শিক্ষকের আপত্তিকর ছবি ফেসবুকে পদত্যাগ দাবিতে স্কুল শাটডাউন

ফন্ট সাইজ:

ময়মনসিংহের ফুলপুরে আব্দুল লতিফ নামে এক সহকারী শিক্ষকের আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ঘটনার পর অভিযুক্ত শিক্ষকের পদত্যাগ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্কুল শাটডাউন ঘোষণা করে স্কুলের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। গতকাল সকালে ফুলপুর উপজেলার সদর ইউনিয়নের ঠাকুর বাখাই ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আব্দুল লতিফ সংশ্লিষ্ট বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

সূত্র জানায়, শিক্ষক আব্দুল লতিফের আপত্তিকর ছবি শনিবার রাতে তার ফেসবুক আইডি থেকে ছড়িয়ে পড়ে। বিষয়টি শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর নজরে আসে। পরে রোববার সকালে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী বিদ্যালয় প্রাঙ্গণে এসে শিক্ষকের পদত্যাগের দাবিসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিদ্যালয় শাটডাউন ঘোষণা করে।
এমতাবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার পরিতোষ সূত্রধর, শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ সময় শিক্ষার্থী ও অভিভাবকদের ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের আশ্বাস দেন। শিক্ষার্থীদের অভিযোগ, এর আগেও ওই শিক্ষকের বিরুদ্ধে নানা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছিল। তবে কর্মকর্তারা কোনো ব্যবস্থা নেয়নি। এবারো ওই শিক্ষক একই ঘটনা ঘটিয়েছে। আমরা তার পদত্যাগের দাবি জানাই। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেয়া হবে। অভিভাবক ও এলাকাবাসীর দাবি, একজন শিক্ষকের চরিত্রের এই অবস্থা হলে- আমাদের বাচ্চারা তাদের কাছে কী শিখবে। ওই শিক্ষকের পদত্যাগসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

এ বিষয়ে ফুলপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে। ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন বলেন, পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী বিক্ষোভ থেকে সরে আসেন। ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধনা ত্রিপুরা বলেন, সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করার প্রক্রিয়া চলছে।