রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য নিম্ন আদালতের পাঠানো নথি (ডেথ রেফারেন্স) এবং আপিল শুনানি শুরু হতে পারে আজ। সোমবার হাইকোর্টের বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার বেঞ্চে এ শুনানি হতে পারে। বিষয়টি মানবজমিনকে নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দ ইজাজ কবির। তিনি বলেন, এ মামলায় নিম্ন আদালতের দেয়া সাজা বহাল রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো। এ ব্যাপারে আমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি রয়েছে। সবকিছু ঠিক থাকলে মামলাটির আপিল শুনানি আজ শুরু করার পরিকল্পনা রয়েছে।
এদিকে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান সিদ্দিক মানবজমিনকে বলেন, আমার আসামি আপিলের গ্রাউন্ড হিসেবে বলেছে- সে আর্থিকভাবে অসচ্ছল ও নিয়মিত ইয়াবা বা মাদকাসক্ত ছিল। এই মামলার ভিকটিমের সঙ্গে যে ঘটনা ঘটেছে, তা মাদকাসক্ত ও নেশাগ্রস্ত অবস্থায় হয়েছে। এ কারণে ঘটনাটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও অবচেতনভাবে হয়েছে। তাদের একটি মাত্র ছেলের পড়াশোনা খরচ ও পরিবারের ভরণ-পোষণ করার মতো কেউ নেই। আসামি সোহেল ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছে। আমরা আপিল শুনানিতে ন্যায়বিচার পাবো বলে প্রত্যাশা করি।
উল্লেখ্য, নারী ও শিশুদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের মামলায় ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি এবং নিষ্পত্তির জন্য গত ১০ই জুন বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজাকে নিয়ে হাইকোর্টের একটি বিশেষ বেঞ্চ গঠন করেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। এই বেঞ্চে রামিসা ধর্ষণ ও হত্যা মামলাও রয়েছে। চলতি বছরের ১৯শে মে সকালে পল্লবীর একটি ফ্ল্যাট থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। হত্যাকাণ্ডের একদিন পর নিহতের বাবা আব্দুল হান্নান পল্লবী থানায় মামলা করেন। এতে প্রতিবেশী সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার এবং অজ্ঞাতপরিচয় একজনকে আসামি করা হয়। মামলার তদন্ত কর্মকর্তারা জানান, ৮ বছর বয়সী রামিসাকে কৌশলে নিজের ঘরে নিয়ে ধর্ষণ করে সোহেল রানা।
পরে অপরাধ ঢাকতে সোহেল শিশুটির গলা কেটে হত্যা ও মরদেহ টুকরো করার চেষ্টা করে। পরে গত ৭ই জুন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল রামিসাকে ধর্ষণ ও হত্যার দায়ে প্রধান আসামি সোহেলকে মৃত্যুদণ্ড দেন। একই অপরাধে সহায়তা করার দায়ে তার স্ত্রী স্বপ্নাকেও মৃত্যুদণ্ড দেয়া হয়। এই হত্যাকাণ্ডের ১৯ দিন পর রায় দেয়া হয়। পরে সোহেল ও স্বপ্না কারা কর্তৃপক্ষের মাধ্যমে পৃথক আপিল করেন। এতে তারা নিম্ন আদালতের রায় চ্যালেঞ্জ করে অভিযোগ থেকে খালাস চান।
