দৌলতপুরে এমপি নুসরাতের বাড়িতে আগুন

তদন্ত প্রতিবেদন দিতে আরও ৭ কার্যদিবস সময় চাইলো কমিটি

ফন্ট সাইজ:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিতে আরও ৭ কার্যদিবস সময় চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত ৪ সদস্যের তদন্ত কমিটি। ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামতের ফরেনসিক প্রতিবেদন না পাওয়ায় তদন্তের স্বার্থে এ সময় চাওয়া হয়েছে। রোববার প্রতিবেদন জমা দেয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে তা জমা দিতে পারেনি কমিটি।

রোববার দুপুরে কুষ্টিয়া সার্কিট হাউজে তদন্ত কমিটির সদস্যদের বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেয়া হয়। বিকালে বিষয়টি নিশ্চিত করেন কমিটির প্রধান কুষ্টিয়া জেলা স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপসচিব) আহমেদ মাহবুব-উল-ইসলাম। তিনি জানান, বেলা ১২টার দিকে তদন্ত কমিটির সব সদস্য বৈঠকে বসেন। সেখানে সবার সর্বসম্মতিক্রমে তদন্তের স্বার্থে আরও ৭ কার্যদিবস সময় চাওয়ার সিদ্ধান্ত হয়। সময় বাড়ানোর কারণ ব্যাখ্যা করে আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করা হয়েছে। সেগুলোর ফরেনসিক প্রতিবেদন পেতে সময় লাগছে। ফরেনসিক প্রতিবেদন হাতে পাওয়ার পর অন্যান্য তথ্য-উপাত্তের সঙ্গে সেগুলো সমন্বয় করে চূড়ান্ত প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় এখন পর্যন্ত কাউকে আইনের আওতায় আনা সম্ভব হয়নি। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।