াতেও দৃশ্যমান হয়েছিল। সেখানে ইউক্রেনীয় ড্রোন অপারেটররা দেখিয়েছিলেন, কীভাবে তুলনামূলকভাবে সস্তা চালকবিহীন ব্যবস্থা প্রচলিত সামরিক বাহিনীর অবস্থান ও বিন্যাসকে বিপর্যস্ত করতে পারে। এই মহড়া প্রচলিত সামরিক পরিকল্পনার দুর্বলতা উন্মোচন করে, বিশেষত এই ধারণার ক্ষেত্রে যে সাঁজোয়া যান, কমান্ড পোস্ট এবং বিপুলসংখ্যক সেনাসদস্যের অবস্থান অব্যাহত নজরদারি ও ড্রোন হামলার হুমকি ছাড়াই পরিচালিত হতে পারে। ইউক্রেনের অভিজ্ঞতা ইলেকট্রনিক যুদ্ধ, ছদ্মবেশ, সেনা ও সরঞ্জাম ছড়িয়ে রাখা, দ্রুত অবস্থান পরিবর্তন, লক্ষ্যবস্তু শনাক্তকরণ এবং ড্রোন প্রতিরক্ষার গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। একই সঙ্গে এটি দেখিয়েছে, যুদ্ধক্ষেত্রের উদ্ভাবন আর শুধু বড় প্রতিরক্ষা কোম্পানি বা প্রতিষ্ঠিত সামরিক গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নেই। প্রকৌশলী, বাণিজ্যিক প্রযুক্তি প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক এবং সম্মুখসারির সামরিক সদস্যরা ক্রমেই অস্ত্রব্যবস্থার উন্নয়ন ও পরিবর্তনে ভূমিকা রাখছেন। ফলে আক্রমণ ও প্রতিরক্ষা—উভয় প্রযুক্তিই ধারাবাহিকভাবে বিকশিত হচ্ছে।
এখানেই পেন্টাগনের প্রাতিষ্ঠানিক চ্যালেঞ্জ বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। দ্য আটলান্টিক-এর অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে রাজনৈতিক উত্তেজনা দুই দেশের সামরিক সম্পর্ককে প্রভাবিত করেছিল এবং ইউক্রেনের সামরিক অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে কিছু মার্কিন কর্মকর্তাকে নিরুৎসাহিত করেছিল। প্রতিবেদনে ইউক্রেন-সংক্রান্ত নিয়মিত ব্রিফিং বন্ধ হওয়া, ঘনিষ্ঠ সামরিক সহযোগিতার পক্ষে থাকা কর্মকর্তাদের বিদায় নেওয়া বা পদ থেকে সরিয়ে দেওয়া এবং শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের একটি বিশেষায়িত ড্রোন ইউনিট বিলুপ্ত করার কথাও উল্লেখ করা হয়েছে। এসব ঘটনা প্রশ্ন তৈরি করে—রাজনৈতিক বিবেচনা ও আমলাতান্ত্রিক পছন্দ কি সামরিক বাহিনীর যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণের সক্ষমতাকে বাধাগ্রস্ত করেছে? মার্কিন সামরিক প্রস্তুতি সম্পর্কে প্রতিবেদনের মূল্যায়ন পেন্টাগন প্রত্যাখ্যান করেছে। তাই সংশ্লিষ্ট অভিযোগগুলো পেন্টাগনের বক্তব্যসহ বিবেচনা করা জরুরি। তবে বৃহত্তর প্রাতিষ্ঠানিক প্রশ্নটি থেকেই যায়: রাজনৈতিক মতপার্থক্য যখন সামরিক অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের পথকে প্রভাবিত করে, তখন একটি সামরিক বাহিনী তার সহযোগী দেশের কাছ থেকে কতটা কার্যকর ভাবে শিখতে পারে?
এই চ্যালেঞ্জ শুধু মধ্যপ্রাচ্যের মধ্যে সীমাবদ্ধ নয়। সামরিক প্রতিষ্ঠানগুলো সাধারণত দীর্ঘ আমলাতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সামরিক নীতি তৈরি, অস্ত্র সংগ্রহ এবং বাহিনী সংগঠিত করে। কিন্তু ড্রোন যুদ্ধের প্রযুক্তি অনেক দ্রুত পরিবর্তিত হচ্ছে। আজ যে প্রযুক্তি কার্যকর, আগামীকাল তা দ্রুতগতির প্ল্যাটফর্ম, ইলেকট্রনিক প্রতিরোধব্যবস্থা, স্বয়ংক্রিয় নেভিগেশন এবং উন্নত লক্ষ্যবস্তু শনাক্তকরণ প্রযুক্তির কাছে ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। রাশিয়ার ইরানি ড্রোন প্রযুক্তি নিজেদের উপযোগী করে নেওয়ার ঘটনা দেখিয়েছে, যুদ্ধক্ষেত্রের উদ্ভাবন কত দ্রুত এক দেশ থেকে অন্য দেশে ছড়িয়ে পড়তে পারে। ইউক্রেনের অভিজ্ঞতা বলছে, ধারাবাহিক পরীক্ষা, উৎপাদন এবং কৌশলগত পরিবর্তন ছাড়া প্রযুক্তিগত সুবিধা স্থায়ী হয় না। ক্রমেই সামরিক সুবিধা নির্ভর করছে শুধু বেশি ব্যয়ের ওপর নয়, বরং দ্রুত শেখার সক্ষমতার ওপর।
চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের কৌশলগত প্রতিযোগিতায় এর তাৎপর্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ইন্দো-প্যাসিফিক অঞ্চলের পরিস্থিতি পূর্ব ইউরোপ বা মধ্যপ্রাচ্যের মতো নয়, তবে মৌলিক শিক্ষাগুলো সেখানে প্রাসঙ্গিক। তাইওয়ান বা বৃহত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সম্ভাব্য সংঘাত হলে রসদ সরবরাহ, সামুদ্রিক অভিযান, আকাশ প্রতিরক্ষা, যোগাযোগব্যবস্থা এবং সামনের সারির সামরিক ঘাঁটি সুরক্ষায় ব্যাপক চাপ তৈরি হবে। চীন মনুষ্যবিহীন ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র, ইলেকট্রনিক যুদ্ধপ্রযুক্তি এবং সমন্বিত সামরিক নেটওয়ার্কে ব্যাপক বিনিয়োগ করেছে। তাই যুক্তরাষ্ট্র শুধু বিমানবাহী রণতরি, অত্যাধুনিক যুদ্ধবিমান ও নির্ভুল আঘাত হানার ক্ষেপণাস্ত্রের ওপর নির্ভর করতে পারে না। সামরিক স্থাপনা, রসদ ও যোগাযোগ অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক ড্রোন হামলার মোকাবিলার প্রস্তুতিও নিতে হবে।
এর অর্থ প্রচলিত সামরিক সক্ষমতা পরিত্যাগ করা বা ড্রোনই বিমান, জাহাজ, ট্যাংক ও ক্ষেপণাস্ত্রের বিকল্প—এমন ধারণা গ্রহণ করা নয়। বরং যুক্তরাষ্ট্রের প্রয়োজন একটি বহুস্তরবিশিষ্ট সামরিক কাঠামো, যেখানে প্রচলিত অস্ত্রের পাশাপাশি থাকবে স্বল্পমূল্যের মনুষ্যবিহীন ব্যবস্থা, ড্রোন প্রতিরোধী ইন্টারসেপ্টর, ইলেকট্রনিক যুদ্ধপ্রযুক্তি, নির্ভরযোগ্য যোগাযোগব্যবস্থা এবং কৃত্রিম বুদ্ধিমত্তাসহায়ক কমান্ড নেটওয়ার্ক। একই সঙ্গে নমনীয় অস্ত্র সংগ্রহব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে অপ্রয়োজনীয় দীর্ঘসূত্রতা ছাড়াই পরীক্ষিত প্রযুক্তি দ্রুত সামরিক ব্যবহারে আনা যায়। কংগ্রেসনাল রিসার্চ সার্ভিসও মনুষ্যবিহীন হুমকি ও তা মোকাবিলার প্রতিরক্ষাব্যবস্থার ব্যয়ের অসামঞ্জস্যকে প্রতিরক্ষা দপ্তরের বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেছে। এ সমস্যা মোকাবিলায় সাশ্রয়ী শনাক্তকরণ ও প্রতিরোধব্যবস্থা, বাস্তবসম্মত পরীক্ষা এবং যুদ্ধকালীন চাহিদা পূরণের মতো উৎপাদন সক্ষমতায় বিনিয়োগ প্রয়োজন।
এর পাশাপাশি সামরিক অভিজ্ঞতা থেকে প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষা নেওয়াও জরুরি। ইউক্রেন ও ন্যাটো মিত্রদের সঙ্গে সামরিক সহযোগিতা জোরদার করতে হবে এবং যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতাকে সামরিক শিক্ষা, অস্ত্র সংগ্রহ ও সামরিক নীতিতে অন্তর্ভুক্ত করতে হবে। সম্মুখসারির সেনা ও প্রকৌশলীদের সঙ্গে সামরিক পরিকল্পনাকারীদের সরাসরি যোগাযোগের ব্যবস্থা থাকতে হবে। বিশেষায়িত ড্রোন প্রতিরোধী ইউনিট গড়ে তোলা এবং সেগুলোর সক্ষমতা ধরে রাখাও জরুরি। পেন্টাগনকে বাণিজ্যিক প্রযুক্তি ও বিকেন্দ্রীভূত প্রকৌশল উদ্যোগের ক্রমবর্ধমান গুরুত্ব স্বীকার করতে হবে। শুধু ব্যয়বহুল অস্ত্র ও দীর্ঘ সংগ্রহপ্রক্রিয়াভিত্তিক ব্যবস্থা দ্রুত পরিবর্তনশীল হুমকির সঙ্গে তাল মেলাতে পারবে না।
সবশেষে, ইউক্রেনের অভিজ্ঞতা এমন একটি ধারণাকে চ্যালেঞ্জ করেছে যে প্রযুক্তিগত উৎকর্ষ, আর্থিক সম্পদ এবং প্রচলিত সামরিক শ্রেষ্ঠত্ব স্বয়ংক্রিয়ভাবে যুদ্ধক্ষেত্রে সাফল্য নিশ্চিত করে। ইরানি ড্রোন সম্পর্কে সতর্কবার্তায় যথাযথ ব্যবস্থা নিতে কথিত ব্যর্থতা ইঙ্গিত দেয়, পেন্টাগনকে শুধু অস্ত্রভান্ডার নয়, সামরিক জ্ঞান মূল্যায়ন ও গ্রহণের প্রাতিষ্ঠানিক সংস্কৃতিও পর্যালোচনা করতে হবে।
মার্কিন সামরিক শ্রেষ্ঠত্ব এখনো ব্যাপক, তবে তা ধরে রাখতে হলে ধারাবাহিক উদ্ভাবন ও অভিযোজন প্রয়োজন। ইউক্রেন দেখিয়েছে, তুলনামূলক কম সম্পদ নিয়েও একটি দেশ বড় সামরিক শক্তির দুর্বলতা উন্মোচন করতে পারে। ওয়াশিংটনের জন্য শিক্ষা স্পষ্ট: অভিযোজন ছাড়া সামরিক শক্তি ক্রমেই ব্যয়বহুল ও কৌশলগতভাবে ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। ড্রোন যুদ্ধের এই নতুন যুগে সামরিক শক্তির প্রকৃত মাপকাঠি শুধু কার হাতে সবচেয়ে উন্নত অস্ত্র রয়েছে, তা নয়; বরং কে দ্রুত শিখতে, উদ্ভাবন করতে এবং পরবর্তী হুমকি যুদ্ধক্ষেত্রে পৌঁছানোর আগেই কার্যকর ব্যবস্থা নিতে পারে, সেটিই হবে নির্ণায়ক।
