জিয়া হত্যার ৪৫ বছর পর একমাত্র জীবিত আসামি মোজাফফরের সেনা আইনে বিচার শুরু

ফন্ট সাইজ:

সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ৪৫ বছর পর এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনের বিচার শুরু হয়েছে। ৭৭ বছর বয়সী তৎকালীন মেজর মোজাফফর এ হত্যাকাণ্ডের একমাত্র জীবিত আসামি। বিষয়টি মানবজমিনকে নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহা।

তিনি জানান, ১৯৮১ সালের ৩০শে মে চট্টগ্রাম সার্কিট হাউজে প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের প্রায় ৪৫ বছর পর সাবেক মেজর মোজাফফর হোসেনকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করে সামরিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। একইসঙ্গে পৃথক মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর ফলে সামরিক আইন, প্রচলিত ফৌজদারি আইন ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের অধীনে তার বিচারিক এখতিয়ার নিয়ে গুরুত্বপূর্ণ আইনি প্রশ্ন তৈরি হয়েছে।

আইনি ব্যাখ্যায় তানভীর হাসান জোহা বলেন, ১৯৮১ সালে সামরিক বিদ্রোহের অভিযোগে সেনা আইনে একাধিক কর্মকর্তার বিচার হয়েছিল। তবে সামরিক বিদ্রোহ (শৃঙ্খলা ভঙ্গ বা আদেশ অমান্য) এবং প্রেসিডেন্ট হত্যাকাণ্ড (প্রত্যক্ষ অংশগ্রহণ, পরিকল্পনা ও অভিপ্রায়) দু’টি পৃথক অপরাধ। তাই বিদ্রোহের বিচার হয়েছে বলেই হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হয়েছে- এমন সিদ্ধান্ত স্বয়ংক্রিয়ভাবে নেয়া যায় না। তা ছাড়া বাংলাদেশ সেনা আইন-১৯৫২ অনুযায়ী, সামরিক আদালতে বিচারের ক্ষেত্রে তিনি গ্রেপ্তারের সময় সামরিক আইনের আওতাভুক্ত ছিলেন কিনা, পূর্বে বিচার হয়েছে কিনা এবং বর্তমানে কোন অভিযোগে কার্যক্রম চলছে- তা যাচাই করা জরুরি। শুধু সাবেক সেনা কর্মকর্তা হওয়ার কারণে স্বয়ংক্রিয়ভাবে নতুন কোর্ট মার্শাল চালানো আইনগতভাবে যথাযথ নয়। তানভীর জোহা আরও বলেন, ট্রাইব্যুনালে চলা তদন্তটি জিয়া হত্যা মামলা থেকে সম্পূর্ণ স্বতন্ত্র। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন-১৯৭৩ অনুযায়ী, সাবেক বা বর্তমান সামরিক সদস্যরা এই আইনের এখতিয়ার থেকে স্বয়ংক্রিয়ভাবে অব্যাহতি পান না। তবে গ্রেপ্তার দেখানো আর দোষী সাব্যস্ত হওয়া এক বিষয় নয়; যথাযথ বিচারিক প্রক্রিয়ায় অভিযোগ প্রমাণ করতে হবে। একই ব্যক্তির বিরুদ্ধে একাধিক মামলা চলতে পারে, তবে সংবিধানের ৩৫(২) অনুচ্ছেদ অনুযায়ী একই অপরাধে কাউকে একাধিকবার বিচার ও শাস্তির মুখোমুখি করা যাবে না বলে জানান জোহা।

তিনি আরও বলেন, ৪৫ বছর আগের ঘটনার তদন্তে পূর্ববর্তী মামলার নথি, সামরিক আদালতের কার্যবিবরণী, সাক্ষীদের জবানবন্দি এবং অস্ত্র-গোলাবারুদের রেকর্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ছাড়া, নতুন কোনো ডিজিটাল বা ফরেনসিক প্রমাণ পাওয়া গেলে তা স্বাধীন তথ্যের সঙ্গে মিলিয়ে সত্যতা যাচাই করতে হবে। সর্বোপরি তানভীর হাসান জোহা বলেন, মোজাফফর হোসেনের বিরুদ্ধে কোন আদালতে, কী অভিযোগে বিচার চলবে- তা নির্ধারিত হবে সংশ্লিষ্ট আইন, অভিযোগের প্রকৃতি ও আদালতের এখতিয়ারের ভিত্তিতে। অভিযুক্ত ব্যক্তির সাংবিধানিক অধিকার নিশ্চিত করে গ্রহণযোগ্য প্রমাণের মাধ্যমে প্রকৃত সত্য প্রতিষ্ঠা করাই ন্যায়বিচারের মূল উদ্দেশ্য।