সিলেট উপশহরে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন

ফন্ট সাইজ:

সিলেটের উপশহরে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ের আগুন দিয়েছে দূর্বৃত্তরা। গতকাল ভোর রাতে এ ঘটনা ঘটে। অজ্ঞাত ব্যক্তিরা কার্যালয়ের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে বিভিন্ন স্থানে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। এতে জোনাল অফিসারের গাড়ি ও কার্যালয়ের কয়েকটি স্থানে আগুন লাগে। এতে গাড়িটি আংশিক ক্ষতিগ্রস্ত এবং বেশকিছু জরুরি কাগজপত্র পুড়ে যায়। জোনাল অফিসার আবুল হোসেন সাংবাদিকদের জানিয়েছেন- পাহারাদার ফোন করে কার্যালয়ে আগুন লাগার খবর দেন। পরে তিনি কয়েকজন কর্মচারীকে নিয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পানি দিয়ে আগুন নেভান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছান। তিনি জানান, আশপাশের কয়েকটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। এদিকে- শাহপরাণ থানার ওসি তদন্ত মো. মুজিবুর রহমান জানিয়েছেন- পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশপাশের কয়েকটি সিসিটিভি ক্যামেরার ফুটেজও সংগ্রহ করা হয়েছে। তবে ফুটেজে ঘটনার আগে কাউকে দেখা যায়নি।