জমি বিক্রি করতে চাওয়ায় ছোট ভাইকে শিকলবন্দি, আটক ২ ভাই

ফন্ট সাইজ:

জমি বিক্রি করতে চাওয়ায় আপন ছোট ভাইয়ের পায়ে লোহার শিকল-বালা পরিয়ে ঘরের ভেতর আটকে রাখার অভিযোগ উঠেছে দুই বড় ভাইয়ের বিরুদ্ধে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিকল পরা অবস্থায় খোরশেদ আলম (৩১) নামের ওই যুবককে উদ্ধার করেছে। এ ঘটনায় অভিযুক্ত দুই বড় ভাই আব্দুল মুমিন ও মাহফুজ আলমকে আটক করেছে পুলিশ।

রোববার দুপুরে জয়পুরহাটের কালাই উপজেলার পুনট উচ্চ বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ও অভিযুক্তদের পিতা আব্দুল গনি। তাদের বাড়ি উপজেলার পুনট পূর্বপাড়া এলাকায়। পুলিশ, ভুক্তভোগী, অভিযুক্ত ও স্থানীয় সূত্রে জানা যায়, বাবার কাছ থেকে প্রাপ্য জমির ভাগ-বাটোয়ারা নিয়ে বেশ কিছুদিন ধরে তিন ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। ছোট ভাই খোরশেদ আলম হেজবুত তওহীদ নামে একটি অরাজনৈতিক সংগঠনের সদস্য হিসেবে এলাকায় পরিচিত। তিনি মাঝে মধ্যে নিজের ভাগের জমি বিক্রি করতে চাইতেন। এতে বড় দুই ভাই আপত্তি জানাতেন। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। প্রতিবেশীদের নিয়ে কয়েকবার সালিশ হলেও বিরোধের মীমাংসা হয়নি।

গত শনিবার সকালে জমি বিক্রি করতে না পেরে খোরশেদ বাড়ির একটি ঘরের টিন খুলে বিক্রির চেষ্টা করেন। এ সময় বড় দুই ভাই আব্দুল মুমিন ও মাহফুজ আলম বাধা দিলে তাদের মধ্যে বাকবিতণ্ডা ও ঝগড়া হয়। একপর্যায়ে দুই ভাই মিলে খোরশেদের পায়ে লোহার শিকল-বালা পরিয়ে ঘরের ভেতর আটকে রাখেন। খবর পেয়ে রোববার দুপুরে পুলিশ তাকে উদ্ধার করে এবং অভিযুক্ত দুই ভাইকে আটক করে থানায় নিয়ে যায়। থানা চত্বরে খোরশেদ আলম বলেন, আমি হেজবুত তওহীদ নামে একটি অরাজনৈতিক সংগঠন করি। এ কারণে বড় ভাইয়েরা আমাকে জমি বিক্রি করতে দেয় না। এমনকি বাড়িতেও ঢুকতে দেয় না। তারা আমার ওপর অনেক অত্যাচার করে। কিছু বললেই মারধর করে। গতকাল থেকে জোর করে পায়ে শিকল-বালা পরিয়ে আটকে রেখেছে। তখন থেকে না খেয়ে আছি। আমি এর বিচার চাই।

অভিযুক্ত আব্দুল মুমিন বলেন, ‘আসলে আমরা ওর ভালো চেয়েছি। এখন দেখছি অপরাধী হয়ে গেছি। পুলিশ আমাদের ধরে এনেছে। কারও ভালো করতে গিয়ে যদি অপরাধ হয়ে থাকে, তাহলে মেনে নেয়া ছাড়া আর কোনো উপায় নেই। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ শিকল-বালা পরা অবস্থায় খোরশেদকে উদ্ধার করেছে এবং অভিযুক্ত দুই ভাইকে থানায় নিয়ে এসেছে। কাউকে বেআইনিভাবে আটকে রাখা বা শিকল দিয়ে বেঁধে রাখা অবশ্যই অপরাধ। ভুক্তভোগী চাইলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।