পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩০০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার কমিশন সভা শেষে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি বলেন, ইউপি নির্বাচন পাঁচ ধাপে আয়োজনের পরিকল্পনা করেছে ইসি। প্রথম ধাপে ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়নে নির্বাচন হতে পারে। দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার ১ হাজার ১১৩টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজার ২টি, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলার ৩৫৬টি ইউনিয়নে ভোটগ্রহণের পরিকল্পনা করা হয়েছে। পঞ্চম ধাপে ইচ্ছা করেই ইউনিয়নের সংখ্যা কম রাখা হয়েছে।
প্রথম ধাপের নির্বাচন আয়োজনের সময়সূচি প্রসঙ্গে সানাউল্লাহ বলেন, ‘ধরে নেন যদি প্রথম ধাপের নির্বাচন তো আমরা বলে দিয়েছি, ২১ জানুয়ারি, তার থেকে প্লাস-মাইনাস ৫০ দিন—এটা জেলা নির্বাচন কর্মকর্তারা ঘোষণা করবেন।’
তবে কোন ইউনিয়নে ঠিক কবে ভোট হবে, সে বিষয়ে বিস্তারিত তালিকা আগামী বৃহস্পতিবারের মধ্যে ওয়েবসাইটে প্রকাশ করার কথা জানিয়েছেন তিনি।
