ডোমারে ভ্রাম্যমাণ আদালতের বিরুদ্ধে মব সৃষ্টির চেষ্টার অভিযোগ

ফন্ট সাইজ:

ডোমারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বালু উত্তোলন ও মাংসের দোকানে মূল্যতালিকা না থাকায় ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় সরকারি কাজে সহযোগিতা না করে মব (উচ্ছৃঙ্খল জনতা) সৃষ্টির চেষ্টা করেন পাঙ্গা মটুকপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শাহজালাল। এ ছাড়াও ওই ইউপি সদস্য অনুমতি না দিয়ে গোপনে ভিডিও করেন। রোববার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুন্না রানী চন্দ।
স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পাঙ্গা মটুকপুর ইউনিয়নের নদীয়াপাড়া এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। সেখানে দীর্ঘদিন ধরে বালু উত্তোলনের অভিযোগে মৃত মমিন উদ্দিনের ছেলে মো. মজিরুল ইসলামকে সতর্কতামূলকভাবে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই ঘটনায় ট্রাক্টরচালক ফজলু ইসলামের ছেলে মো. আবু সাঈদ হোসেনকে (২২) আরও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে পাঙ্গা মটুকপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শাহজালাল মব সৃষ্টির চেষ্টা করেন। ওই ইউপি সদস্যের বাবা মো. মজিরুল ইসলামকেই বালু উত্তোলনের অভিযোগে জরিমানা করা হয়। এরপর বোড়াগাড়ী ব্রিজ সংলগ্ন এলাকায় দু’টি মাংসের দোকানে অভিযান চালানো হয়। জরিমানাকৃতরা হলেনÑমটুকপুর এলাকার বাবুল হোসেনের ছেলে মিলন ইসলাম (৪০) এবং দক্ষিণ মটুকপুর এলাকার মৃত ইউনুস আলীর ছেলে হুমায়ুন কবির (৪৮)। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুন্না রানী চন্দ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে বালু উত্তোলনের তথ্য পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে সংশ্লিষ্টদের সতর্কতামূলকভাবে জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, মাংসের দোকানগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতার ঘাটতি ও মূল্যতালিকা না থাকায় তাদেরও সতর্কতামূলক জরিমানা করা হয়েছে।