পৈতৃক সম্পত্তির বাটোয়ারা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের বিরুদ্ধে অপহরণ, নির্যাতন, প্রাণনাশের হুমকি ও হয়রানির অভিযোগ তুলেছেন যুক্তরাজ্যপ্রবাসী মো. মফজ্জুল আলী। নিজের ও প রিবারের নিরাপত্তা এবং সম্পত্তির সুষ্ঠু বাটোয়ারা নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন তিনি। রোববার দুপুরে সিলেট প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে মফজ্জুল আলীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন- তার খালাতো ছোট বোন নগরীর ভার্থখলা এলাকার লিটন মিয়ার কন্যা দীপা আক্তার। বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করায় সংবাদ সম্মেলনে উপস্থিত হতে পারেননি মফজ্জুল আলী। লিখিত বক্তব্যে দীপা আক্তার বলেন, মফজ্জুল আলী সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের চন্ডিতিয়র গ্রামের বাসিন্দা। প্রায় ৪০ বছর ধরে তিনি যুক্তরাজ্যে বসবাস করছেন। তার অভিযোগ, বড় ভাই মকবুল আলী দীর্ঘ ৩৩ বছর তার মালিকানাধীন লন্ডনের বাসাবাড়িতে বিনা ভাড়ায় সপরিবারে বসবাস করেন। ২০২৫ সালের শেষদিকে ওই বাড়ি ছেড়ে যাওয়ার পর দুই ভাইয়ের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। দীপা আক্তার বলেন, গত ২১শে ফেব্রুয়ারি রাতে গ্রামের মসজিদ থেকে বাড়ি ফেরার পথে ৬-৭জনের একটি দল ডিবি পুলিশ পরিচয়ে মফজ্জুল আলীকে একটি এম্বুলেন্সে তুলে নিয়ে যায়। এ সময় তাঁর চোখ বেঁধে মারধর করে ৫৮ হাজার ৮০০ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়া হয়। পরে তাকে সিলেট নগরীর আম্বরখানায় প্রত্যাশা মাদকাসক্তি ও সমন্বিত পুনর্বাসন প্রক্রিয়া কেন্দ্রে আটকে রেখে নির্যাতন ও মাদকজাতীয় ইনজেকশন পুশ করা হয় বলে অভিযোগ করেন তিনি। লিখিত বক্তব্যে জানানো হয়, স্বজনদের প্রচেষ্টায় ২২ ফেব্রুয়ারি রাত সাড়ে ১২টার দিকে ওসমানীনগর থানা-পুলিশ তাকে ওই কেন্দ্র থেকে উদ্ধার করে। এ সময় ছিনিয়ে নেয়া টাকার মধ্যে ৮ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়। আহত অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মকবুল আলী, কেন্দ্রের মালিক বাবুল আহমদসহ ছয়জনকে আসামি করে ২৪ ফেব্রুয়ারি ওসমানীনগর থানায় মামলা করেন মফজ্জুল আলী। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন। আসামিরা জামিনে মুক্ত হওয়ার পর প্রাণনাশের আশঙ্কায় ১লা মার্চ তিনি লন্ডনে ফিরে যান বলেও বক্তব্যে উল্লেখ করা হয়। সংবাদ সম্মেলনে দীপা আক্তার জানান, পৈতৃক সম্পত্তির পূর্ণাঙ্গ বাটোয়ারার জন্য নতুন করে আদালতে মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন মফজ্জুল আলী। একই সঙ্গে বৃদ্ধা মা, পরিবারের সদস্য ও বসতবাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
সিলেটেসংবাদ সম্মেলন
বড় ভাইয়ের বিরুদ্ধে অপহরণ ও হয়রানির অভিযোগ প্রবাসীর
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
১৬ নভেম্বর (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
